জলরঙে গ্রামীণ প্রকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহরকে কেন্দ্র করে জীবনযাপনে ব্যস্ত নাগরিকদের অধিকাংশের ‘নাড়ি’ গ্রামে, মাটিতে পুঁতে রাখা। বাংলাদেশ এখনো কৃষিপ্রধান ও গ্রামপ্রধান দেশ। এ দেশে মেট্রোপলিটন শহরের বিকাশ খুব বেশি পুরোনো গল্প নয়।শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস ছবি এঁকেছেন বাংলাদেশের চিরচেনা রূপসী গ্রামের জীবন ও প্রকৃতির। মাধ্যম জলরং। শিল্পীর গ্রামের জীবন-প্রকৃতি নিয়ে শিল্পচর্চায় গুরুত্বপূর্ণ দর্শন হলো, তিনি সর্বদাই নিরাকার সৃষ্টিকর্তার উপস্থিতি অনুভব করেন প্রকৃতির মধ্যে। এই মরমি অনুভূতি থেকেই আঁকেন মানুষ ও প্রকৃতির নিত্যবহমান জীবনের সম্পর্ক। নড়াইলের চিত্রা নদীর পাড়ে শিল্পী এস এম সুলতানের শিশুস্বর্গে ছবি আঁকার যাত্রা শুরু। ফলে সুলতানের একটা প্রভাব পাওয়া যায়, বিষয় নির্মাণে যদিও দর্শন আলাদা। জলরং মাধ্যমের রঙের বর্ণায়নে নিজস্বতা থাকলেও সুলতানের প্রভাব কিছুটা রয়েছে। বিশেষত, সুলতান যেভাবে সরাসরি সহজাত গ্রামীণ শিল্পীদের রং ও কম্পোজিশনকে গুরুত্ব দিয়েছেন নিজের কাজে, অনেকটা সে রকম। বিমানেশ চন্দ্র বিশ্বাসের নিসর্গের ছবিতে মানুষ এসেছে কর্মব্যস্ত অথবা কাজের মধ্যে বিশ্রামরত অবস্থায়। মাঠে গরু চরাতে এসে গাছের ছায়ায় শুয়ে-বসে একটুখানি জিরিয়ে নেওয়ার দৃশ্য খুব সাধারণভাবেই স্থান পেয়েছে শিল্পীর চিত্রপটের গল্পে। নারী-পুরুষ-শিশু—প্রত্যেকেরই নিজস্ব চরিত্রায়ণ ঘটেছে সুন্দর ও সুখী জীবনের দৃশ্যায়নে; রুগ্ণ-জীর্ণ মানুষ অনুপস্থিত।শিল্পী বিমানেশের জলরং মাধ্যমের ধরনটিতে অস্বচ্ছতার চর্চা ও রঙের ব্যাকরণ মেনে গ্রেডেশনে বিবিধ বস্তুকে প্রতিটি থেকে আলাদা করেছেন। এতে তুলির স্ট্রোক ব্যবহার করেছেন অস্বচ্ছভাবে। ফলে জলরঙের নরম আবেশের পরিবর্তে সৃষ্টি হয়েছে অনমনীয় রসবোধে। এটি শিল্পীর নিজস্ব ধরন বলা যেতে পারে। কারণ, প্রতিটি ছবি একই রকম স্ট্রি-কৌশলে করা। ফলে দর্শক—যাঁরা এমন জলরং দেখে অভ্যস্ত, তাঁদের রূপ-রসবোধে বিঘ্ন ঘটতে পারে কিংবা নতুনের স্বাদ পেতে পারেন। গ্রামীণ জীবনের ছবি আঁকলেও এতে সবুজের পরিমাণ খুব কম, বরং হলুদ, মেটে রং ও কাগজের রঙের কাছাকাছি গ্রেডের রঙের হালকা ওয়াশ লক্ষণীয়।গ্রামকে দেখা হয়েছে যেন কিছুটা দূর থেকে দাঁড়িয়ে, রোমান্টিসিজমে। ফলে গ্রামের প্রকৃতির বিস্তীর্ণতা ধরা দেয়। ছবির ফ্রেমের কম্পোজিশন অনুভূমিক। অনেক ছবিতে মূল বিষয়কে ফোকাস করতে আকৃতি বড় করে দিয়েছেন অন্যান্য বিষয়ের তুলনায়। পরিপ্রেক্ষিতও খুব রীতিসিদ্ধভাবে ব্যবহূত হয়নি। ছবিতে ইম্প্রেশনিস্ট ধারার প্রভাব রয়েছে। নড়াইলের গ্রামের প্রকৃতির চিত্রায়ণ পরিবর্তিত হয় সুন্দরবনের চিত্রায়ণে। এখানে সবুজের আধিক্য কিছু বেশি। রয়েছে প্রতিটি চিত্রপটের উপস্থাপনার বৈচিত্র্যহীনতা। মেট্রোপলিটন শহরের দর্শক হয়তো আন্দোলিত হবেন জলরঙে গ্রামীণ প্রকৃতি দেখে। আবার শিল্পবোদ্ধারা হয়তো বিষয়ের বৈচিত্র্যহীন ল্যান্ডস্কেপে বিষণ্ন হবেন।নিভৃতচারী শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস ১৯৫৩ সালে নড়াইলে জন্মগ্রহণ করেন। ১৯৬৮ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত নড়াইলে শিশুস্বর্গে ছবি আঁকার শিক্ষা নেন। ১৯৮০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। অসংখ্য দলবদ্ধ প্রদর্শনীতে অংশ নিয়েছেন তিনি। ব্যক্তিগত ও জাতীয় পর্যায়ে তাঁর কাজ সংগৃহীত হয়েছে। তিনি বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের চেয়ারম্যান।২০ সেপ্টেম্বর বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে শুরু হওয়া ‘গ্রামীণ প্রকৃতি’ শীর্ষক একক প্রদর্শনীটি চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। এতে চিত্রকর্মের সংখ্যা ৪৫।