জলাভূমির গান
সং অব আওয়ার সোয়াম্পল্যান্ড (সাহিত্য প্রকাশ, ২০১১) মুক্তিযুদ্ধের সময়কার গল্প। একাত্তরজুড়ে সে কাহিনির বিস্তার। এই বই পড়ার আগ পর্যন্ত এই গ্রন্থের লেখক মঞ্জু ইসলামের নাম শুনিনি, তাঁর কোনো বইও পড়িনি। দীর্ঘদিন থেকে তিনি দেশের বাইরে, তাঁর সঙ্গে অপরিচয়ের সেটি সম্ভবত অন্যতম কারণ। ইংল্যান্ডের গ্লচেস্টারশায়ার বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের অধ্যাপক, গোটা দুয়েক ইংরেজি উপন্যাসের লেখক তিনি। এমন একজন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভিত্তিতে ইংরেজিতে একটি পূর্ণাঙ্গ উপন্যাস লিখেছেন, ফলে অতিরিক্ত আগ্রহ নিয়েই বইটি পড়লাম।এখন সে বই শেষ করার পর আমি নিশ্চিত নই, এই বইতে ঠিক কী বলতে চেয়েছেন লেখক। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে একটি রূপক হিসেবে ব্যবহার করে একটি বৃহত্তর মানবিক সংকটের অনুসন্ধান তাঁর লক্ষ্য, নাকি বাংলাদেশের জন্মের ভেতরই তার অব্যাহত সংকটের সূত্র লুকিয়ে আছে, আর সে কথা বলতেই কতিপয় রূপক চরিত্র নিয়ে একটি প্যারাবল নির্মাণ করেছেন? অথবা এর বাইরে অন্য কিছু, যা আমি হয়তো ধরতেই পারিনি?কামাল এই গ্রন্থের মুখ্য চরিত্র। শুরুতেই আমরা জানতে পারি, ‘মুখের বদলে তার রয়েছে একটি গর্ত।’ বিকলাঙ্গ কামাল জন্মের শুরুতে পরিত্যক্ত হয়ে আশ্রয় পায় গ্রামের উষ্ণ-হূদয় শিক্ষক আব্বাস মিয়ার গৃহে। কথা না বলতে পারলেও আব্বাস মিয়ার ঔদার্যে জ্ঞানচর্চার সুযোগ পায় সে। তাঁর কন্যা মণি বেগম কামালের শৈশবের খেলার সাথি। ভাইবোনের মতো বড় হয়েও তাদের দুজনের মধ্যে ছিল অকথিত ভালোবাসা। ২৪ মার্চ ১৯৭১ মণি বেগমের বিয়ে হয়, কামালই তাকে রেখে আসে শ্বশুরবাড়িতে। শুরু হয়ে যায় মুক্তিযুদ্ধ। যুদ্ধের তাণ্ডব থেকে রক্ষা পেতে আব্বাস মিয়া একটি কাঠের নৌকা নির্মাণ করেন। ‘নূহ নবীর কিস্তি’র মতো সেই নৌকায় আব্বাস মিয়ার পছন্দমতো ১০ জন যাত্রী নিয়ে নদীতে ভেসে পড়েন তাঁরা। ইতিমধ্যে পাকিস্তানি সেনাদের হামলায় নিহত হন আব্বাস মিয়ার স্ত্রী, যে হত্যার প্রত্যক্ষদর্শী কামাল। এদিকে আব্বাসের নৌকায় আশ্রয় নেয় একটি অজ্ঞাত পরিচয় মেয়ে। আমরা জানতে পারি, কুলসুম নামের মেয়েটি বিহারি, মুক্তিযুদ্ধের কোনো একপর্যায়ে তার পরিবারের সবাই নিহত হয়েছে। অনুল্লিখিত হলেও আমরা অনুমান করি, বাঙালিরাই সে মৃত্যুর কারণ। কিস্তির অধিকাংশ যাত্রী কুলসুমকে গ্রহণে অস্বীকার করলেও কামাল তাকে আগলে রাখে, রক্ষা পাবে ভেবে মেয়েটিকে বিয়েও করে। এদিকে তত দিনে পাকিস্তানি হামলা এড়িয়ে মণি বেগম ও তার স্বামী মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছে। একসময় মণি বেগমের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা এসে চড়াও হয় আব্বাস মিয়ার কিস্তিতে। মণি বেগমের দাবি, ওই বিহারি মেয়েটিকে তার হাতে ছেড়ে দিতে হবে। কামাল জানায়, সে মেয়েটি নেই। মিথ্যা বুঝেও মণি বেগম কোনো প্রতিবাদ না করে চলে যায়। এরপর সে কিস্তিতে হামলা করে পাকিস্তানি সেনারা। কামাল ও কুলসুম ছাড়া সে হামলায় নৌকার সব যাত্রী নিহত হয়। বিহারি মেয়েটিকে উদ্ধার করে নিয়ে যায় পাকিস্তানি কমান্ডার। অজ্ঞাত কারণে সে কমান্ডারের ধারণা, বাক্হীন ও কদাকার কামাল প্রকৃতপক্ষে অতি ধূর্ত ও বুদ্ধিমান। প্রবল অত্যাচারের মুখেও কোনো তথ্য জানায় না কামাল। অবশেষে পাকিস্তানি মেজরের গৃহে আশ্রয়প্রাপ্ত কুলসুমের সাহায্যে রক্ষা পায় কামাল। তারা দুজন পালিয়ে আশ্রয় নেয় এক বিরান দ্বীপে। একসময় গর্ভবতী হয় কুলসুম। ক্রমেই ভোর হয়, শেষ হয় যুদ্ধ। বাঙালি কামাল ও উর্দুভাষী কুলসুমের গর্ভে নতুন চরে জেগে ওঠা ধানের মতো বাড়তে থাকে তাদের সন্তান।উপন্যাসের একটি বড় অংশজুড়ে থাকে অজ্ঞাত যাত্রায় পরিক্রমণরত নৌকা ও তার আরোহীদের দ্বন্দ্বময় কাহিনি। এই নৌকা, সে কি মুক্তির সন্ধানরত বাংলাদেশের প্রতীক? যে ১০ জন সে নৌকার যাত্রী—কেউ সৎ, কেউ অসৎ, কেউ খুনি, কেউ উদার, কেউ সাম্প্রদায়িক, কেউ ধার্মিক—তাদের বাংলাদেশ নামক গ্রামের প্রতীক বলে মেনে নিতে অসুবিধা নেই, কিন্তু তাদের অধিকাংশই তো নিহত হয়। তাহলে অবশিষ্ট কামাল ও কুলসুম, যাদের একজন অসম্পূর্ণ মানব ও অন্যজন বহিরাগত, তারাই কি নতুন বাংলাদেশের প্রতীকী প্রতিনিধি? আমার কাছে এই আবিষ্কার গ্রহণযোগ্য মনে হয় না। এই গ্রন্থের মুখ্য চরিত্র বিকলাঙ্গ, তা কি এই জন্য যে বাংলাদেশ তার জন্মের প্রভাতেই একটি কীটদষ্ট অভিযাত্রা? এই প্রশ্নের কোনো উত্তর এই বইতে মেলে না।কাহিনির প্রথমার্ধ যদি বা মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতার পরিলেখ অনুসরণ করে, কিন্তু দ্বিতীয়ার্ধে এসে সে অন্তর্যাত্রা সম্পূর্ণ বদলে যায়। সেখানে মুখ্য হয়ে ওঠে ‘বহিরাগত’ কুলসুম ও কামালের একে অন্যকে গ্রহণ ও প্রত্যাখ্যানের দ্বান্দ্বিক অভিজ্ঞতা। কুলসুম এই কাহিনির ‘অপর’ চরিত্র—অর্থাৎ ‘দি আদার’। সত্য-অসত্য নানা ধারণা ও পরিচয়ের অভিঘাত আমাদের মনে দানা বাঁধে ‘অপর’ বোধ, যা কিছু অপরিচিত, অগ্রহণযোগ্য ও শত্রুভাবাপন্ন; তাই আমাদের চোখে ‘অপর’। অথচ অন্তর্গতভাবে ‘অপর’ আমাদের চেয়ে মোটেই ভিন্ন কিছু নয়। তারও রয়েছে আমাদের মতোই বেঁচে থাকার আগ্রহ, সংসার নির্মাণের স্বপ্ন, নানা দৈনন্দিন উদ্বেগ ও টানাপোড়েন। ফলে সব বিপন্নতা অতিক্রম করে একসময় কামাল ও কুলসুম একে অপরকে গ্রহণ করে ও একে অপরের কাছে নির্ভরতার আশ্রয় খুঁজে পায়। তাদের মিলনের ফসল যে অনাগত শিশু, সে হবে নতুন বাংলাদেশের স্বাগত নাগরিক।কাহিনির এই যে মোচড়, তা যদি বুদ্ধিবৃত্তিগতভাবে আমি মেনেও নিই, কিন্তু সে গল্পকে বাংলাদেশের প্যারাবল বলে মানার কোনো কারণ আমি দেখি না। আত্মপরিচয় নিয়ে আমাদের দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু ‘অপর’-এর সমস্যা আমাদের সংকটের কেন্দ্রে নয়। বিহারি, বিশেষত, আটকে পড়া পাকিস্তানিদের নিয়ে যে মানবিক সমস্যা, তা মুখ্যত রাজনৈতিক। বিহারি না হয়ে হিন্দু-মুসলমানের বৈরী রাজনৈতিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতাকে এই সংকটের টেম্পলেট হিসেবে ব্যবহার করা হতো, তা সম্ভবত অনেক বেশি বাস্তবানুগ ও বিশ্বাসযোগ্য হতো।এই বই পড়তে গিয়ে আমার মনে হয়েছে, খালি গায়ে যেন একটি পশমি সোয়েটার পরে আছি। উপন্যাসটির আসল সমস্যা, আমার বিবেচনায়, একটি পূর্ব-অনুমিত সিদ্ধান্ত ও সেই সিদ্ধান্তের ভিত্তিতে গল্পের একটি ওপর-কাঠামো নির্মাণের চেষ্টা। ফলে পুরো কাহিনিবিন্যাসে স্বতঃস্ফূর্ততার বদলে এসেছে কষ্টকল্পনা। লেখক কী বলতে চান, তা ধরা পড়ে লেখক-পরিচিতিতে প্রদত্ত তথ্য থেকে। আমরা জানতে পারি, ইংল্যান্ডে অবস্থানকালে তাঁর গবেষণা ও অনুসন্ধানের মুখ্য বিষয় ছিল জীবনচারিতায় আমাদের চেয়ে ভিন্ন এমন মানুষের মুখোমুখি আমরা কীভাবে হই এবং তার ফলে কী কী পরিস্থিতির উদ্ভব হয়। বর্ণ বিভক্ত ইংল্যান্ডে এই নিরীক্ষণের প্রাসঙ্গিকতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে তা প্রয়োগ করার জন্য লেখক একটি গ্রামীণ মহিলার বয়ানিতে এ কথাটি বলেন, ‘যদি কেউ তোমার দ্বারে এসে নাড়া দেয়, “কে” এই প্রশ্ন তুমি করো না। তুমি তার মুখের দিকেও তাকিয়ে দেখো না। তখন তোমার সাধ্যে কুলায় এমন সবকিছুই তুমি করবে।’ কুলসুম চরিত্রটি লেখকের এই থিসিস প্রমাণের জন্য একটি হাতল-বিশেষ। একই কথা বলা যায় কামাল, মণি বেগম অথবা বৃদ্ধ আব্বাস আলী সম্বন্ধে। বস্তুত, এদের কাউকেই সম্পূর্ণ মানবিক চরিত্র বলে মনে হয় না—মনে হয় তারা লেখকের নিজস্ব প্রয়োজনে একেকটি ‘কনসেপ্ট’ বা পূর্ব-ধারণা মাত্র। কনসেপ্টের ভিত্তিতে টার্ম পেপার লেখা চলে, কিন্তু উপন্যাস হয় বলে আমার মনে হয় না।২৪ অক্টোবর ২০১১নিউইয়র্ক