জন্মবৃত্তান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমার পিতার নাম রশিদুল হক। রশিদুল হক নামটা একটু বেশি নিরীহ গোছের। আমার পিতার চাকরি, মানে যে সময়ের কথা বলছি, সে সময় তিনি যে চাকরি করতেন, তার সঙ্গে ‘রশিদুল হক’ নামটা খুব যায়। সে সময় তিনি ছিলেন জেলা প্রশাসকের দপ্তরের কেরানি। কেরানির নাম রশিদুল হক। এতে কারও কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি বলতাম, কেরানির নাম রশিদ হাসান কিংবা হাসান রশিদ, তাহলে অবশ্যই সমস্যা হতো। কারণ, এজাতীয় নামগুলো আমাদের কবি-সাহিত্যিকেরা পেটেন্ট করে নিয়েছেন।...কিন্তু এখানেই সমস্যাটার শুরু। ‘কেরানি’ চাকরি হিসেবে খুব নিরীহ হলেও রশিদুল হক মোটেও নিরীহ কেউ ছিলেন না। কেরানি হলেও তাঁর সাহিত্যজ্ঞান ছিল টনটনে। দপ্তরের কাজের ফাঁকফোঁকরে রশিদুল হকের হাতে দেখা যেত রবীন্দ্রনাথ-বঙ্কিম থেকে শুরু করে শীর্ষেন্দু-সুনীল।যে সময়ের কথা বলা হচ্ছে, জায়েদ হক তখন জনপ্রিয়তা পেতে শুরু করেছেন কেবল। আমার বাবা রশিদুল হক যে মফস্বলে আবাস গেড়েছিলেন, তার বইয়ের দোকানগুলোয় তখন জায়েদ হকের প্রেমনির্ভর উপন্যাসগুলো ঝুলতে শুরু করেছিল। রশিদুল হক অফিস থেকে ফেরার পথে পুঁথিঘর নামের দোকানটার সামনে সাইকেল থামাতেন। পুঁথিঘরের মালিক ভবেশ চক্রবর্তীর সঙ্গে ছিল তাঁর বিশেষ সম্পর্ক। এর অবশ্য কারণও ছিল। মাধ্যমিক আর উচ্চমাধ্যমিকের পাঠ্যবই আর নোট বেচার পর পুঁথিঘরের দুই পাশের রাস্তার দিকে হাঁ করে দাঁড়িয়ে থাকা কাঠের দরজায় যেসব শক্ত মলাটের উপন্যাস ঝুলত, রশিদুল হকই তার বাঁঁধা ক্রেতা। তাই অফিস শেষ করে রশিদুল হক পুঁথিঘরের সামনের খোলা জায়গাটায় রাস্তার পাশে সাইকেলের স্ট্যান্ড ফেলে সাইকেলটাকে তেরছা করে রেখে যখন দোকানে ঢুকতেন, তখন ভবেশ চক্রবর্তী তাঁর দিকে তাকিয়ে একটা খাতিরের হাসি হাসতেন। এরপর রশিদুল হকের কাজ ছিল দোকানের স্ট্যান্ডে হুক দিয়ে ঝোলানো উপন্যাসগুলোর কোনো একটার দিকে আঙুল তুলে ভবেশ বাবুর কর্মচারী বিমলকে আদেশ দেওয়া, ‘বিমল, বাঁ দিকের তিন নম্বর বইটা দেখি নতুন...।’ এরপর বিমলের দায়িত্ব হুক থেকে বইটা রশিদুল হকের হাতে সমর্পণ করা। তারপর রশিদুল হক সন্ধ্যা অবধি পুঁথিঘরের বিদ্যুৎ-বাতি জ্বলে ওঠার আগ পর্যন্ত ছোট্ট সেই মফস্বল শহরের রাস্তার বাতিগুলো একে একে উজ্জ্বল না হয়ে ওঠা পর্যন্ত ডুবে থাকতেন সেই বইয়ের মধ্যে। তারপর তৃতীয় বিকেলে, বইয়ের যখন শেষ পঞ্চাশ কি ষাট পাতা বাকি, রশিদুল হক এসে দেখতেন, পুুঁথিঘরে সেই বই আর নেই। ভবেশ বাবু বিমলকে চা দিতে বলতে বলতে রশিদুল হকের ছটফটানি দেখতেন। যদিও রশিদুল হক ছটফটানি চেপে রেখে একটা হাসি-হাসি মুখ করার চেষ্টা করে নিজ থেকেই বলতেন, ‘নতুন উপন্যাসটা মনে হয় বিক্রি হয়ে গেছে, না? এই বইটা একটু আনানোর ব্যবস্থা করেন ভবেশ দা...।’ তারপর ভবেশ দা পাশের দোকান থেকে বই আনানোর নাটক করতেন। বিমল এই নাটক করতে করতে অভ্যস্ত হয়ে গেছিল। সে অন্য দোকান থেকে বই আনার নাম করে দোকানের পেছনের স্টক থেকে সেই বইটাই এনে হাজির করত। এভাবেই একদিন জায়েদ হকের একটি আধপড়া উপন্যাস পুঁথিঘরে খুঁজে না পেয়ে ১২০ টাকা দিয়ে তা কিনে, সাইকেলের এক টানে রশিদুল হক সেই মফস্বলের মুন্সিপাড়ায় তাঁর বাড়ির টিনের গেট পর্যন্ত পৌঁছে যান।রশিদুল হকের স্ত্রী জোহরা খাতুন রান্নাঘরে চা বসিয়েছিলেন মাত্র। এমন সময় টিনের দরজার ওপাশে সাইকেলের বেলের তাড়া। দরজা খুলতে না-খুলতে রশিদুল হক যথাসম্ভব আস্তে-ধীরে বাড়িতে ঢোকার চেষ্টা করেন। এতে তাঁর ছটফটানি আরও বেশি প্রকট হয়। জোহরা খাতুনের কাছে এটা নতুন নয়। তিনি বুঝতে পারেন, রশিদুল হক নতুন কোনো বই নিয়ে বাড়ি ফিরছেন।জায়েদ হক তখন মাত্র লেখা শুরু করেছেন। বন্ধুরা বলাবলি শুরু করেছে, জায়েদের লেখায় তুমুল জীবন। প্রতিষ্ঠিতরা চিরাচরিত নীরবতার আড়াল নিয়ে আড়চোখে ঘাঁটছেন সেসব উপন্যাস, আর নিজেদের মধ্যে ‘তারুণ্যের চপলতা’ বলে দু-একটা টুকরোটাকরা মন্তব্য চালাচালি করছেন। কিন্তু জায়েদ হক লিখেই চলেছেন। প্রকাশকেরা বলছেন, ‘পাঠক খাচ্ছে, জায়েদ ভাই।’ জায়েদ হক তাঁর ভালোবাসার জীবন উপন্যাসে লিখে ফেলেন, ‘তারপর তাদের সেসব দিন কেটে যায়, নৌকার বৈঠা যেভাবে কেটে কেটে যায় বহতা নদী। তাদের জীবন নৌকা হয়ে ওঠে, ভালোবাসার নদী। হাশেম সাহেব নিয়মিত দেরি করে বাসায় ফিরতে থাকেন। তার কাছে তার অফিসের পৌনঃপুনিক নিয়ম আর তার অনুবর্তিতা অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠতে থাকে আয়েশা আক্তারের নাভির পাশের কালো তিলের রহস্য আবিষ্কারের চেয়ে। এভাবে দিন কেটে যেত, কিন্তু এক বিকেলে, না গোধূলিতে, হাশেম সাহেব অনুভব করেন, আয়েশা আক্তারের স্তনের আকুলতা কিংবা আশ্রয় তার আর মনে পড়ে না। আশ্চর্য! আয়েশা আক্তারের সঙ্গে তার বসবাস। অথচ, যে শরীর তার সামনেই কল থেকে পানি ভরছে বালতিতে—কী অচেনা সে শরীর!’ব্যস। এতটুকু পড়ে শেষ করেন রশিদুল হক। তারপর তাঁদের বাড়ির বাঁশের বেড়া দেওয়া রান্নাঘরে টিমটিমে বিদ্যুৎ-বাতির নিচে জ্বলজ্বলে উনুনের ওপর ভাপ ওঠা ভাতের হাঁড়ির সামনে বসে বটিতে কী যেন কুটতে থাকা জোহরা বেগমের দিকে তাঁর চোখ যায়। সেই গনগনে উনুন রশিদুল হকের ভেতর ঢুকে পড়ে। জোহরা বেগম আয়েশা আক্তার হয়ে ওঠেন। রশিদুল হক আয়েশা আক্তারের স্তনের আকৃতি মাপতে অস্থির হয়ে ওঠেন। সেই ভর সন্ধ্যায়, সেই গনগনে উনুনকে পাশে রেখে, সেই বাঁশের বেড়ার রান্নাঘরেই, রশিদুল হক জোহরা বেগম কিংবা আয়েশা আক্তারকে জাপটে ধরেন। জোহরা বেগম ধ্যাত্তেরি, ধুচ্ছাই করে ওঠেন। রশিদুল হক ব্যগ্র হয়ে উঠতে থাকেন। ব্যগ্রতা সংক্রমিত হয়। একটি হাত নাভির পাশের তিল খোঁজে। ব্যগ্রতা তীব্র হয়। রশিদুল হক আয়েশা আক্তারের সঙ্গে মিলিত হন...।এই ঘটনার দশ মাস পর আমার জন্ম।