জয়নুেলর নকশিকাঁথার সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পালকি কাঁথা, সংগ্রহ: জয়নুল আবেদিন
পালকি কাঁথা, সংগ্রহ: জয়নুল আবেদিন

গত ২৩ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে অনুষ্ঠিত হলো নকশিকাঁথার একটি বিশেষ প্রদর্শনী। শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উপলক্ষে তাঁর সংগ্রহ থেকে নির্বাচিত নকশিকাঁথা নিয়ে আয়োজন করা হয়েছিল এ প্রদর্শনী। নকশিকাঁথা গবেষক শীলা বসাকের তথ্য অনুযায়ী জয়নুল আবেদিন সংগ্রহ করেছেন ৩৭টি কাঁথা। এর মধ্যে ২২টি কাঁথা প্রদর্শিত হয়েছে এ প্রদর্শনীতে।
জয়নুল আবেদিনের নকশিকাঁথা সংগ্রহের বিষয়টি তাৎপর্যপূর্ণ। প্রথমে ব্যক্তিগতভাবে লোকশিল্প সংগ্রহ শুরু করেন জয়নুল। এসব কর্মকাণ্ড থেকেই তাঁর মধ্যে দানা বাঁধে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা।
লোকশিল্প শিল্পগুণসমৃদ্ধ, বাঙালি ঐতিহ্যের অংশ—এমনই মনে করতেন তিনি। তাঁর সংগৃহীত কশিকাঁথাগুলোতেও এ কথার সত্যতা রয়েছে।
এবারের প্রদর্শনীর নকশিকাঁথার মধ্যে বেশির ভাগই উনিশ ও বিশ শতকের। কাঁথাগুলোর মধ্যে রয়েছে নড়াইল ও যশোরের আসন কাঁথা ও সুজনি কাঁথা, খুলনার বোঁচকা কাঁথা, পালকির কাঁথা প্রভৃতি।
গ্রামের নারীদের হাতে তৈরি নকশিকাঁথায় রঙিন সুতা ও সুচের মাধ্যমে পুরো কাপড়ের ওপর তাঁরা ফুটিয়ে তোলেন তাঁদের বাস্তব ও কল্পনার জগৎ, আশা-আকাঙ্ক্ষা। তাই কাঁথার নকশায় মোটিফ হিসেবে দেখা যায় গাছ, মাছ, ঘর, কুলা, থালা, জাঁতি, পান, সুপারি, আয়না, চিরুনি, অলংকার, ফুল, পশু, পাখি, মসজিদ, মন্দির প্রভৃতি। এসবের মধ্যে অনেক মোটিফের আবার আছে প্রতীকী ব্যঞ্জনা।
এবার একটি কাঁথার দিকে চোখ ফেরানো যাক। জয়নুল সংগৃহীত একটি আসন বা পালকি কাঁথার সাদা জমিনে নকশা করা হয়েছে লাল ও কালো সুতা দিয়ে। মাঝখানে ফুল, এর পাশে একিট বড় কাঁচি, পাশে চিরুনি, মাছ, পাখি, ফুল, হরিণ, হাতি ইত্যাদি মোটিফ। বর্ডারে লাল ও কালো সুতা দিয়ে করা হয়েছে চোখ তাগা নকশা। কাঁথাটিতে লেখা আছে ‘সুখে থাকো, বাদসার বোসিবার আষোণ, সাজানের মাতার তৈরী।’ এভাবে নারী হৃদয়ের শুভ আশা ও কামনায় জারিত হয়ে নকশিকাঁথা বাঙালির মনে সৃষ্টি করেছে শিল্পের মাধুর্য। শিল্পাচার্যের কাঁথা সংগ্রহকে তাই এই শিল্পের সামগ্রিকতাকে ধরে রাখার একটি প্রচেষ্টা হিসেবে গণ্য করা যেতে পারে।