জনকল্যাণে ব্রতী জাকারবার্গও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাকারবার্গ ঢুকে গেলেন ওয়ারেন বাফেট ও বিল গেটসদের ‘অমর’ তালিকায়। ধনকুবের হিসেবে বাফেটদের তালিকায় বেশ কিছুদিন আগেই ঢুকেছেন সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এই তরুণ ধনকুবের প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি তাঁর অর্জিত সম্পদের একটা বড় অংশ দান করে দেবেন আর্তমানবতার কল্যাণে।২০০৬ সালে ব্যাপারটার শুরু। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিত্ব ও বিনিয়োগ ‘গুরু’ ওয়ারেন বাফেট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও তাঁর স্ত্রী ম্যালিন্ডার প্রতিষ্ঠিত দাতব্য সংস্থায় তাঁর মোট সম্পদের ৯৯ শতাংশ দান করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এই দুই ধনকুবের গত বছর জুনে আরও কয়েকজন ধনকুবেরকে নিয়ে একটি মহৎ উদ্যোগে ব্রতী হলেন। তাঁরা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের ধনকুবেরদের কাছে আবেদন রাখেন, তাঁরা সমগ্র জীবন ধরে যে সম্পদ আহরণ করেছেন, তার একটা অংশ যেন বিভিন্ন কল্যাণধর্মী কর্মে বিলিয়ে দেন। সেই উদ্যোগে বিপুল সাড়া পেয়েছেন তাঁরা। এবং সেই দলে নাম লিখালেন জাকারবার্গও।জাকারবার্গের পাশাপাশি ফেসবুকের আরেক প্রতিষ্ঠাতা ডাস্টিন মস্কোভিতজও তাঁর সম্পদের একটা বড় অংশ বাফেট-গেটসের দাতব্যালয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে জাকারবার্গে ক্ষেত্রে অনন্য যে বিষটি তাহল, এই তরুণ ধনীকুবের মানুষের কল্যাণের জন্য বেছে নিয়েছেন জীবনের সবচেয়ে মধুরতম সময়টিই। তরুণ বয়সেই তিনি নিজের সম্পদ মানুষের কল্যাণে ব্যবহার করতে ইচ্ছা প্রকাশ করে ব্যতিক্রমী দৃষ্টান্তই স্থাপন করেছেন। এ ব্যাপারে জাকারবার্গের চিন্তাভাবনা খুব স্পষ্ট। তিনি বলেছেন, ‘বেশির ভাগ মানুষই পুরো জীবন ভোগ করে জীবনের একেবারে শেষাংশে গিয়ে কল্যাণধর্মী কাজ করেন। কিন্তু মানুষের কল্যাণই যদি উদ্দেশ্য হয়, তাহলে এত দেরি কেন?’ তিনি আরও বলেছেন, এই জীবন যাঁদের অনেক দিয়েছে, এমন তরুণেরা যদি তরুণ বয়সেই মানুষের কল্যাণে নিজেদের সম্পদকে কাজে লাগাতে পারেন, তাহলে তাঁদের পক্ষে পুরো ব্যাপারটিতেই ভালোমতো অংশ নেওয়া সম্ভব হয়। আমার ক্ষেত্রে ব্যাপারটি অনেকটা সে রকমই।’ জাকারবার্গ ও মস্কোভিতজের পাশাপাশি বাফেট-গেটসের এই কর্মসূচি অনুপ্রাণিত করেছে আরও অনেককেই। তাঁদের মধ্যে রয়েছেন নব্বইয়ের দশকের শুরুতে অর্থ জালিয়াতির অভিযোগে জেলে যাওয়া সাবেক ওয়াল স্ট্রিট নির্বাহী মিশেল মিলকন। এ ছাড়া রয়েছেন মর্নিং স্টার-এর প্রধান নির্বাহী জো ম্যানসুয়েটো, ব্যবসায়ী নিকোলাস বার্গুরেন ও যুক্তরাষ্ট্রের অন্যতম বেসরকারি বিনিয়োগকারী টেড ফর্স্টম্যান, যাঁরা জনসম্মুখে যেকোনো কল্যাণধর্মী কাজে নিজেদের অর্জিত সম্পদ দান করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।সূত্র: ওয়েবসাইট