জন লেননের গিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গিটারটি ১৯৬৬ সালে তৈরি, ভেতরে অর্ধেক ফাঁপা, জন লেননের চাহিদার সঙ্গে সংগতি রেখে ভক্স কোম্পানির তৈরি করা। ষাটের সাড়া জাগানো বিটলসের ১৯৬৭-এর ম্যাজিক্যাল মিস্ট্রি ট্যুর অ্যালবামে গানের সংগীত করেছে এই গিটার। কখনো বাজিয়েছেন জন লেনন, কখনো জর্জ হ্যারিসন। এই গিটার বাজিয়ে জন লেনন গেয়েছেন ‘আই অ্যাম দ্য ওয়ালরাস’ এবং ‘হ্যালো গুডবাই’। ১৯৬৭ সালে লেনন তাঁর ব্যান্ডের ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার ইয়ানি মার্ডাসকে (ম্যাজিক অ্যালেক্স নামে খ্যাত) জন্মদিনের উপহার হিসেবে গিটারটি দেন। মার্ডাস ২০০৪ সালে গিটারটি একবার নিলামে বিক্রি করে দিলেও আবার এটি নিলামে ওঠে ১৯ মে ২০১৩। অজ্ঞাতনামা একজন ক্রেতা চার লাখ আট হাজার ডলারে কিনে নেয় গিটারটি।জন লেননের জন্ম ৯ অক্টোবর ১৯৪০ সালে ইংল্যান্ডের লিভারপুলে। মা জুলিয়া স্ট্যানলি ও বাবা আলফ্রেড লেনন থাকতেন আলাদা। তাই লেননের বেড়ে ওঠা তাঁর খালা মিমি স্মিথের কাছে। একসময় লেননকে নিয়ে জুলিয়া ও আলফ্রেডের তুমুল ঝগড়া হলো। পরে আলফ্রেডই এই শিশুর ওপর চাপিয়ে দিলেন বাবা কিংবা মা—যেকোনো একজনকে বেছে নেওয়ার দায়িত্ব।জন পর পর দুবার বললেন, বাবার সঙ্গেই থাকবেন। কিন্তু মা যখন চলে যাচ্ছেন, কাঁদতে কাঁদতে মায়ের পেছনে ছুটলেন। এই স্মৃতি নিয়েই জন লেননের নিজের লেখা বিখ্যাত গান: ‘মা, তুমি আমাকে পেয়েছ, কিন্তু আমি কখনো পাইনি/ আমি তোমাকে চেয়েছি কিন্তু তুমি আমাকে চাওনি/ কাজেই তোমাকে আমার বলতে হবে/ গুডবাই, গুডবাই।’ জন একই কথা লিখলেন বাবার বেলাতেও। গানটি শেষ হলো এক করুণ মূর্ছনায়, ‘মামা, ডোন্ট গো/ ড্যাডি, কাম হোম।’জীবন ঘিরে শুধু মিমি খালার আদর। নিঃসন্তান খালা কিনে দিলেন গল্পের বই, খালু কিনে দিলেন মাউথ অর্গান। কিন্তু জন কিছুতেই স্কুলে পড়ার মতো সভ্যভব্য হয়ে উঠলেন না।জন লেনন অচিরেই নিজেকে প্রতিষ্ঠিত করলেন বিশ শতকের অন্যতম শ্রেষ্ঠ সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার হিসেবে। স্মরণীয় হয়ে রইলেন বিটলসের প্রতিষ্ঠাতা হিসেবেও। নিজের লেখা জনপ্রিয় গানের এমন সার্থক গায়ক, সংগীতের গুণগত মানে এবং বাণিজ্যিক সাফল্যে তাঁর সমকক্ষ কেউ নেই। বিটলসের চারজন—জন লেনন, জর্জ হ্যারিসন, পল ম্যাককার্টনি ও রিঙ্গো স্টার।বিটলস ভেঙে যায় ১৯৭০-এ। বাংলাদেশের যুদ্ধদিনের বন্ধু জর্জ হ্যারিসন ফুসফুসের ক্যানসারে ২০০১ সালে লস অ্যাঞ্জেলেসে মৃত্যুবরণ করেন। বেঁচে আছেন দুজন—পল ম্যাককার্টনি ও রিঙ্গো স্টার।৮ ডিসেম্বর ১৯৮০ সালে জন লেনন সস্ত্রীক যখন তাঁদের নিউইয়র্ক অ্যাপার্টমেন্টে ফিরেছেন, ঘরে ঢুকতে যাচ্ছেন, রাত ১০টা ৫০ মিনিটে তাঁরই খ্যাপা ভক্ত মার্ক ডেভিড চ্যাপম্যান পেছন থেকে চারবার তাঁর প্রিয় শিল্পীকে গুলি করেন। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় সবচেয়ে কাছের রুজভেল্ট হাসপাতালে। জরুরি বিভাগের চিকিৎসক ঠিক ১১টা সাত মিনিটে জানিয়ে দেন, জন লেনন আর নেই।তাঁর স্ত্রী ইয়োকো ওনো ঘোষণা করেন, জনের কোনো শেষকৃত্য অনুষ্ঠান হবে না। জন মানুষকে ভালোবাসতেন, মানুষের জন্য প্রার্থনা করতেন। কাজেই মানুষ যেন একইভাবে তাঁর জন্য প্রার্থনা করেন।নিউইয়র্কের ফার্নক্লিফ সিমেট্রিতে জন লেননকে দাহ করা হয় এবং তাঁর ভস্ম ছড়িয়ে দেওয়া হয় নিউইয়র্ক সেন্ট্রাল পার্কে।