বাংলা ভাষার কবি-সাহিত্যিকদের জন্মদিন পালনের ইতিহাসটা খুব বেশি দিনের পুরোনো নয়। বাঙালির জন্য বিশ্বসম্মান বয়ে নিয়ে আসার আগ পর্যন্ত রবীন্দ্রনাথের জন্মদিনও বাঙালি পালন করেনি। রবীন্দ্র-পূর্ববর্তী কবি-সাহিত্যিকদের জন্মদিন পালনের চিন্তা বাঙালির মনে কখনো উদিতই হয়নি। তখনো পর্যন্ত জন্মদিন পালন করার বিষয়টা হযরত মুহাম্মদ (সা.), ভগবান শ্রীকৃষ্ণ, প্রভু যিশুখ্রিষ্ট, ভগবান গৌতম বুদ্ধর জন্মদিন পালন করার ভেতরেই সীমাবদ্ধ ছিল।রবীন্দ্রনাথের জন্মদিন পালনের পালে প্রথম হাওয়া লাগে ১৯৩০ সালে। রবীন্দ্রনাথের বয়স তখন সত্তর পূর্ণ হয়েছে। শান্তিনিকেতনের বাইরে ওটাই ছিল রবীন্দ্রনাথের জন্মদিন, রবীন্দ্র জন্মজয়ন্তী পালনের শুরু। রবীন্দ্রনাথ রচিত অজস্র (সঠিক সংখ্যাটা আমার জানা নেই, ড. সন্জীদা খাতুন জানতে পারেন) গানের স্বরলিপিকার নেত্রকোনার গৌরব রবীন্দ্রস্নেহধন্য শৈলজারঞ্জন মজুমদার ছিলেন ওই অনুষ্ঠানের উদ্যোক্তা। শৈলজারঞ্জনকে লেখা রবীন্দ্রপত্রে তার সমর্থন পাওয়া যায়। সেখানে তিনি লিখেছেন, ‘তোমাদের নেত্রকোণায় আমার জন্মদিনের উৎসব যেমন পরিপূর্ণ মাত্রায় সম্পন্ন হয়েছে এমন আর কোথাও হয়নি। পুরীতে আমাকে প্রত্যক্ষে সামনে নিয়ে সম্মান করা হয়েছিল। কিন্তু নেত্রকোণায় আমার সৃষ্টির অপ্রত্যক্ষ আমাকে রূপ দিয়ে আমার স্মৃতির যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে, কবির পক্ষে সেই অভিনন্দন আরো অনেক বেশি সত্য। তুমি না থাকলে এত উপকরণ সংগ্রহ করতো কে? এই উপলক্ষে বৎসরে বৎসরে তুমি আমার গানের অর্ঘ্য পৌঁছিয়ে দিচ্ছ তোমাদের পল্লীমন্দিরে। ভোগমণ্ডপে এও কম কাজ হচ্ছে না। আমার জন্মদিন প্রতিবৎসর তোমাদের কাছে নিয়ে যাচ্ছে উৎসব, আমাকে এনে দিচ্ছে ক্লান্তির ডালিতে নতুন বোঝা।’ তোমাদের রবীন্দ্রনাথ ঠাকুর/২৫-৫-৩৯খুব সম্ভবত নজরুলের জন্মদিনও সর্বপ্রথম নেত্রকোনায়ই পালিত হয়েছিল। নজরুলের জন্মদিন নেত্রকোনায় পালিত হয় ১৯৪২ সালে, শহরের তেরীবাজারে উকিল লক্ষ্মণ দাশের দ্বিতল বাড়িতে অবস্থিত রিক্রিয়েশন ক্লাবে। সেই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন প্রখ্যাত কমিউনিস্ট নেতা ও সাংবাদিক স্বর্গত দুর্গেশচন্দ্র পত্রনবীশ। বাঙালির জীবনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালনের প্রথা প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করার জন্য নেত্রকোনার মানুষ হিসেবে আমি যারপরনাই গর্বিত বোধ করি। আমার অকালপ্রয়াত কবিবন্ধু আবুল হাসানের জন্মদিনে (৪ আগস্ট ১৯৪৭) তাঁর সম্পর্কে কিছু লিখতে বসে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মদিন পালনের শুরুর ইতিহাসটা মনে পড়ল। প্রথম আলোর সাহিত্য সম্পাদক মহোদয় কবি আবুল হাসানের জন্মদিনটিকে স্মরণীয় এবং পালনীয় দিন বলে বিবেচনা করেছেন। এটা সুখের কথা। আজকাল ছোটবড়-নির্বিশেষে আমাদের দেশের কবি-সাহিত্যিকদের মধ্যে জন্মদিন পালনের যে হিড়িক পড়েছে, তা দেখে এ কথা বোঝার কোনো সুযোগ নেই যে, জন্মদিন পালন করাটা সব কবি-সাহিত্যিকের জন্যই বাধ্যতামূলক নয়। যার কাজ তারে সাজে, অন্যে করলে লাঠি বাজে। ভারতচন্দ্র কি এদের কথা ভেবেই এ প্রবচনতুল্য বাক্যটি লিখেছিলেন? ‘সকলেই কবি নয়, কেউ কেউ কবি’—এ কথা বলে কবিদের সম্পর্কে বাঙালি কাব্যপাঠকদের যিনি সতর্ক থাকার পরামর্শ দিয়ে গেছেন, রবীন্দ্র-পরবর্তী সময়ের মুখ্যকবি, সেই জীবনানন্দ দাশের জন্মদিনও পালিত হয় না। হঠাৎ কখনো পালিত হলেও সেই পালনের মধ্যে ধারাবাহিকতা থাকে না। বাঙালির চোখে সমাজতন্ত্রের স্বপ্ন-সম্ভাবনা যখন তাজা ছিল, তখন রবীন্দ্র-নজরুলের পাশাপাশি কবি-কিশোর সুকান্তের জন্মদিনও প্রায় সমান্তরালে পালিত হতো। সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর আজকাল সুকান্ত-বন্দনায় ভাটার টান পড়েছে। সুধীন্দ্র-বিষ্ণু-বুদ্ধদেব-অমিয় চক্রবর্তীর জন্মদিন বা মৃত্যুদিন কোনোটাই বাঙালি স্মরণে রাখার প্রয়োজন বোধ করেনি। অদূর ভবিষ্যতে করবে, এমনও মনে হয় না। হয়তো ‘সাহিত্যের কবি’ (ইয়েটস সম্পর্কে আলোচনা করতে গিয়ে কথাটা বলেছিলেন রবীন্দ্রনাথ) হিসেবেই তাঁরা বাংলা সাহিত্যে বেঁচে থাকবেন।কবি মহাদেব সাহা ও কবি আবুল হাসানের জন্মদিন যে পরস্পরের এতটাই গা ঘেঁষে, তা জানতাম না। এ রচনা লিখতে বসেই জানলাম। আবুল হাসানের জন্মদিন ৪ আগস্ট, মহাদেবের জন্মদিন ৫ আগস্ট। তাই এ সুযোগে কবি আবুল হাসানের পাশাপাশি কবি মহাদেব সাহাকে তাঁর ৬৭তম জন্মদিনের আগাম শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার অব্যবহিত পর, একবার আমি, মহাদেব সাহা, আবুল হাসান ও গোলাম সাবদার সিদ্দিকী ফেরি ফেল করে নৌকায় দুরন্ত পদ্মা নদী পাড়ি দিয়ে ফরিদপুর থেকে ঢাকায় ফিরছিলাম। মাঝ নদীতে এসে আমাদের নৌকাটি পদ্মার দুরন্ত ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে দুলছিল। ‘কিচ্ছু অইবো না’ বলে নৌকার মাঝি যদিও আমাদের অভয় দিচ্ছিল, তবু আমরা ভয় পাচ্ছিলাম। একপর্যায়ে সাবদার সিদ্দিকী মাঝিকে বলল, ‘এই মিয়া, জানো তোমার নৌকায় কারা উঠছে? এরা অইলো গিয়া বাংলাদেশের সেরা কবি। মরলে খবর আছে।’ ‘কবি?’ নৌকার মাঝি বৈঠা চালানো থামিয়ে দিয়ে বস্ফািরিত চোখে চকিতে ফিরে তাকাল আমাদের দিকে। তারপর মুচকি হেসে বলল, ‘কী কইলাইন? কবি? আপনেরা কবি?’ আমরা সমস্বরে বললাম, ‘হ মিয়া’। সন্দেহবিদ্ধ চিত্তে আমতা আমতা করে মাঝি বলল, ‘রবীন্দ্রনাথ, নজরুল আর জসীমউদ্দীনের পরে কোনো কবি আইছে বইলা তো কারও মুখে হুনি নাই। আপনাগো পরিচয়?’ কবি-কবি ভাবটা আমার মধ্যে বেশি ছিল বলে তাঁর চোখ আমার ওপরই বেশি স্থির হলো। আমি বললাম, ‘নাম আর পরিচয় কলঙ্কের কালিমায় ঢাকা পড়েছে, জাহাঁপনা। অত নাম জাইন্যা দরকার নাই। আমরার কাম আমরা করতাছি, আপনের কাম আপনে করুইন। বুঝছুইন?’ আমার আপত্তি সত্ত্বেও সাবদার সিদ্দিকী সে দিন আমাদের নাম বলেছিল, কিন্তু সেসব নাম ওই পদ্মা নদীর মাঝির মনের মধ্যে বিন্দু পরিমাণ প্রত্যয় সৃষ্টি করতে পেরেছিল বলে আমার মনে হয়নি। শেষ পর্যন্ত কোনো দুর্ঘটনা ছাড়াই আমাদের নৌকা পদ্মা পাড়ি দিতে সক্ষম হয়। আমরা ঢাকায় ফিরে এসে ‘নিজ নিজ পাঠে’ মনোনিবেশ করি। কিছুদিনের মধ্যেই আমার তৃতীয় কাব্যগ্রন্থকবিতা, অমীমাংসিত রমণী এবং আবুল হাসানের দ্বিতীয় কাব্যগ্রন্থ যে তুমি হরণ করো প্রকাশিত হয়। আমাদের দুজনের কাব্যগ্রন্থ দুটি একই মলাটের ভেতরে প্রকাশের কথা ছিল। শেষ পর্যন্ত তা হয়নি। আবুল হাসানের সঙ্গে আমার কী একটা কারণে তখন মনোমালিন্য ঘটেছিল। আমরা কথা বন্ধ করে দিয়েছিলাম। শরিফে আমরা বসতাম কিন্তু কথা হতো না। একদিন শরিফে ঢুকেই সবাইকে শুনিয়ে হাসান বলল, ‘আমার দ্বিতীয় কাব্যগ্রন্থটি শহীদ কাদরীকে উৎসর্গ করছি। কারও আপত্তি থাকলে বলতে পারে।’ বুঝলাম, কথাটা আমাকে উদ্দেশ করেই বলা। হাসান জানে আমি শহীদ কাদরীকে পছন্দ করি না। একটুও বিলম্ব না করে আমি আবুল হাসানকে আমার পাশে বসতে দিলাম। বইয়ের ফাইনাল প্রুফ ওর হাতে। উৎসর্গ পাতাটি শূন্য। আমি বললাম, বইটা তোমার ছোট বোন বুড়িকে উৎসর্গ করো। আমি জানতাম ও বুড়িকে খুব ভালোবাসে। আমি ওর বেশ কয়েকটি কবিতায় চোখ বোলালাম। কিছু বানান ভুলও সংশোধন করা হলো। একপর্যায়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে হাসান বলল, ‘আরে মিয়া, এ বইটি আমি তোমাকেই উৎসর্গ করব বলে স্থির করেছি।’ ওই গ্রন্থের পাঠক জানেন, যে তুমি হরণ করো কাব্যগ্রন্থটি আমাকেই উৎসর্গ করেছিল হাসান। একই সময়ে প্রকাশিত আমার তৃতীয় কাব্যগ্রন্থ কবিতা, অমীমাংসিত রমণী আমি উৎসর্গ করি আমাদের নিহত কাব্যসঙ্গীত্রয়—কবিবন্ধু হুমায়ুন কবির, আবুল কাশেম ও শশাংক পাল স্মরণে। ওঁরা তিনজনই ১৯৭১ ও ১৯৭২ সালের ভেতরে নিহত হয়েছিলেন। অন্যথায় আমাকে ওঁর দ্বিতীয় কাব্যগ্রন্থটি উৎসর্গ করার বিনিময়ে আমি আমার তৃতীয় কাব্যগ্রন্থটি আবুল হাসানকে উৎসর্গ করতে পারতাম। সম্ভবত আমার কবিতা, অমীমাংসিত রমণী হাসানের যে তুমি হরণ করো প্রকাশের আগেই প্রকাশিত হয়ে গিয়ে থাকবে। প্রেমাংশুর রক্ত চাই কাব্যের ‘এক-একটি মানুষ’ কবিতাটি হাসানকে উৎসর্গ করেছিলাম। কিন্তু জীবদ্দশায় তাঁকে কোনো কাব্যগ্রন্থ উৎসর্গ করতে না পারার যাতনা আজও আমাকে পীড়িত করে। অল্পদিনের ব্যবধানে লাখো প্রাণের মূল্যে মুক্ত বাংলাদেশকে নেতৃত্বশূন্যতার অতল গহ্বরে নিক্ষেপ করে আসে ১৯৭৫। ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয় এবং এরই ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতের অন্ধকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় প্রবাসী সরকারের নেতৃত্বদানকারী চার জাতীয় নেতাকে ব্রাশফায়ারে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর ঘাতকদের হাত থেকে সেনাবাহিনীর চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার জন্য ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে একটি রক্তপাতহীন পাল্টা অভ্যুত্থান ঘটে। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা বঙ্গভবন ত্যাগ করে দেশের বাইরে চলে যায়। ১৫ আগস্টের দায়িত্ব গ্রহণকারী খোন্দকার মোশতাক ক্ষমতাচ্যুত হন। বঙ্গভবনে আসেন বিচারপতি সায়েম। ৭ নভেম্বর খালেদের বিরুদ্ধে সিপাহিরা বিদ্রোহ করে, বন্দী জিয়া মুক্তি লাভ করে রাষ্ট্রক্ষমতা দখল করেন। ষড়যন্ত্রের প্রতিযোগিতায় পরাজিত জেনারেল খালেদ মোশাররফ, মেজর এ টি এম হায়দার ও কর্নেল হুদা শেরেবাংলা নগরে জিয়ানুগত সৈনিকদের হাতে নিহত হন। ক্ষিপ্ত সিপাহিরা কিছুসংখ্যক সামরিক অফিসার এবং রামপুরাস্থ টিভি ভবনে হামলা চালিয়ে কয়েকজন টিভি কর্মকর্তা ও কর্মচারীকে হত্যা করে। এরই মধ্যে জিডিআর থেকে চিকিৎসা নিয়ে কোনো আশার বাণী ছাড়াই দেশে ফিরে আসা আবুল হাসানের বক্ষব্যাধির অবনতি ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় আবুল হাসান পিজি হাসপাতালে ভর্তি হয়। ১১ নভেম্বর আবুল হাসানকে দেখতে যাবার সময় পিজি হাসপাতালের তখনকার প্রবেশপথে (নাহিদ স্টোরের সামনে) সেনাবাহিনীর একজন অপেক্ষমাণ অফিসার (কর্নেল নওয়াজীশ আহমদ) আমাকে অজানা কারণে গ্রেপ্তার করেন। সাত দিন সাত রাত্রি প্রবল অনিশ্চয়তার মধ্যে কাটানোর পর ১৬ নভেম্বর আমি রমনা থানার হাজত থেকে মুক্তি পাই। হাসানকে দেখতে গিয়ে আমার গ্রেপ্তার হওয়ার ঘটনাটি শোনার পর থেকে সে এক ধরনের অপরাধবোধে ভুগছিল। আমার মুক্তিলাভের সংবাদ শুনে হাসান স্বস্তি বোধ করে। দ্রুতই হাসান সেরে উঠবে, আমরা এমনটিই আশা করছিলাম। কিন্তু আমাদের আশা পূর্ণ হয়নি। ডাক্তারদের সব প্রয়াস ব্যর্থ করে, অনেকটা বোদলেয়ারের মতোই ওর মায়ের কোলে মাথা রেখে ২৬ নভেম্বর ভোর পাঁচটার দিকে কবি আবুল হাসান পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমার রক্তঝরা নভেম্বর ১৯৭৫ গ্রন্থে এসব ঘটনা আমি বিস্তারিত লিখেছি। আগ্রহী পাঠক সেটি পড়ে দেখতে পারেন। বনানী কবরস্থানে ৭ নভেম্বরের শহীদ জেনারেল খালেদ মোশাররফের সহযোগী কর্নেল হুদার কবরের পাশে আবুল হাসানকে কবর দেওয়া হয়। তখন শীত ছিল। কবরে নামানোর সময় মহাদেব তাঁর কাশ্মীরি শালটি গা থেকে খুলে আবুল হাসানের কফিনে বিছিয়ে দেয়।বঙ্গবন্ধু শেখ মুজিব, জাতীয় চার নেতা ও আমার বন্ধু কবি আবুল হাসানকে নিয়ে আমি তখন কিছু কবিতা লিখি এবং ওইসব কষ্টজাত কবিতা নিয়ে মুক্তধারা প্রকাশনী থেকে ১৯৭৫ সালের ডিসেম্বরে প্রকাশিত হয় আমার ৬ষ্ঠ কবিতার বই ও বন্ধু আমার। ওই গ্রন্থটি আমি আমার ‘উদ্বাস্তু-উন্মূল যৌবনের’ (কথাটা আমার নয়, আবুল হাসানের) সঙ্গী ও সখা কবি আবুল হাসানকে উৎসর্গ করি। এখানেই লেখাটি শেষ হতে পারত। কিন্তু আবুল হাসান সম্পর্কে একটি জরুরি তথ্য জানাবার প্রয়োজন বোধ করছি, যা আমরা অনেকেই জানতাম না। আবুল হাসানও কোনো দিন আমাদের কাউকে বলেনি। আমাদের জেনারেশনের অনেকেরই প্রিয় বন্ধু আবু বাকার সম্প্রতি ১৯৭১ নিয়ে একটি আত্মজৈবনিক উপন্যাস লিখেছেন। ওই গ্রন্থে আবু বাকার জানিয়েছেন, ১৯৭১ সালের শেষ দিকে আবুল হাসানকে পাকিস্তানি সেনারা সদরঘাটে নির্দয়ভাবে প্রহার করেছিল। সম্ভবত আবুল হাসান সে দিন বরিশাল যাচ্ছিল বা বরিশাল থেকে ঢাকায় ফিরছিল। আবুল হাসানের এনলার্জ হার্টের (সম্প্রসারিত হূৎপিণ্ডের) সমস্যা ছিল অনেক আগে থেকেই। সদরঘাট টার্মিনালে পাকিস্তানি সেনাদের নির্যাতনের ঘটনাটি আবুল হাসানের বক্ষব্যাধির অবনতির কারণ হয়েছিল বলেই মনে হয়। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি সেনাদের দ্বারা অবরুদ্ধ ঢাকা নগরকে বাসযোগ্য বিবেচনা করার ‘লজ্জা’ ঘটনাটির মধ্যে জড়িত ছিল বলেই আবুল হাসান এ ঘটনাটি আমাদের কাছে চেপে গিয়ে থাকবে।আবু বাকারকে ধন্যবাদ, এ তথ্যটি তিনি আমাদের গোচরে এনেছেন। পাকিস্তানি সেনাদের কৃতকর্মের প্রতি অকৃপণ ঘৃণা প্রকাশের ব্যাপারে যাদের আগ্রহের ঘাটতি রয়েছে, আবু বাকার বর্ণিত ঘটনাটি তাদের কার্পণ্য দূরীকরণে সহায়ক হবে বলেই মনে করি। বেঁচে থাকলে আবুল হাসানের বয়স হতো ৬৩ বছর। মৃত্যু মানুষের বয়সকে বাড়তে দেয় না। আমাদের স্মৃতিতে আবুল হাসান তাই আজও সেই আটাশ (১৯৪৭-১৯৭৫) বছরেই স্থির হয়ে আছে। আবুল হাসানের ৬৪তম জন্মদিনে, তাঁর উদ্দেশে স্মরণ করছি সেই কবিতাটি, ওঁর মৃত্যুর পর পরই যা আমি লিখেছিলাম : ‘প্রেমিকারা নয়, নাম ধরে যারা ডাকে তারা ঝিঁঝি,তাদের যৎসামান্য পরিচয় জানা থাকা ভালো;বলতেই মৃত্তিকারা বক্ষ চিরে তোমাকে দেখালো—,অভ্যন্তরে কী ব্যাকুল তুমি পড়ো *ডুয়িনো এলিজি।কবরে কী করে লেখো? মাটি কি কাগজ? খাতা?ভালোবেসে উস্কে দিই প্রাণের পিদিম, এই নাও,অনন্ত নক্ষত্র তুমি, অন্ধকারে আমাকে সাজাওফের মাতৃগর্ভে, বলো দেবদূত, প্রেমিকা কি মাতা?এইসব ঝিঁঝি পোকা, এরা কি ঈশ্বর নাকি পাখি,উদ্বাস্তু-উন্মূল মোক্ষ, যৌবনের, কোন্ পাত্রে রাখি?পাপে-পুণ্যে এ পৃথিবী, এই প্রাণ তারচে’ অধিকে।আমি আছি, তুমি নেই—, এইভাবে দু’জন দু’দিকেঅপসৃত; —তাই তো নশ্বর নারী কবির বিশ্বাসে,ভালোবেসে যাকে ছুঁই, সেই যায় দীর্ঘ পরবাসে...।’(হাসানের জন্যে এলিজি, ও বন্ধু আমার, ১৯৭৫)* জার্মান কবি রাইনার মারিয়া রিলকে রচিত ‘ডুয়িনো এলিজি’ সিরিজেরকবিতাগুলো আবুল হাসানের প্রিয় ছিল।