জলসংসার
বুকের ভেতর মুখ রেখেছি মুখের ভেতর বুক,
আমরা যখন উতল হাওয়া উনুনে উন্মুখ।
লক্ষ জনম উড়ছি ঘুরছি কোন হাবিয়ার ওমে?
জানেন দেবী আফ্রোদিতি কাতুল্লুসের রোমে।
হাজার দুয়ার হাওয়াখানা রাজপ্রাসাদে বাস,
মোগল হেরেম পাহারা দেয় খোজা ক্রীতদাস।
সোনার খাঁচার শুকপাখিটির উড়ে যেতে মানা
সুখ চিরদিন উড়াল ডানা রাতকানা দিনকানা।
ঘরের ভেতর ঘরবন্দী মনের ভেতর মন
ভুবনজোড়া খাজাবাবার ময়ূর সিংহাসন।
শিকারি চোখ মেলছে ডানা জলপদ্মার চরে
মানিকজোড়ের কেউ ফেরে না হঠাৎ একা ঘরে।
আমার বাড়ি তোমার বাড়ি এককাচারি বাড়ি
জন্মে জন্মে দখলস্বত্ব নিয়ে কাড়াকাড়ি।
তরুমানুষ দাঁড়িয়ে উড়ি বিশ্ব-তপোবন
অঙ্গে অঙ্গে জলতরঙ্গে সৃষ্টি-শীর্ষাসন।
মুখের ভেতর বুক রেখেছি বুকের ভেতর মুখ
আমরা যখন বুকে মুখে দোহনদুখী সুখ।
সাত সমুদ্র তেরো নদী গহন গতিবিধি
আমি তোমার তুমি আমার গোপন প্রতিনিধি।
তুমি গহন তুমি দহন তুমি আপন-পর
আমি তোমার জলসংসার হঠাৎ ডুবোচর।