জগতের সকল প্রাণী সুখী হোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

এখানে আকাশটা একেবারে খোলা। অদূরে মুরুগান মন্দিরের চূড়া। দূর থেকে কয়েকটা বানর দেখা যায়—বড় বড় টমেটো খাচ্ছিল। চর্যাপদ মনে পড়ে। সেখানে এক চর্যায় বলা হয়েছে, ‘মোরাঙ্গ পিচ্ছ পরিহাণ শবরি’। ‘মোরাঙ্গ’ মানে ‘মুরুগান’-ময়ূর। তাহলে শব্দটা এসেছে তামিলনাড়ু থেকে। মুরুগান-বানরদের স্বাস্থ্য দেখে সহজেই অনুমান করা যায়, পূজার্থীদের নৈবেদ্য বেশ ভালোভাবেই তারা আত্মস্থ করতে পারছে। আমার নাকে তখনো রাতের সেই ঘ্রাণ। আলো-অন্ধকারে মেশানো সারা পথে রহস্যের মতো ঢুকে পড়ছিল নাসারন্ধ্রে। টোলের টাকা নাকি সময় বোঝা মুশকিল, কোনটার সাশ্রয়ে ড্রাইভার আমাকে সদর রাস্তা ছেড়ে লোকেদের ঘরবাড়ি-আঙিনার মধ্য দিয়ে আঁকাবাঁকা পথ বেয়ে টেনে নিয়ে যেতে থাকে। তাতে এই লাভ হয়, কাঞ্চিপুরম্ আমার অভিজ্ঞতার অংশ হয়ে যায়। কোথাও দিনভর পাত্রে রেশম পোকা সেদ্ধ হয়েছে—তারই অবশেষ পুঞ্জীভূত মৃত প্রাণের স্মৃতি হয়ে জেগে থাকে। কোথাও পাত্রে বর্ণিল রং অন্ধকারেও চকচক করে। কেউবা সুতো গুটিয়ে রেখে গেছে পরের দিনের সূচক হিসেবে। তাদের গোটানো সুতো অলস ঢংয়ে অনির্দেশ্য ধারাবিবরণী হয়ে বিশাল আকাশের নিচে কোনো গন্তব্যে না-পৌঁছানোর অসমাপ্ত কাহিনির মতো বিরাজ করে। এই কাঞ্চিপুরম্—নিশ্চিতভাবে বলা যায় আরও মৃত ও সুদূর হতে হতে উজ্জ্বল হয়ে ফুটে উঠবে নারী কিংবা পুরুষের সান্নিধ্যে। নারী এবং পুরুষ সবাই সিল্ক ভালোবাসে—সবাই রেশম পোকা পছন্দ করে কি না, সে কথা আলাদা।
এক দিনেই আমার ঘ্রাণের সাম্রাজ্যে ঘটে গেছে বৈপ্লবিক পরিবর্তন। সারাটা দিন যেন ওষুধের দুনিয়া আমি পর্যটন করেছি। মন্দিরের সিঁড়ি বেয়ে একটা লোক নেমে আসছিল। যে ওষুধ রোগীকে খাওয়াবে, সেটা মন্ত্রপূত করে ফিরছিল। শুনেছি অনেকেই এমন করে। ওষুধ না মন্ত্র—কোনটাতে অধিক আস্থা, সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়; কিন্তু আমি ভাবি ওষুধ সম্পর্কে ধর্মগ্রন্থে কোন বাণী আছে, যা এই মুরুগান-মন্দিরের পুরোহিতেরা আওড়াতে পারেন। অবারিত আকাশের নিচে বসে থাকতে থাকতে আমার ভ্রমণ-ধকল প্রায় বিলীয়মান। জায়গাটা স্যানাটরিয়ম। বিশেষ করে ট্রান্সপ্লান্ট রোগীদের জন্য। একটু আগে যে যুবকটিকে দেখলাম শরীরের ওপর ঝড় বয়ে যাওয়া উপপল্লবের পরেও স্মিত হেসে কারও সঙ্গে মোবাইলে কথা বলে। তাকে দেখে বুঝতে পারা যায়, মানুষ ‘ভালো আছি’ কথাটাই বলতে এবং শুনতে ভালোবাসে। হয়তো এই যুবকটাই তার স্বকীয় কিডনি ভাগ্যের ফেরে সম্পূর্ণরূপে হারিয়ে ভাই বা বোন বা মা বা পুরোপুরি অপরিচিত কারও কিডনির আশ্রয়ে তার জীবনের সীমানাকে খানিকটা পরিসর করে নিতে পেরেছে। পার্ক নয় কিন্তু পার্কের মতো বেঞ্চ বা আসন বসানো রয়েছে কিছু দূর পরপর। কোনোটাতে লেখা আছে, ‘এই আসনটি শ্রী সি এস চন্দ্রশেখর-প্রদত্ত’। বসা, বসে পড়া, বসতে পারা যে কী আরামের, সেটা বোঝা গেল লাঠিভর করে হাঁটতে হাঁটতে আসা এক বয়োবৃদ্ধার উপবেশনকালীন মুখাবয়ব দেখে। এতক্ষণ যেন নিজের ভারে নিজেই কাবু হয়ে পড়ছিলেন তিনি। তবু তাঁর চেহারায় জীবনের ইশারা দেখে ভালো লাগে। তিনি যদি আগামীকালই মরে যান, তাও তাঁর এই স্যানাটরিয়মে আজকের দিনটি প্রাণময়তার সাক্ষ্য বহন করবে। তাঁর হয়তো জটিল কোনো অপারেশনই হয়েছে। অথচ তিনি যখন তাঁর সঙ্গে থাকা নাতিটির সঙ্গে কথা বলেন, তাতে মৃত্যুঘেঁষা একটি কথাও থাকে না। কোনো এক বিদ্যুৎ নষ্করের কথা তিনি বলেন। বিদ্যুৎ তাঁকে আশ্বিন পেরোলেই তিরুপতি নিয়ে যাবেন। সেই তিরুপতি, যেখানে অভিষেক আর ঐশ্বরিয়াকে নিয়ে গিয়েছিলেন অমিতাভ আর জয়া। আবার এটাও ধাঁ করে আসে—মৃত্যুর হিম অনুভূতির গহ্বর থেকেই কি তাঁর এই তিরুপতি-ভাবনার উদয়! কেবল নাতিকে আশ্বাসে রাখার জন্যই কি তিনি মুখে একটু-একটু হাসির আশ্রয় নিলেন!
স্যানাটরিয়মে বসে বসে ভাবি, মানুষেরা মরে যায়, মানুষেরা বাঁচে, বেঁচে থেকে মৃত্যুকে ভাবে আবার মরতে মরতে জীবনের কথা ভাবে। যাকেই দেখি মনে হয়, মৃত্যুর কিনার দিয়ে হাঁটতে হাঁটতে জীবনের রাস্তায় এসে পড়েছে। গোটা স্যানাটরিয়মে ভেসে আসে ওষুধের ঘ্রাণ। বৃক্ষছায়া সত্ত্বেও এপ্রিলের রোদ সমস্ত ব্যূহ ডিঙিয়ে দগ্ধ করে দেয়। দরদর করে ঘামি। ঘাম নয় বুঝি শরীর নিংড়ে সেবনকৃত সব ওষুধের নির্যাস বেরিয়ে পড়ছে ইতিবাচক অবকাশ পেয়ে। কোথাও যকৃতের, কোথাও অগ্ন্যাশয়ের, কোথাও অন্ত্রের, কোথাও পাকস্থলীর স্মৃতি জেগে ওঠে। সব মিলিয়ে বিকেলটা একদম শারীরিক হয়ে যায়। টিকে থাকার, উঠে দাঁড়ানোর, অবস্থান করার এই যে ব্যাকরণ—সব শেষ পর্যন্ত অস্তিত্ববাদের অভিমুখিনতা। মানুষ মাত্রই অস্তিত্ববাদী। এসব ভাবতে ভাবতে দম নিই। কাল আমার অপারেশন। অপারেশন সফল হলে আমাকেও আসতে হবে এই স্যানাটরিয়মে। একটা ঘর ভাড়া করেছি। জানালা দিয়ে চোখে পড়ে টিপু সুলতানের পারিবারিক সমাধি। আর একটা চওড়া গেট—তিরুভাল্লুবার ইউনিভার্সিটি। মানুষকে দেখে, মানুষের অবস্থা পর্যবেক্ষণ করে আমি হয়তো আমার অসুস্থতাকে ভুলতে চাই। অথবা রোগশোক সত্ত্বেও যে মানুষ বাঁচে, বেঁচে যায় (মরেও যেতে পারে) সেই বোধে আস্থাবান হতে চাই। তাই যে বৃদ্ধার সারা মুখে বয়স দুর্দম হয়ে রয়েছে, মনে হয় যে জীবন নয় মৃত্যুর আগে মৃত্যুরই মুখোশ পরে আছে, তার চেহারাতেও আমি জীবনের অবস্থিতি খুঁজে পাই। আমি প্রাপ্ত তথ্যের স্থিতি নিয়ে মাথা ঘামাই না। ঘামালে হয়তো দেখতাম, যে মায়ের বয়স ষাট পেরিয়েছে, ‘রিজেকশন সিনড্রোমের’ কারণে তার কিডনিটাকেই নিতে হচ্ছে তারই বাইশ বছরের সম্ভাবনাময় যুবকটিকে। কিন্তু বাইশ বছরের যুবক ষাট বছরের কিডনি নিয়ে আসলেই আর কটা দিন বাঁচবে। যে কিডনি দিয়েছে এবং যে কিডনি নিয়েছে তারা বা তাদের কেউ কি এ কথা ভেবেছিল কিংবা এখনো ভাবে। হতে পারে এই যুবকটাই দুম করে মরে যাবে কাল সকালে। হতে পারে এই মা-টা বাকি একটা কিডনি নিয়েও হয়ে যাবে শতায়ু। জীবন এক আশ্চর্য শরীরের নাম!

>ক্যানসারের রোগী ছেলেটা কিডনির রোগী মেয়েটাকে চুম্বন এঁকে দিচ্ছে। থাক না রোগ, থাক না ওষুধ, মনে হয় এই তো জীবনের আসল রূপ। কাল যদি তারা দুজনে পৃথিবী থেকে হারিয়েও যায় অন্তত এই একটি মুহূর্ত জীবনের সেরা চিত্র হয়ে জেগে থাকবে। চুম্বন যে এত ভালো, এত পবিত্র হতে পারে, সত্যি আমার ধারণা ছিল না

জীবনের কথা ভাবতে ভাবতে আমি আসলে মৃত্যুর দিকেই ধাবিত হয়ে পড়ছিলাম। তখন একটা যুবক আর একটা যুবতী আমার থেকে স্বল্প দূরত্বের একটা বেঞ্চিতে এসে বসে পড়ে। দ্যুতিময় হয়ে উঠল বিকেলবেলা। মেয়েটির বয়স ধরা যাক কুড়ি, ছেলেটিরও তাই। দারুণ মানিয়েছে দুজনকে। তাদের পারস্পরিক সম্পর্ক অনুমান করা মুশকিল। মেয়েটিকে ঠিক প্রিয়াঙ্কা চোপড়ার মতো দেখায়, বিশেষ করে তার হাস্যভঙ্গিটি। ছেলেটির সঙ্গে অজয় দেবগনের কিছু মিল লক্ষ করা যাবে। অনেকটা সময় পরে আমি এবারে খানিকটা জীবনবাদী হওয়ার সুযোগ পেলাম ভেবে তাদের আড়চোখে অবলোকন না করলেও দূরত্বের কারণেই তারা আমার শ্রুতির সীমানায় থাকে। মেয়েটির দেহের গড়ন আকর্ষণীয়। মটকার একটা পরিধেয় গায়ে। ছেলেটা পরেছে কটনের হাফশার্ট। না চাইলেও তাদের সংলাপ আমার সীমানায় ঢুকে পড়ে। ছেলেটা ধীরে ধীরে দম নিয়ে বলে, ক্যানসার হয়েছিল প্যানক্রিয়াসে, একটুখানি কেটে বাদ দিয়েছে। বলেছে, ক্যানসারাস সেল আর নেই। তবুও টেস্ট করাতে হবে কদিন পর। মেয়েটা শোনে এবং মন্তব্য করে, হুম, দাদার কিডনিটা আমাকে ম্যাচ করেছে। তবু ওদের ভয় ছিল, যদি বডি রিজেক্ট করে তাহলে দাদাও শেষ, আমিও শেষ! জানো, দাদার বিয়ে আর দুই মাস পর। অথচ আমাকে একটা কিডনি দিয়ে দিল! মেয়েটার চোখ বেয়ে জল গড়ায়। ছেলেটা সেদিকে না তাকিয়ে দূরের তিরুভাল্লুভার কি মুরুগান মন্দিরের চূড়ার দিকে দৃষ্টি নিবদ্ধ করে।
উঠে পড়ি। আর ভালো লাগে না। আরোগ্য লাভে আসা আমার সত্তার সমস্ত অন্দরমহলে কেমন ছোটাছুটি অনুভব করি। কোথায় যাওয়া যায়! রোগশোক-অসুস্থতা-ওষুধ—এসবই যেন এখানকার ভাষারীতি। মুরুগানের পাশে পাহাড়ের ঢাল বেয়ে একটা বানর নেমে আসছিল একটা সাগরকলা নিয়ে। আমি শেষবার দৃষ্টি দিই। মনের মধ্যে জমে থাকা মেঘ মুহূর্তেই কেটে যায় উদ্ভাসনের আনন্দে। ক্যানসারের রোগী ছেলেটা কিডনির রোগী মেয়েটাকে চুম্বন এঁকে দিচ্ছে। থাক না রোগ, থাক না ওষুধ, মনে হয় এই তো জীবনের আসল রূপ। কাল যদি তারা দুজনে পৃথিবী থেকে হারিয়েও যায় অন্তত এই একটি মুহূর্ত জীবনের সেরা চিত্র হয়ে জেগে থাকবে। চুম্বন যে এত ভালো, এত পবিত্র হতে পারে, সত্যি আমার ধারণা ছিল না। দূরের আকাশের ছায়া পাহাড় আর মন্দির ছুঁয়ে এদিকটাতে যেটুকু বিস্তার ঘটায় তাতে স্যানাটরিয়মের ছেলে ও মেয়েটিকে সত্যিকারের জীবনানন্দের মতো দেখায়, এই মৃত্যুস্পৃষ্ট এলাকাতেও। দেখি, ছেলেটির দিকে মেয়েটির অগ্রসরণ। আবারও তারা চুম্বনকেই বেছে নেয় তাদের ভাষা বা প্রকাশের আঙ্গিক হিসেবে। মেয়েটিকেই অধিক সপ্রতিভ মনে হয়। যদিও একজনের ক্যানসার এবং অপরের কিডনি তাদের দুজনের কাছ থেকেই ছিনিয়ে নিয়ে গেছে জীবনের অনেক শক্তি, তবু তারা পরস্পরের সন্নিকটে পৌঁছাতে চায়। আমার ইচ্ছে হয়, চিৎকার করে ছেলেটিকে বলি, ও তো একেবারে ঠিক অবস্থানেই রয়েছে। তুমি বাপু তোমার ঠোঁট দুটি দিয়ে ওর নরম-কোমল-পেলব ঠোঁটে তোমার আবেগের সব সঞ্চয় সমর্পিত করে দাও। ক্যানসার-কিডনি সব ভুলে যাও—কেবল জেগে থাকো। ছেলেটি কি শুনতে পায় আমাকে—হ্যাঁ, হ্যাঁ, এই তো, যুবক, এবারে তুমি জীবনের মাঝ রাস্তায় আসার চেষ্টা করছ। ক্যানসার-ছেলেটা তখন কিডনি-মেয়েটার কাঁচা হলদে রঙের গালে প্রকৃত চুম্বন এঁকে দেয়। কাল বা পরশু আমার অপারেশন হবে। এসব রোগশোক ওষুধ-ট্রান্সপ্লান্ট সব ছাপিয়ে নাম না-জানা ছেলেটা আর মেয়েটার গোধূলিক্ষণের বর্তমানতায় তখন এঁটে বসেছে কবেকার সেই স্মৃতি—কাসাব্লাঙ্কা থেকে উঠে আসে হামফ্রে বোগার্ট আর ইনগ্রিড বার্গম্যান।
সাধারণ মানুষও কেমন অসাধারণ হয়ে উঠতে পারে। কবেকার কোন সুদূরের কাসাব্লাঙ্কা আমি ভুলেই গিয়েছিলাম। এমনকি জোর করেও আমি তাদের নাম হয়তো স্মরণ করতে পারতাম না। অথচ কোথাকার এই দুই মানব-মানবী (হয়তো তারা বেহালা-বিরাটির, হয়তো গরিয়া-নৈহাটির) আজ পৃথিবীবিখ্যাত হামফ্রে আর ইনগ্রিডের জায়গা দখল করে নিল! আরও আশ্চর্য, তখন সন্ধ্যা হয় হয়, আর আমার করোটির ভেতরে, টের পাই ধ্বনির সংক্রমণ-সম্প্রসারণ—এখনই অন্ধ, বন্ধ কোরো না পাখা!