
স্কুলের ছাত্রাবস্থায়ই চিনতাম অধ্যাপক আনিসুজ্জামানকে, তাঁর ছোট ভাই আমার কৈশোরের বন্ধু আখতারুজ্জামানের সুবাদে। ১৯৬৫ সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরাল ফেলো হিসেবে ‘ঊনিশ শতকের সাংস্কৃতিক আন্দোলন: ইয়ং বেঙ্গল ও সমকাল’ বিষয়ে গবেষণা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন তিনি। পরের বছর আমি ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে বাংলা বিভাগে ভর্তি হই। তার আগেই ঠাটারি বাজারে তাঁর পৈতৃক বাড়িতে আখতারের মাধ্যমে তাদের পরিবারের সবার সঙ্গে ঘনিষ্ঠ হই।
১৯৬৬ থেকে ১৯৭০ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমাদের প্রথম বর্ষ অনার্সের প্রথম ক্লাসেই এসেছিলেন তিনি। সেকালের তিন বছরমেয়াদি অনার্সের তৃতীয় বর্ষেই তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যান।
তাঁর বিদায় উপলক্ষে টিএসসিতে বিদায়-সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই উপলক্ষে রফিক স্যারের উৎসাহে ‘ভয় করবো না বিদায় বেদনারে’ নামে চার পাতার একটি মানপত্র প্রকাশ করি। মানপত্রের মুসাবিদা করেছিলেন এমএ শেষ পর্বের ছাত্রী ফরিদা প্রধান। আমার সহপাঠী আবুল হাসনাত শিল্পী দেবদাস চক্রবর্তীর একটি অয়েল পেইন্টিং সংগ্রহ করেছিল মাত্র ১০০ টাকায়। অনুষ্ঠানে বিভাগের পক্ষ থেকে ছবিটি স্যারকে উপহার দেওয়া হয়।
বাংলাদেশের অভ্যুদয়ের পর কলকাতা থেকে দেশে ফিরে এসে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় যোগ দেন। বঙ্গবন্ধু ও আইনমন্ত্রী ড. কামাল হোসেনের অনুরোধে বাংলাদেশের প্রথম সংবিধানের বাংলা ভাষ্য তৈরির দায়িত্ব পালন করেন। অনেক পরে ২০০৬ সালে বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের সঙ্গে সংকলন ও সম্পাদনা করেন আইন-শব্দকোষ। ১৩০০ পৃষ্ঠার ওই গ্রন্থের কপিরাইট ‘কানাডার রাজ্যাধিকারিণী মহামান্যা রাণী’ ও সিডার।
১৯৭৩ সালে আমি তাঁর আগ্রহে, আকর্ষণে ও আনুকূল্যে ঢাকায় সাংবাদিকতা পেশা ত্যাগ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছিলাম। তাঁর সাহচর্যে থেকেও গবেষণার সুযোগ কাজে লাগাতে পারিনি, তাঁর যোগ্য ছাত্র হতে পারিনি। তবে তাঁর সম্পাদিত গবেষণা পত্রিকা পাণ্ডুলিপি প্রকাশনায় তাঁর সহযোগীরূপে কাজের বিরল সুযোগ পেয়েছি।
১৯৭৪-এ তিনি কমনওয়েলথ একাডেমিক স্টাফ ফেলোশিপ লাভ করে লন্ডনে স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে গিয়েছিলেন। তখন পাণ্ডুলিপি পত্রিকা সম্পর্কে একটি চিঠিতে লিখেছিলেন:
মুসার লেখাটা ‘পাণ্ডুলিপি’তে ছাপলে ভালো হয়। ‘সাঙ্গা’ শব্দটি সম্পর্কে ওর আপত্তি সম্পর্কে আরও প্রমাণ চাই। আমি যখন প্রবন্ধটা [‘চর্যাগীতির সমাজচিত্র’, পাণ্ডুলিপি, ৪র্থ খণ্ড, ১৯৭৫] লিখি, তখন ODBL [সুনীতিকুমার চট্টপাধ্যায়ের অভিসন্দর্ভ দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ] হাতের কাছে ছিল না। এখন ODBL খুলে দেখি, সুনীতিবাবুও সাঙ্গ <সগাই < * সাঙ্গাই union, irregular marriage among certain lower castes (পৃ.৩৬৩) লিখেছেন। এতে আমার অনুমান ওর ব্যাখ্যা কোনটাই অসঙ্গত হয় না। শব্দটির আধুনিক অর্থ আমার পক্ষে। সুতরাং মধ্যযুগের ব্যবহার যদি মুসার বক্তব্যের পক্ষে যায়, তাহলেই আমার অনুমান সংশোধন করতে হবে।
১৯৭৫-এ লন্ডন থেকে তাঁর গবেষণাকর্ম সম্পর্কে খবরাখবর দিয়ে যেসব চিঠি লিখেছেন, তার একটি থেকে সামান্য অংশ উদ্ধার করছি:
ইন্ডিয়া অফিস লাইব্রেরির uncatalogued ও unpublished কাগজপত্র দেখার সুযোগ হল। লাইব্রেরি-কর্তৃপক্ষ অনুরোধ করলেন, তাঁদেরকে যেন একটা তালিকা তৈরি করে দিই। কুড়ি পৃষ্ঠার মতো A handlist of uncatalogued Bengali Manuscripts in the India office Library and Records তৈরি করে ওঁদের হাতে সমর্পণ করলাম এপ্রিলে।
১৯৭৭-এ লন্ডন থেকে তাঁর বিখ্যাত ফ্যাক্টরি করেসপন্ডেন্স অ্যান্ড আদার বেঙ্গলি ডকুমেন্টস গবেষণা সম্পর্কে একটি চিঠি লিখেছিলেন:
...প্রায় ১১০০ চিঠির প্রতিটি চিঠির সারমর্ম লিখছি ইংরেজিতে। চল্লিশটা বা তার কিছু বেশি চিঠির পুরো অনুবাদ করতে হবে। Glossary থাকবে, Biographical notes on civilians mentioned in the Correspondence দিতে হবে। তারপর ভূমিকা। সবই যথা সময়ে শেষ হবে। শুধু ভূমিকা লিখতে ও appendix-এর কিছু মালমশলার যোগান দিতে আরো সময় লাগবে।
লাইব্রেরিতেতে যা পেন্সিলে নোট করি (ওখানে কলম বা বল পয়েন্টের ব্যবহার নিষিদ্ধ), সেগুলো আবার পরিষ্কার করে লিখে typistকে দিই, typed copy শুদ্ধ করে লাইব্রেরিতে দিই। পরে সবটা revise করে final typeএ যাবে। Introduction লেখার জন্যে দু-একটা বই পড়তে হচ্ছে এমন বিষয়ে, যার ক-খ পর্যন্ত জানি না (Trade and Commercial Organization in Bengal ধরনের মহৎ সাহিত্য)।
আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে মুহম্মদ খায়ের-উল বসর (রশীদ আল ফারুকী) বিদ্যাসাগরের ব্যবহৃত শব্দের প্রয়োগের নতুনত্ব অনুসন্ধানের একটি গবেষণার কাজ হাতে নিয়েছিলেন। বেশ কয়েক শ কার্ডে শব্দ সংকলনের কাজেও খানিকটা এগিয়েছিলেন। শেষ পর্যন্ত কাজটা তিনি সমাপ্ত করেননি। আমি যোগদান করার পর ওই আরব্ধ কাজটি শেষ করার দায়িত্ব পড়ে অমার ওপর। লন্ডন থেকে লেখা এক চিঠিতে স্যার ১৯৭৭-এ আমাকে বিদ্যাসাগরের শব্দাবলি বিষয়ে কাজের সম্পর্কে লেখেন:
বিদ্যাসাগর শব্দ-সংকলনে ব্যুৎপত্তি ও অর্থ তো দিতেই হবে। আসল উদ্দেশ্য প্রয়োগের নতুনত্ব দেখানো। ভিন্ন ভিন্ন বাক্য বা বাক্যাংশে একটি শব্দ একই অর্থে প্রযুক্ত না-হয়ে থাকলে, তা নির্দেশ করা। অপরাপর লেখক যদি এরকম ব্যবহার করে থাকেন, তা দেখাতে পারলে ভালো তবে সেটা পরেও করা যেতে পারে। আপাততঃ ব্যুৎপত্তি ও অর্থনির্দেশ করে ‘পান্ডুলিপি’তে ছেপে দিতে পারো। হরিচরণ, হরেন্দ্রপাল ও সুকুমার সেনের অভিধানের সাহায্য নিও।
কেবল সাহিত্যচর্চা ও গবেষণার ক্ষেত্র ছাড়াও দেশের নানা সংকটকালে তিনি একজন বিবেকবান বুদ্ধিজীবীর ভূমিকা পালন করেছেন। স্বৈরাচারী এরশাদ যখন রাষ্ট্রধর্ম ঘোষণা করেছিলেন, তখন তিনি চট্টগ্রামের সর্ব শ্রেণির নাগরিকদের একটি সভা আহ্বান করেছেন, তাঁর নিজের হাতে লেখা সভার দুষ্প্রাপ্য বিজ্ঞপ্তিটির খসড়া উদ্ধার করছি:
বাংলাদেশে যে-স্বৈরশাসন চলছে এবং রাষ্ট্রীয় ধর্মঘোষণা ও অন্যান্য ঘটনার মধ্যে দিয়ে যেভাবে সাম্প্রদায়িকতার পুনরুত্থানের প্রচেষ্টা চলছে, তা একদিকে যেমন মুক্তিযুদ্ধের মূল চেতনাকে আঘাত করছে, অন্যদিকে তেমনি জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এর বিরুদ্ধে দৃঢ়ভাবে প্রতিরোধ ও জনমত গড়ে তোলা প্রয়োজন। এ বিষয়ে সক্রিয় উদ্যোগ গ্রহণের জন্য...আমরা চট্টগ্রামের সর্বশ্রেণীর নাগরিকদের একটি সভা আহ্বান করেছি। [তারিখ-বিহীন]
অধ্যাপক আনিসুজ্জামান আমাদের সাহিত্যিক, সাংস্কৃতিক, সামাজিক ও সারস্বত অঙ্গনে একজন অনন্যসাধারণ ব্যক্তিত্ব। গত শতকের পঞ্চাশের দশকে কলেজের ছাত্রাবস্থা থেকেই তিনি পূর্ব পাকিস্তান সাহিত্য সংসদের মতো তৎকালের প্রগতিশীল সংগঠনের সঙ্গে নিবিড়ভাবে নিজেকে যুক্ত করেছিলেন। বামপন্থী যুবলীগের সক্রিয় কর্মীরূপে ভাষা আন্দোলনে যোগ দেন। তিনি ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের অভ্যুদয়ের পর সামরিক শাসন ও স্বৈরাচারবিরোধী আন্দোলন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্দোলন করেন ও গণ-আদালত এবং ট্রাইব্যুনালে সাক্ষ্যদান করেন। সব গণতান্ত্রিক সংগ্রামে শরিক হয়েছেন। তাঁর অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ ভাবধারা আমাদের অনুপ্রাণিত করে। জাতির বিভিন্ন সংকটে তিনি তাঁর বিবেক দ্বারা পরিচালিত হয়েছেন। আমাদের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য ও সামাজিক সংকটে এবং সংগ্রামে তিনি এখনো নেতৃত্ব দিচ্ছেন।
তবে আমরা অনেক সময় তাঁকে নানা অকিঞ্চিৎকর কাজে ব্যস্ত রাখি। এই বয়সে তাঁকে দিয়ে মানপত্র পাঠের মতো ‘মহৎ’ কাজে না লাগালেই কি নয়?
তাঁর আশি বছর পূর্ণ হচ্ছে। আগামীকাল ১৮ ফেব্রুয়ারি তাঁর জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই।