জনপ্রিয় নজরুল

নজরুল তাঁর কালে জনপ্রিয় ছিলেন। আজও জনপ্রিয়। একালে নজরুলের প্রতিষ্ঠা রবীন্দ্রনাথের মতো সর্বব্যাপী নয়। কিন্তু কারণে-অকারণে রবীন্দ্রনাথের সঙ্গে যুগলরূপে অন্য কারও নয়, তাঁর নামটিই উচ্চারিত হয়। ‘সমকালীন’ বা ‘সাময়িক’ কবি হিসেবে ব্যাপকভাবে নিন্দিত নজরুলের জন্য এ এক পরম প্রাপ্তি। তবে রবীন্দ্রনাথের প্রবল-প্রতাপ প্রতিষ্ঠার সঙ্গে নজরুলের জনপ্রিয়তার ফারাক গুণগত। বাংলা সাহিত্যের যাবতীয় কুলীন বয়ানে রবীন্দ্রনাথ স্বভাবতই প্রধান স্তম্ভ। আর নজরুল সেগুলোতে খুব গৌণভাবে হাজির থাকেন, অথবা একেবারেই বাদ পড়েন। বুর্জোয়া নন্দনতত্ত্বের ধার করা আর সংকীর্ণ যেসব তরিকায় বাংলাভাষীরা সাহিত্যবিচার করে থাকেন, তার নিরিখে বাদ পড়াটা খুব অস্বাভাবিক নয়। বোধ করি, তাঁর জনপ্রিয়তাও বাদ পড়ার অন্যতম কারণ।
তাঁর কাব্যের জনপ্রিয়তা সেকালের পাঠকদের জন্য এক অস্বস্তিকর অভিজ্ঞতা। এক কবিতা একাধিক পত্রিকায় পুনর্মুদ্রিত হচ্ছে, চায়ের দোকানে কাড়াকাড়ি করে লোকে কবিতা পড়ছে, আগাম টাকা দিয়ে সম্পাদকেরা কবিতা নিয়ে যাচ্ছে, একের পর এক কাব্যগ্রন্থ বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে, কয়েকটি পত্রিকা দাঁড়িয়ে যাচ্ছে নজরুলের লেখায় ভর করে—এসব অতি নতুন অভিজ্ঞতাই অস্বস্তির কারণ। উপনিবেশিত বাঙালি অভিজাতদের সংকীর্ণ নন্দনভাবনায় আমজনতার কোনো পরিসর ছিল না। শিক্ষিতরা লিখবে আর শিক্ষিতরাই পড়বে—এই ছিল দস্তুর। পুরোনো বাংলা কবিতার অভিজ্ঞতা একেবারেই অন্য রকম। এমনকি উর্দু বা হিন্দি সাহিত্যেও এ ধরনের কিছু ঘটেনি। স্পষ্টতই কলকাতাকেন্দ্রিক ঔপনিবেশিক সমাজের শ্রেণিগত সংকীর্ণতাই এ বাস্তবতার প্রধান উৎস। ওই উপনিবেশিত সমাজে আরেকটি ঘটনা ঘটেছিল। ঈশ্বরগুপ্তের পর কবিতায় আর প্যারীচাঁদ মিত্রের পর গল্প-উপন্যাসে সমকাল পুরোপুরি বাদ পড়েছিল। মিথ, রোমাঞ্চ আর প্রাচীন ভারতই ছিল ভরসা। উপনিবেশের সমাজে এ দুই রোগ এত ভয়াবহ হয়ে উঠেছিল যে অসহযোগ আন্দোলনের মতো প্রবল আলোড়নে কোনোভাবে সাড়া দিয়েছেন—এক নজরুল ছাড়া আর কোনো সাহিত্যিক-প্রতিনিধি শনাক্ত করা যায় না। তাহলে বিদ্যমান বাস্তবতায় নজরুল দুটি নতুন মাত্রা যোগ করলেন। জাতীয়-রাজনৈতিক বা অপরাপর বাস্তবকে সাহিত্যে প্রতিষ্ঠা দিলেন; আর প্রথমে কবিতা ও প্রবন্ধ এবং পরে গান হয়ে পৌঁছে গেলেন আমজনতার দরবারে।
কীভাবে পৌঁছালেন? হুমায়ুন কবিরের মতে, বাংলার বিপুল কৃষকসমাজের সঙ্গে ছিল নজরুলের গভীর আত্মীয়তা। সুভাষ মুখোপাধ্যায়ও বলেছেন, নজরুল কৃষক পরিবারের সন্তান; সে কারণেই তাঁর রচনা এত দ্রুত জনসমাজকে আচ্ছন্ন করতে পেরেছে। জনসমাজে গৃহীত হওয়ার একটা কারণ তাঁর রাজনীতি ও রাজনৈতিকতা। ত্রিশের মেধাবী কবিরা যখন বিচ্ছিন্নতাবাদী কাব্যচর্চা করছিলেন, তখন ভারতীয় সমাজের মেধাবী অপরাংশ সংগঠিত হচ্ছিল ব্রিটিশবিরোধী লড়াইয়ে। তাদের সঙ্গে জেগেছিল সাধারণ মানুষও। নজরুল এই অপরাংশের ভাব ও তৎপরতাকে ভাষা দিয়েছেন। ভুলে যাওয়ার উপায় নেই, ধূমকেতু পত্রিকাকে বিভিন্ন বিপ্লবী দল নিজেদের পত্রিকা মনে করত। নিশ্চয়ই তত্ত্ব বা অস্ত্রের জোগানের জন্য নয়; ওই ভাষার সম্মোহনেই। উল্লেখ্য, সাংবাদিক-সম্পাদক নজরুল যথার্থ অর্থে অবমূল্যায়নের অন্ধকারেই রয়ে গেলেন। তাঁর জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ কিন্তু সাংবাদিক গদ্য। এমন কার্যকর সাংবাদিকতার দ্বিতীয় কোনো নজির বাংলা অঞ্চলে দেখা যায়নি। নজরুল পত্রিকা প্রকাশ করেছেন, অথচ পাঠকসমাজে আলোড়ন জাগেনি বা শাসকপক্ষ তটস্থ হয়নি, এমন ঘটনা একবারও ঘটেনি। উচ্চারণের তীব্রতা আর কার্যকরতাই এর কারণ। এই তীব্র কার্যকর ভাষায় সমকালকে শিল্পিত করাই নজরুলের বৈপ্লবিক সাহিত্যকীর্তি। জনপ্রিয়তারও উৎস।
মুজফ্ফর আহমদ লিখেছেন: ‘আমাদের ভাষায় জোর নেই, সংগ্রামশীলতা নেই, এই ধারণা আমাদের মধ্যে বদ্ধমূল ছিল বলেই আমরা স্লোগান দিতাম হিন্দুস্থানীতে। নজরুল ইসলামের অভ্যুদয়ের পর আমরা বুঝেছি যে, বাঙলা ভাষাও জোরালো, সংগ্রামশীল ও অসীম শক্তিশালিনী।’ অর্থাৎ গীতিকাব্যিক মিষ্টি বাংলা ভাষাকে নিজের কাজের জন্য বদলাতে হয়েছিল নজরুলকে। কী লিখেছেন তিনি এ নতুন ভাষায়? জুগিয়েছেন বীররস। এনেছেন গতি। হাহাকার আর বিক্ষোভকে বদলে নিয়েছেন কবিতার ভাষায়। প্রতিটি ক্ষেত্রেই নজরুল কেবল নতুন নন, অদ্যাবধি অনন্য। এর প্রতিটিই অনূদিত হয়েছে সুরে আর ছন্দে। ধ্বনির বিশিষ্ট দ্যোতনায় গতিপ্রাপ্ত হয়ে তাঁর কথারা ‘বুঝে উঠার আগেই’ সঞ্চারিত হয়েছিল বিপুল মানুষের চেতনায়। নজরুলের কবিতায় সমকাল রূপ পেয়েছে—এ কথাটি আংশিক সত্য মাত্র। বলা দরকার, তাঁর সফল রচনাগুলোতে সমকাল কয়েক ধাপে অনূদিত হয়ে প্রবেশ করেছে শিল্পভাষায়। অথচ বিদ্যমান সাহিত্যিক ভাষা আর চলতি ভাষাকে, তৎসমের প্রাচুর্য সত্ত্বেও তা লঙ্ঘন করেনি। এতগুলো নন্দনতাত্ত্বিক ঘটনা ঘটে যাওয়ার পরেও সাহিত্যের ইতিহাসের বা সমালোচনা-সাহিত্যের মূলধারায় যে নজরুলকে আঁটানো যায়নি, তাতেই প্রমাণিত হয় এই নন্দনতত্ত্ব ঘোরতরভাবে সংকীর্ণ।
কিন্তু পাঠকের জন্য তত্ত্বের প্রয়োজন হয়নি। স্বতঃস্ফূর্ত উপভোগ-প্রবণতাই যথেষ্ট ছিল। নজরুল-সাহিত্যের একটা বড় অংশ ব্যক্তিগত পাঠের বিষয় নয়, বরং সামষ্টিক ভোগ ও ব্যবহারের শিল্প। ব্যক্তিগত পাঠের সাহিত্য সাহিত্যের একটি ধরন মাত্র, এবং অবশ্যই প্রভাবশালী ও উপযোগী ধরন, যা বিকশিত হয়েছে শিল্পবিপ্লবোত্তর উৎপাদন-সম্পর্কের বিশেষ স্তরে। কিন্তু এর বাইরেও কবিতার আছে অসংখ্য ধরন, ব্যবহার ও উপযোগিতা, আছে মানুষকে জাগানোর দায়িত্ব, দশের কথা বলার ও শোনার দায়িত্ব, উৎসবাদি ও সামষ্টিক আয়োজনে ব্যবহৃত হওয়ার বাস্তবতা। নজরুলের কবিতা সেই বাস্তবতার কবিতাও বটে। তিনি কাজ করেছেন সামষ্টিক মনস্তত্ত্ব নিয়ে, কবিতার উচ্চারণরীতিতে এনেছেন সেই বিশিষ্টতা, যার দৌলতে দশের কথা দশকে সহসাই স্পর্শ করে যায়। তাঁর কবিতা ও গানে যে কোরাসের প্রাবল্য, তা এই বাস্তবতার বাহ্য লক্ষণ মাত্র; আরও অসংখ্য অভ্যন্তর লক্ষণ থেকে দেখানো যাবে যে, তাঁর বহু রচনা ‘ব্যক্তিগত সাহিত্যে’র নন্দনতত্ত্বের পরোয়া করে না।
নজরুলের কবিতায় সংগীতধর্মের প্রাবল্যও বিশেষ মনোযোগের দাবিদার। তাঁর ধ্বনিময়তা, নিখঁুত অন্তমিল আর সুরের সম্মোহন শ্রবণেন্দ্রিয়ের সঙ্গে কবিতার পুরোনো সখ্যের কথাই মনে করিয়ে দেয়। ছাপাখানার আধিপত্যের মধ্যে শিল্পভোগের ক্ষেত্রে ইন্দ্রিয়ের যে রূপান্তর ঘটেছে, অর্থাৎ, শ্রুতির পরিবর্তে যেভাবে দৃষ্টির প্রাধান্য স্থাপিত হয়েছে, তার ইতিহাস মনে রাখলে পশ্চিমা কবিতায় চিত্রকল্পের প্রাধান্যের ব্যাপারটিও বোঝা যাবে, আর ভিন্ন আর্থ-সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে কান-নির্ভর কবিতার তাৎপর্যও আন্দাজ করা যাবে। তখন নজরুলের ধ্বনিক-সাংগীতিক পরিচর্যাকে ‘পদ্য’ হিসেবে চিহ্নিত করলেই কাজ শেষ হয়ে যাবে না, গভীরতর অন্য নন্দনসূত্রেও পরীক্ষা করে দেখতে হবে। আগের অনুচ্ছেদে আমরা ব্যক্তিগত সাহিত্যের বিপরীত যে বাস্তবতার কথা বলেছি, তার সঙ্গে এই সাংগীতিকতার নিবিড় সম্পর্ক বিদ্যমান।
নজরুল এক বিশেষ অর্থে বাস্তববাদী কবি। বাস্তব ঘটনা নিয়ে কবিতা লিখেছেন বলেই নয়; বরং তাঁর দেখার প্রক্রিয়ার মধ্যেই বাস্তবতার এই বিশিষ্টতা সক্রিয় ছিল। তাঁর শাসনহীন ইন্দ্রিয়বৃত্তি, প্রগলভ প্রেম আর দার্শনিক আবেষ্টনীমুক্ত সৌন্দর্য ও প্রকৃতি-অনুধ্যান এই বাস্তবতারই বহিঃপ্রকাশ। কোনো পূর্বপরিকল্পিত দৃষ্টি নিয়ে তিনি চারপাশে তাকাননি। কল্যাণের অস্পষ্টভাবে নিরূপিত এক মূর্তি তাঁর মনে ছিল; সেটাই স্থির করে দিয়েছে তাঁর শত্রু-মিত্র। সেই অনিরূপিত মূর্তি থেকে তিনি অবরোহ পন্থায় নিচে নেমেছেন, আর মাটির পৃথিবীতে প্রাত্যহিক দিনযাপনের অভিজ্ঞতা থেকে উপাদান সংগ্রহ করে আরোহ পদ্ধতিতে উঠেছেন ওপরে। এ কারণেই তাঁর কবিতা একেবারে মাটিতে থাকেনি, তবে সব সময় মাটির কাছাকাছি ছিল।
নজরুল-সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, মানুষের ধ্রুপদি অভিজ্ঞতাকে বাণীরূপ দেওয়া। এ ধরনের বাণী জনগোষ্ঠী ব্যবহার করতে থাকে অনন্তকাল পর্যন্ত। রবীন্দ্রনাথ ঠাকুর এ ক্ষেত্রে অতুলনীয়। সারা দুনিয়াতেই অনন্য। সাধারণত জাতির গঠনকালে সেই সাহিত্যিক জন্মান, যিনি সামষ্টিক আশা-আকাঙ্ক্ষাকে ভাষা দেবেন, অভিজ্ঞতার নির্যাস আকারে রচনা করবেন সেই প্রবাদপ্রতিম পঙ্িক্তগুচ্ছ, যেগুলো ব্যবহৃত হবে যুগ যুগ ধরে। বাঙালি জনগোষ্ঠীর বিশেষ জাগরণকালে নজরুল ‘জাগরণের কবি’ হিসেবে বা ‘যুগ-প্রবর্তক’ কবি হিসেবে এ দায়িত্ব পালন করেছিলেন। তাঁর ক্ষেত্রে ব্যাপারটা বিশেষভাবে ঘটেছে গানে। উদ্দীপনা বা জাগরণমূলক বাণীর সন্ধানে তাঁর কাছে যেতে হয়। অনুষ্ঠান বা উৎসবের আমেজ তৈরি হয় নজরুলের স্বরে-সুরে। ব্যক্তিগত বা সামষ্টিক ভক্তি প্রকাশের জন্য তাঁর রচনা বিকল্পহীন। একটা বিরাট জনগোষ্ঠীর ব্যক্তিগত আর সামষ্টিক প্রাত্যহিকতায় এমন অবিকল্প প্রতিষ্ঠা, একজন কবির এর চেয়ে পরম প্রাপ্তি আর কী হতে পারে?