জননী সাহসিকার দীর্ঘ ছায়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের সাংস্কৃতিক ও নারী জাগরণের আন্দোলনে, সামাজিক ন্যায় ও মানবিক অধিকার প্রতিষ্ঠায় সুফিয়া কামাল আজীবন সংগ্রাম করে গেছেন। ১৯১১ সালের ২০ জুন জন্মগ্রহণ করেন সুফিয়া কামাল। তাঁর সংগ্রাম শুরু হয়েছিল বিদ্যার্জন ও আত্মপ্রকাশের সুযোগ লাভের জন্য। জীবনের রূঢ় বাস্তবতার উত্থান-পতনের মধ্য দিয়ে তিনি সংগ্রাম করে গেছেন বাঙালি মুসলিম নারীর স্বাধীনতা অর্জন ও অধিকার লাভের লক্ষ্যে। তারপর তা পরিব্যাপ্ত হয়েছে স্বদেশের সব মানুষের সর্ববিধ মুক্তি সাধনের উদ্দেশ্যে।বেগম সুফিয়া কামালের জন্মশতবর্ষে বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস এবং কবি পরিবারের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী ‘তাঁর দীর্ঘ ছায়ায়’ শীর্ষক এক উৎসবের আয়োজন করা হয়েছে।উৎসবের প্রধান অঙ্গ পাঁচ দিনব্যাপী প্রদর্শনী। প্রদর্শনীতে ১৯-২০ জুন কবির বাসভবন ‘সাঁঝের মায়া’তে আয়োজিত দুই দিনব্যাপী আর্ট ক্যাম্পে আঁকা ১৩ জন শিল্পীর ১৩টি চিত্রকর্ম, সুফিয়া কামালের আসবাব ও চিঠিপত্র, সুফিয়া কামালের সংগ্রহে থাকা শিল্পাচার্য জয়নুল আবেদিনের ট্রামের টিকিটের ওপর আঁকা ২৩টি স্কেচ এবং নাট্যজন আলী যাকেরের তোলা নয়টি আলোকচিত্র প্রদর্শিত হয়েছে। কবিকন্যা সাঈদা কামালের ১৮টি জলরং চিত্র ও পুত্র সাজেদ কামালের তোলা ৫০টি আলোকচিত্রের বিশেষ প্রদর্শনী কবিকে শ্রদ্ধা জানাতে সন্নিবেশিত হয়েছে।আর্ট ক্যাম্পে অংশ নিয়েছিলেন দেশের সমসাময়িক বিখ্যাত চিত্রশিল্পীরা। শিল্পীরা সুফিয়া কামালের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ক্যানভাসে। শিল্পী কাইয়ুম চৌধুরী, সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান, রোকেয়া সুলতানা, ফরিদা জামান, কনকচাঁপা চাকমা, বীরেন সোম, রফিকুন নবী, সৈয়দ জাহাঙ্গীর, ইফফাত আরা দেওয়ান প্রমুখ তাঁদের ক্যানভাসে মহীয়সী এই নারী এসেছে বিভিন্ন আঙ্গিকে। আলোর পথের পথ প্রদর্শক হিসেবে, জননীর মতো আশ্রয় হিসেবে, সংগ্রামী জীবনের প্রতি সাহসী কর্তব্য পালনে। শিল্পী রোকেয়া সুলতানা বললেন, ‘আমি খুব গর্ব বোধ করছি সুফিয়া কামালের মতো অনমনীয় শক্তিতে বলীয়ান একজন মহীয়সীকে উৎসর্গ করে ছবি আঁকতে পেরে। মনে হয়, এই এত বছর পরও পুরুষতান্ত্রিক বেড়াজালে আটকে পড়ে আছি আমরা। নারীরা যদিও শত বাধা অতিক্রম করে এগিয়ে যাচ্ছে সামনে, কিন্তু কোথায় যেন একটা অশুভ কিছু পিছিয়ে দেয় বারবার। আর এখানেই সুফিয়া কামালের দর্শন আমাদের আদর্শ, নারী-পুরুষ সবার। সুফিয়া কামালের প্রতি শ্রদ্ধা জানাতে খুব আবেগী হয়ে নিজ ভাষা প্রকাশে ক্যানভাসে, কাচ, কাচের ফ্রেমের ওপর ড্রয়িং নিরীক্ষামূলকভাবে বেছে নেওয়া।’ শিল্পী শহীদ কবিরের ক্যানভাসে আঁকা চেয়ার, কুশন, পানি খাওয়ার মগ বাস্তবিকই সুফিয়া কামালের জীবদ্দশায় ব্যবহূত। বিবিধ টেক্সচার, রঙের ব্যবহার একধরনের স্মৃতিবিধুরতা তৈরি করেছে ক্যানভাসে। শিল্পীরা ক্যানভাসে কবিতা এঁকেছেন, সুফিয়া কামালের প্রতিকৃতি বিবিধ রং, রেখা কম্পোজিশনে উপস্থাপন করেছেন সুফিয়া কামালের জীবনের মহৎ দর্শন। তিনি লিখেছেন, ‘মুক্তি লাভ বন্দী আত্মা সুন্দরের স্বপ্নে, আয়োজনে, নিঃশ্বাস নিঃশেষ হোক পুষ্প বিকাশের প্রয়োজনে।’ ট্রামের টিকিটের ওপর আঁকা শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্কেচগুলো দর্শকের জন্য উপহার যেন। এই মহীয়সী নারী এগুলো সংগ্রহ করেছেন, আজকের প্রজন্মকে শিল্পচর্চায় উৎসাহিত করার জন্য। কালি-কলমে করা স্বল্পতম রেখা, সংক্ষিপ্ত টোনে আঁকা প্রতিদিনকার জীবনের প্রকৃতির ছবি শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রামী সাহসিক উৎকর্ষময় শিল্পে জীবনের প্রতিরূপ।শিল্পীকন্যা সাঈদা কামালের জলরঙের স্বচ্ছতায় কবির বাসভবন সাঁঝের মায়াকে স্মৃতিবিধুর স্বপ্নের দেশের মতো পাওয়া যায়। প্রকৃতিকে ধরেছেন জলরঙের সংক্ষিপ্তকরণ কৌশলে।গ্যালারির একাংশের দেয়ালজুড়ে আলোকচিত্র, একপাশে কবির ব্যবহূত আসবাব ও চিঠিপত্র সুফিয়া কামালের পারিবারিক কর্মময় সামাজিক, জাতীয় জীবনের দায়িত্বশীলতার দৃঢ়চরিত্র মূর্ত। এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটে তাঁর অভাব অনুভূত হয়। আবার নতুন প্রজন্মকে উৎসাহিত করে জীবন বাস্তবতায় মহত্ত্বর উদ্দেশ্য সাধনে দায়িত্ব নিতে।