
জয়নুল আবেদিন—আবুল মনসুর
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
প্রকাশক: বেঙ্গল পাবলিকেশনস লিমিটেড
৮০ পৃষ্ঠা
দাম: ২৭৫ টাকা
জয়নুল আবেদিনের ‘বিদ্রোহ’ ছবিটি তো দেখেছেন। সেই ১৯৬৬ সালে আঁকা। কালি আর তুলিতে কী অদ্ভুত দৃঢ়তা! ষাঁড়টি যেন ছবি থেকে বেরিয়ে এসে আশপাশের সবকিছু তছনছ করে ফেলবে! বিদ্রোহ শব্দটির মধ্যে যে তেজ আর বাঁধভাঙা বীরত্ব আছে, তার সবটুকুই যেন এই ছবিতে উদ্ভাসিত। ছবিটি মনকে মোহিত করে, পাশাপাশি নিজের ভেতরে গুমরে থাকা মুক্তি-চিন্তাকেও নাড়িয়ে দেয় বারবার।
কিন্তু এ কথা বলার সময় ১৯৪৩ সালে আঁকা ‘দুর্ভিক্ষ’ সিরিজটির উল্লেখ না করলে অন্যায় হবে। এও কালি ও তুলি। সেই দুর্ভিক্ষ নিয়ে তো অনেকেই এঁকেছেন। কিন্তু জয়নুল আবেদিন যা সৃষ্টি করলেন, তার তুলনা মেলা ভার। সিরিজের প্রতিটি ছবির মধ্যেই টের পাওয়া যায় মানবতা, মমতা আর ক্ষোভের মিশেল। গত শতাব্দীর চল্লিশের দশকে আমাদের এই উপমহাদেশে বাম আন্দোলন বেশ ভিত্তি পেয়েছিল। শিল্পীদের বড় একটা অংশ সর্বহারার পক্ষে শিল্প ও রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন। সে কথা বিবেচনায় নিয়েই বলতে হয়, জয়নুল আবেদিনের সৃষ্টির জায়গাটি ছাপমারা রাজনীতির নয়। বরং শাশ্বত সৌন্দর্যের পথে চলতে থাকা সামাজিক প্রবহমানতা হঠাৎ করে লন্ডভন্ড হয়ে গেলে একজন গ্রামীণ-আধা শহুরে মানসিকতার মানুষের মনে যে প্রচণ্ড বিক্ষোভ সৃষ্টি হয়, তারই নির্যাস এই ‘দুর্ভিক্ষ’। ফলে তা অনন্য।
আবুল মনসুরের লেখা জয়নুল আবেদিন বইটি পড়ছি বলেই সাহস করে কথাগুলো বলা গেল। জয়নুল আবেদিনকে দৃশ্যমান করার চেষ্টার শুরুতেই লেখক বাংলা ভূখণ্ডে চিত্রকলার অতীত ইতিহাসের প্রসঙ্গ তুলে এনেছেন। এতে ভারত উপমহাদেশে চিত্রকলা বিকাশের একটা রূপরেখাও আমরা পেয়ে যাই। জেনে নিই, প্রাচীন ভারতের ভিত্তিচিত্রের যে গৌরব, তা অজন্তা-ইলোরা-বাঘ ইত্যাদি অঞ্চলে, এগুলো বাংলা থেকে ভৌগোলিকভাবে অনেক অনেক দূরে। যাঁরা শিল্পে পৃষ্ঠপোষণা করতেন, অরণ্য-আচ্ছাদিত, শ্বাপদসংকুল দূরবর্তী বাংলা পর্যন্ত তাঁদের শাসনের হাত এসে পৌঁছায়নি। আবার জলাভূমি আর পলি মাটির এলাকা বলে ভৌগোলিকভাবেও বাংলা ছিল ভিত্তিচিত্রের অনুপযোগী। লেখক এখানে মনে করিয়ে দিয়েছেন, প্রচলিত বিদ্যায় আমরা উত্তর ভারতের শিল্পচর্চাতেই মেতে থাকি আর অগ্রাহ্য করি দক্ষিণ ভারতকে। খ্রিষ্টিয় অষ্টম শতাব্দী থেকে অনুচিত্র বা মিনিয়েচারের যে উন্মেষ ঘটল, তাতে বাংলার রয়েছে গৌরমময় অবদান। পাল সাম্রাজ্যের সময় থেকেই মূলত এই অঞ্চলে চিত্রকলা চর্চার ইতিহাস শুরু।
আবুল মনসুর খুব ভেবেচিন্তে পাল-সেন-মুসলিম শাসনকালের বিক্ষিপ্ত চিত্রকলা চর্চার উল্লেখ করে চলে এসেছেন খ্রিষ্টিয় বিংশ শতকের গোড়ায়। যে তিনটি ধারায় (মুঘলশৈলী, কোম্পানি চিত্ররীতি ও পশ্চিমা বাস্তবানুগ) বিকশিত হচ্ছিল চিত্রশিল্প, তার বাইরেও পটচিত্র ও লক্ষ্মীর সরা ইত্যাদিরও উপস্থিতি ছিল। এরপর ‘বেঙ্গল রেনেসাঁস’ নিয়ে খানিকটা বিশদে কথা বলেছেন লেখক। তাতে এই সমগ্রতায় জয়নুল আবেদিনের অবস্থানটি বোঝা সহজ হয়। নিতান্ত পশ্চাৎপদ একটি এলাকা থেকে (ময়মনসিংহ) কলকাতায় গিয়েছিলেন জয়নুল। কিন্তু তিনি তাঁর নাগরিক জীবনের সঙ্গে আধা গ্রামীণ, আধা মফস্বলি চরিত্রকেও জড়িয়ে নিয়েছিলেন। এ কারণেই অনন্য একটি জায়গায় পৌঁছাতে পেরেছিলেন।
এরপর ধীরে ধীরে জয়নুল আবেদিনের জীবনের পথটি অতিক্রম করা হয়েছে। তাঁর সৃজনশীল কাজের পাশাপাশি চিত্রধারা নিয়ে দ্বিধা, প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা, বিদেশ সফরে গিয়ে সমসাময়িক ও প্রাচীন শিল্পকলার সঙ্গে সরাসরি পরিচয়, বিদেশ-ফেরত শিক্ষার্থীদের সঙ্গে বিচিত্র চিত্রধারার বিষয়ে আলাপ-আলোচনা ইত্যাদি বইটিকে আকর্ষণীয় করে তুলেছে। কোনো কোনো পৃষ্ঠায় ছোট করে তাঁর আঁকা ছবির ব্যবহারে মার্জিত রুচির পরিচয় রয়েছে। কিছু ছবি ‘চিত্রাবলি’ নামে আলাদা করে দেওয়া হয়েছে। ‘পাইন্যার মা’, ‘গুনটানা’, ‘দুই বোন’, ‘সাঁওতাল পরিবার’সহ বেশকিছু বৈচিত্র্যময় ছবি আছে এ অংশে। শুরু-শেষ দুদিকেই রয়েছে ‘সংগ্রাম’ ছবিটি। সবশেষে সন্নিবেশিত হয়েছে জীবনপঞ্জি।
ছোট বই, মাত্র ৮০ পৃষ্ঠার। কিন্তু পড়তে শুরু করলে শুধু জয়নুল নন, চিত্রকলার নানা ধারা ও সেসব ধারার কৃতী মানুষদের আনাগোনায় বিভোর হয় মন। প্রায় শুরুর দিকেই জয়নুলের মূল্যায়নে লেখক যা বলেছেন, সে কথা উল্লেখ করা অপ্রাসঙ্গিক হবে না: ‘বিশ্বশিল্পের বিস্তৃত ইতিহাসে জয়নুল আবেদিন হয়তো অতুলনীয় কোনো শিল্প-প্রতিভা নন।...তবে ভারতীয় উপমহাদেশের প্রেক্ষাপটে তিনি অবশ্যই নব্য রূপ-ভাবনার এক অগ্রগণ্য ও পথিকৃৎ শিল্পী।’ এই মূল্যায়নে বিশ্বাস রেখে বইটি পড়লে পড়ার আনন্দ বাড়বে বৈ কমবে না।