
নজরুলের গান ‘আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় অই...’ সুর থেকে যেন বিম্বিত হয়েছে চিত্রপটে, জলরঙের মাধুর্যে শিল্পী সাঈদা কামালের হাতে। কাছের পাহাড় থেকে ক্রমান্বয়ে দূরে দূরে একেকটা পাহাড় যেন মিলেমিশে আকাশে হেলান দিয়ে আছে। কাছের পাহাড়ে সবুজ, ক্রমাগত দূরে যেতে যেতে সে যেন নীলাভ হয়, মিলে যায় আকাশ-নীলের সঙ্গে।
আমাদের দেশের পার্বত্য অঞ্চলে পাহাড়-সারির এই নন্দিত অবয়ব দেখা যায়। কাগজের বুকে জলরঙে বিশেষ এই রূপটি তুলে ধরে সাঈদা কামাল ছবিটির শিরোনাম দিয়েছেন ‘নীরবতা’।
সাঈদা কামালের এ রকম আরেকটি চিত্রকর্মে দেখা যায়, বালিয়াড়ি আর সমুদ্র পেরিয়ে উড়ে যাচ্ছে বলাকার দল। এটি যুক্তরাজ্যের সাসেক্সের ওর্থিং সৈকতের ছবি।
এই ছবি দুটি ‘কত অজানারে’ শীর্ষক সাঈদা কামালের নবম একক চিত্র প্রদর্শনীর অন্তর্ভুক্ত। ৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রদর্শনীটি হয়ে গেল ঢাকার ধানমন্ডিতে এডওয়ার্ড কেনেডি সেন্টারে। সাম্প্রতিককালে শিল্পীর আঁকা ৪৪টি ছবি ছিল প্রদর্শনীতে।
সাঈদা কামালের জন্ম ভাষা আন্দোলনের উত্তাল বছর ১৯৫২ সালে। কবি সুফিয়া কামালের কনিষ্ঠ কন্যা তিনি। ১৯৭২ সালে ঢাকার তৎকালীন চারু ও কারুকলা মহাবিদ্যালয় (বর্তমান চারুকলা অনুষদ) থেকে চিত্রকলায় স্নাতক সম্পন্ন করেছেন।
প্রদর্শনীর ব্রোশিওরে শিল্পী লিখেছেন, ‘নিজের কাছে ছবি আমার বড় ব্যক্তিগত, অন্তর্গত কবিতার মতো, গানের মতো। জলরঙের স্বপ্নময়তা, রহস্যময়তা, গতি মাধুর্য আমাকে মোহাবিষ্ট করে রাখে, আলোড়িত করে, ভাবায়—কাজ করবার প্রেরণা জোগায়। নিসর্গ নানাভাবে ধরা দেয় আমার চোখে—কখনো ভারাক্রান্ত, খুলে দেয় রূপরসগন্ধ—স্পর্শময় স্মৃতির দরোজা। এ ভালো লাগা কখনো ফুরায় না। জীবনের বহু ঘাত-প্রতিঘাত পেরিয়ে আনন্দ-বেদনার ভারে সম্পৃক্ত কিছু ছবি নিয়ে আমার এ প্রদর্শনী।’
নিজের দেখা নিসর্গের নানা বিষয়কে বাস্তবানুগভাবে তুলে ধরেন সাঈদা কামাল। তাঁর কাজের আরেকটি দিক—চিত্রকর্মকে রোমান্টিক ধাঁচে তুলে আনার চেষ্টা। শিল্পীর চোখ দিয়ে দেখা নানা সৌন্দর্যের বিষয়-আশয় আমরা দেখতে পাই তাঁর কাজে। তিনি একেবারে ঘরের কিংবা কাছে-পিঠের সরল সৌন্দর্য দেখে আঁকেন, আবার কখনো কখনো হাত বাড়ান প্রকৃতির অফুরান সৌন্দর্যের প্রতি। নম্র-স্বভাব জলরঙে ওই সৌন্দর্যের অনুবাদে কাজগুলো সত্যিই মুগ্ধতা-জাগানিয়া।
এবারের প্রদর্শনীর চিত্রকর্মগুলো যেন ভ্রমণপিয়াসী এক চিত্রকরের দিনলিপি। এ জন্যই কি শিল্পী প্রদর্শনীর শিরোনাম রেখেছেন ‘কত অজানারে’?
আকারে তুলনামূলক ছোট কাগজে আঁকেন সাঈদা কামাল। তিনি ঘুরে বেড়িয়েছেন দেশ-বিদেশে বিভিন্ন জায়গায় আর সেসব এলাকার দর্শনীয় বিষয়বস্তুর ছবি এঁকেছেন সহজে বহনযোগ্য স্কেচবুকেই।
ফলে সাঈদা কামালের ছবিতে আমরা পাই বান্দরবানের দূর পাহাড়। এঁকেছেন নাইক্ষ্যংছড়ির ঝরনা, পুরান ঢাকার গলি, সুন্দরবনের ছবি। শিল্পী আরও এঁকেছেন পত্রপল্লবশোভিত লন্ডনের বাড়ি, ভুটানের থিম্পুর পাহাড় কেটে তৈরি সিঁড়িসমেত প্রকৃতি। এমনকি জানালা দিয়ে দেখা ফুল বাগানের ছবি, লরেন্সের বাগান, মৃৎপাত্রে ফুলের সাজ...এবং পুরান ঢাকার চাপাগলির ছবিও। এসব কাজ দেখে একধরনের মুগ্ধতার অনুভব মনে আসে। শিল্পীর চোখ দিয়ে যেন দর্শকেরাও দেখে নিতে পারেন নানান দেশের নানান সময়ের নিসর্গ-রূপ।