জন্মদিনে

আগামীকাল কবি আল মাহমুদের ৮০তম জন্মদিন
আমার জন্ম হয়েছিল এক বর্ষার রাতে
শুনেছি এসব গল্প-কেচ্ছা মায়ের সাথে।
ঝলকে ঝলকে ঝরছিল জল শ্রাবণের রাতে
প্রবল বৃষ্টি, সৃষ্টির কাদা নরমে-সরমে মথিত যখন—
আমাকে তখন জন্ম দিয়েছে জননী আমার
গভীর পুলকে।
অথচ দু-চোখে জলের ধারাটি বহিয়ে তিনি
নিজের চোক্ষে নামিয়ে ধারা
জননী আমার নিজ সাফল্যে আত্মহারা—
এসব গল্প অল্প-স্বল্প বলতেন তিনি
মনে হতো যেন হঠাৎ বৃষ্টি ঝরে রিনিঝিনি;
এখনো আমার বৃষ্টিতে সুখ, পুলক জাগে
আমিও সৃজন করেছি কাব্য সবার আগে,
আমার কবিতা আমাকে ঠেলেছে অগ্রভাগে
আমি গাই গান, করি আহ্বান এসো হে বৃষ্টি
সিক্ত করিয়া বানের জলে ভাসাও আমাকে—
কাগজের নাও সবার আগে!

তাই কি আমার মনের গভীরে
থিরথির করে সৃজনের ফোঁটা
এই তো কাহিনি এই তো কেচ্ছা
যেন চুমু দেয় গোলাপের কাঁটা;
গন্ধমদির আমি পৃথিবীর
কবি একজন, আর কিছু নই—
আমার কথা তো আমিই লিখেছি
লিখেছি কাব্য, কবিতার বই
আমি শুধু কবি
একজন বটে, আর কিছু নই।
৬ জুলাই ২০১৫