জলে জোছনার কারুকাজ
চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র চত্বরে জাপানি ও অন্য নতুন সব মডেলের গাড়ির মেলা বসেছে। বেচাকেনা চলছে। অনেকটা যেন কোনো গ্রোসারিজ মলের দৈনন্দিনের হাটবাজারের মতো। প্রায় প্রতিটি গাড়ির পাশে দাঁড়িয়ে সদা হাস্যময়, লাস্যময়ী তরুণী মডেল। তাঁদের কথাবার্তা, অঙ্গভঙ্গি, দেহরেখাও কম আকর্ষণীয় নয় বিশিষ্ট ক্রেতাসাধারণের কাছে। যাঁরা এসব কেনার ক্রয়ক্ষমতার ধারেকাছেও হয়তো কোনো দিন আসতে পারবেন না, তাঁদের আনাগোনাও জমজমাট। জমে উঠেছে নানা মডেলের গাড়ির বাজার। বুকিং, নিবন্ধীকরণের পাশাপাশি কোম্পানির এজেন্টরা যাঁর যাঁর ব্র্যান্ডের গাড়ির গুণাগুণ প্রচারে মুখে ফেনা তুলছেন।মেকি নয়, আসল ক্রেতাদের কেউ কেউ তা মনোযোগ দিয়ে শোনেন। আহসান তালুকদার সেই দলের একজন। তিনি নামকরা বেসরকারি এক ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট। তাঁর নতুন গাড়ি নেওয়ার মেয়াদ পেরিয়ে গেছে। অফিস তাড়া দিয়েছিল আজ সকালে। সামনে ইয়ার এন্ডিংয়ের হিসাব-নিকাশ চলছে। অ্যাকাউন্টস জানিয়েছিল, টাকাটা সময়মতো ব্যবহার করতে না পারলে ল্যাপস হয়ে যাবে। সিনিয়র পর্যায়ে যাঁর যা পাওনা তা তাঁরা নিয়ে নিয়েছেন; বরং আগেভাগেই, মোটামুটি শোরগোল করে। এর একমাত্র ব্যতিক্রম আহসান তালুকদার। কাজে যথার্থ যোগ্যতার কারণে ব্যাংকিং অথরিটির এক প্রধান মুখপাত্র তাঁকে আগাম ব্যাপারটা জানিয়েছিলেন উৎফুল্ল হয়ে। কিন্তু আহসান এতে খুব একটা গা করেননি। নতুন মডেলের গাড়ি নিতে হয় নেওয়া যাবে...।আজ অ্যাকাউন্টসের তাড়া তাঁকে খানিকটা ভাবালু করে তোলে। এ সময় তাঁকে সচেতন করে তুলতে থাকে যে সময়মতো পাওয়া বা না-পাওয়াও বুঝে না নিতে পারলে তা হারিয়ে যাওয়ার, হারিয়ে ফেলার আশঙ্কা থাকে। পেয়ে না-পাওয়ার বেদনাটা যে আজও তাঁর পিছু ধাওয়া করে সময় সময়! মনে পড়ে, বিশখার কথা। আহসানের দেওয়া নাম। বিশখার আসল নাম ছিল গুলবাহার। গুলবাহারের আগে-পরে আরও দু-একটা নোকতা-নোলক ছিল, তা আজ তাঁর ভালো মনে নেই। কিন্তু ‘বিশখা’ নামটা একসময় তাঁর কাছে মনে হতো এক জ্বলন্ত অঙ্গার। এর যেমন ঔজ্জ্বল্য ছিল, উত্তাপ ছিল, জ্বালিয়ে-পুড়িয়ে তাঁকে খাক করে দেওয়ার ক্ষমতা ছিল। বিশ-পঁচিশ বছরের ব্যবধানে তা কমেছে খানিকটা। তবে ক্ষণে ক্ষণে তুষের আগুনে কমবেশি বাতাস লাগার মতো তা আজও জ্বলে-নেভে। জ্বলে জ্বলে নেভে। নিভে নিভে আবারও জ্বলে। অতীত থেকে বর্তমানে ফিরতে তাঁর সময় লাগে না। এটা তাঁর অভ্যাসে পরিণত হয়েছে। এটা তাঁর টেকনিক্যাল ব্যবস্থাপনার এক দিক। তাঁর উন্নতির সিঁড়ি ধরার এক পন্থায় পরিণত হয়েছে। আহসান ফিরছিলেন কার ফেয়ার চত্বর থেকে। আগারগাঁওয়ের রাস্তা ধরে মিরপুর রোডে এসে পড়েন। নিজেই ড্রাইভ করছিলেন। রাস্তায় স্বাভাবিক নিয়মে যানজট থাকলেও গাড়ি চলছিল। একেবারে থেমে নয়। আহসান ধীরেসুস্থে এগিয়ে যেতে যেতে সোহ্রাওয়ার্দী হূদরোগ হাসপাতাল কমপ্লেক্স পেরিয়ে বাঁ দিকের বাসস্টপের ছাউনিতে দাঁড়িয়ে থাকা সাদাসিধা এক নারীমূর্তিকে তাঁর চেনা চেনা লাগে। বেশ কিছুদূর চলে গিয়ে আবার তিনি গাড়ি ব্যাক করে ফিরে আসেন। তাঁর খটকা লাগে, মেয়েটি এমন ত্বরিত মুখ ফিরিয়ে নিল কেন?গাড়ি থেকে নামেন আহসান। ‘তুমি গুলবাহার না?’ ‘না, আমি বিশখা।’আহসান তালুকদার যেন আকাশ থেকে পড়েন।‘কী বলে! এত দিন কোথায় ছিলে তুমি?’‘কেন, এই ভূখণ্ডের আকাশে-বাতাসে...পাতালে-নরকে।’‘এখানে কী করছ?’ ‘বাসের অপেক্ষায়...।’‘কোথায় যাবে?’ আমতা আমতা করে গুলবাহার, ‘ঝিগাতলা বাসস্ট্যান্ড।’‘গাড়িতে ওঠো।’ আহসানের কণ্ঠে কোনো এককালের আকর্ষণ-বিকর্ষণের অধিকারের নির্দেশ যেন।গুলবাহারের এক শব্দের বলিষ্ঠ প্রকাশ, ‘না।’‘না কেন?’ গুলবাহার হঠাৎ যেন হারিয়ে যেতে থাকে। তলিয়ে যেতে থাকে বিশ-পঁচিশ বছর আগেকার কোনো এক আধো আলো-আধো অন্ধকার জোছনা রাতের পরিব্যাপ্তিতে। সে বেশ কিছুক্ষণ মুখ নামিয়ে রাখে। আহসান দেখে তাঁর একদিনের দেওয়া বিশখা নামের মেয়েটির পরনে সাধারণ শাড়ি। কমলা রঙের জরিপাড়ের শাড়ির জমিনে সোনালি বুটিকের কাজ মিইয়ে যেতে বসেছে। সেগুলো ঔজ্জ্বল্য হারিয়েছে। আহসান তাকে পরখ করে। সে আগের মতোই ছিমছাম আদলের। তার দেহরেখায় সামান্য ভারী হয়ে যাওয়ার লক্ষণ। হয়তো বা তা স্বাভাবিক নিয়মের বয়সের ভার। চুল পেছনে রাখা। তাও কিছুটা অগোছালো। চোখের দৃষ্টি তীক্ষ হলেও তাতে জমে আছে শঙ্কা-বিষণ্নতার আবছায়া। তাতেও তার বৈশিষ্ট্যমণ্ডিত গভীর কালো চোখের সৌন্দর্যের ঘাটতি হয়নি খুব একটা। নাক তার টিকালো নয়, বরং কিছুটা চ্যাপ্টা। তাতে ছিল ঝলমলে সাদা পাথরের নাকফুল। আলোর বিচ্ছুরণে তা কখনো কখনো ঝলসে উঠত। তখন তার চেহারা হয়ে উঠত অসামান্য। বিরল তেজি রূপসী। তার সেই সময়কার বান্ধবীদের গসিপের পাথরটি তার নাকে নেই। সেখানে এক ইমিটেশন ফুলের অলংকার। তাতে তার চেহারার জৌলুশ খুব একটা কমেনি।দ্রুত প্রসঙ্গ পাল্টিয়ে যেতে থাকে গুলবাহার।‘তৌফিকের সঙ্গে আমার বিয়ের দিন তুমি এসেছিলে?’ ‘না।’ ‘তোমার সই করা দুটো কবিতার বই পেলাম যে?’ ‘তা পাঠিয়েছিলাম বিলকিসের হাতে...?’‘তুমি বিলকিসকে বিয়ে করলেই পারতে। তুমি যে বিয়ে করোনি তা সে-ই জানিয়েছিল।’ আহসান চুপ করে দাঁড়িয়ে থাকে। তাঁর উত্তরের অপেক্ষা না করে বলে যায় গুলবাহার, ‘সেই প্রবঞ্চনার দায়ভার আমার।’ আহসান আহত হন। বিব্রত বোধ করেন, ‘তুমি কি রাস্তায় দাঁড়িয়েই সব বলে যাবে? গাড়িতে ওঠো না! কোথায় বসি...রেস্তোরাঁ...এক কাপ কফি...।’‘না।’ ‘তোমায় পৌঁছে দেবক্ষণ।’‘না।’ ‘তবে হ্যাঁ...তোমার সঙ্গে এফএইচ হলের পুকুরপাড়ের জোছনা রাতের কথা খুব মনে পড়ে। তুমি বলতে, “দেখো, হালকা বাতাসে জলের ঢেউয়ে জোছনা কেমন নিপুণ শিল্পীর মতো নকশা এঁকে যায়।” সারা রাত সারাক্ষণ তোমার সান্নিধ্যে সেই দৃশ্য সত্যিই ছিল অপরূপ। আর তখনই আমার ভুল হতে শুরু করল। আমি তোমার পাশাপাশি রফিককে ভাবতে থাকি। তুমি তখন বলেছিলে, গুলবাহার কেমন নাম? তোমার একটা নাম দেব আমি। সেই নাম দিতে তুমি সময় নিলে সাত দিন।’ বাস আসার পথের দিকে গুলবাহার চায়। আবার বলে যায়, ‘পুকুরপাড়ে বসেই তুমি জানালে, তোমার নাম বিশখা। তুমি কি এ নাম শুনেছ কখনো?’‘না।’ ‘এটি লালন ফকিরের তরুণী জীবনসঙ্গিনীর নাম। তাঁর ভাবশিষ্যরা তাঁকে ডাকত পুরো নামে। গুরুমাতা বিশখা ফকিরিনী।’‘শেষে কি না আমি ফকিরিনী?’ অভিমানী হয়েছিল গুলবাহার। আহসান তাকে সান্ত্বনা দিয়েছিলেন। ‘তা হবে কেন?’‘তুমি বড় কল্পনাবিলাসী...ইমপ্র্যাকটিক্যাল।’ ‘সেদিন রাতেই আমি রফিকের দিকে ফুলটার্ন নিই। আমার দরকার প্র্যাকটিক্যাল মানুষ, জীবনের ঊর্ধ্বমুখী মই ধরতে যে সবল-সক্ষম।’বিত্তবৈভব, সম্মান-মর্যাদার উচ্চশিখরে যে তাকে উঠতেই হবে। হতে হবে পার্টির শীর্ষ আকর্ষণীয় রমণী।আবার বাস আসার পথের দিকে চায় গুলবাহার। আহসান তার বাস মিস করার আশঙ্কাটা টের পান।‘বিশখা, তোমাকে নামিয়ে দিই...আসো...।’‘না।’‘রফিক আমার সঙ্গে প্রতারণা করল। বিয়ের সাত বছরের মাথায়। আমেরিকা থেকে তার এক নিঃসন্তান বিধবা ভাবি এল। সে ইউএস সিটিজেন। সেই বাড়িতে তার ঘন ঘন যাওয়া-আসা চলতে থাকে। আমি কোনো কিছু টের পাইনি। একদিন রফিক না জানিয়ে ভাবিকে বিয়ে করে চলে গেল আমেরিকায়। গেল তো গেল...চুরি করে নিয়ে গেল আমার পাঁচ বছরের ছেলে কোয়েলকেও।...’এটুকু বলে গুলবাহার একটু থামে। মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকে খানিকক্ষণ। মাথা নুইয়ে আবার বলে যায়, ‘তার পরের চ্যাপ্টার সংক্ষিপ্ত। পড়ে গেলাম অথই সাগরে। উঠতে হবে আমাকে। কেঁদেকেটে কি পেট ভরবে? বের হলাম চাকরির খোঁজে। একদিন এক এনজিওর সন্ধান পেলাম। বুঝলাম, এখানে চাকরি হবে। তবে শর্ত আরোপিত। সইতে হবে হায়েনার নখের আঁচড়।’একটু থামে গুলবাহার। আবার বলে যায়, ‘মাস ছয়েকের মধ্যে বয়স্ক বস কফিলউদ্দিনকে বিয়ে করতে হলো। সব ভুলেটুলে যাওয়ার চেষ্টা করলাম, সংসার জোড়া লাগানোর...। তা হলো না। কফিল মাদকাসক্ত...অতিরিক্ত মাত্রায় উচ্ছৃঙ্খল। একদিন পড়ে গেল সে। স্ট্রোক...হসপিটাল। ডাক্তাররা আশা ছেড়ে দিয়েছিল। সে বেঁচে গেল দৈবচক্রে। সে এখন কথা বলতেও অক্ষম। ভেস্তে গেল তার এনজিও। আমি সেই অরগানাইজেশন ধরে রাখার চেষ্টা করে পড়ে গেলাম ড্রাগ পাচারকারীদের দলে। হতে হলো...ইংরেজিতে যাকে বলে “হোর”।’এগিয়ে আসতে থাকা বাসের পাদানিতে দাঁড়িয়ে শিশু হেলপার ‘জিগাতলা...জিগাতলা’ বলে চেঁচাতে থাকে।আহসান বিব্রত হন। আমতা আমতা করেন, ‘এত কিছু বলে গেলে একটানে...জীবনের...আমি কি তোমার জন্য কিছু করতে পারি?’‘না।’বাসস্ট্যান্ডের উঁচু প্ল্যাটফর্ম থেকে নামতে গিয়ে অস্ফুট স্বরে গুলবাহার বলতে থাকে, ‘তবে ছেলেটার কথা বড় মনে পড়ে আজকাল...।’দরজার পাদানির ভিড় করা মানুষের ওঠানামা এড়িয়ে বাসে চড়ে যায় গুলবাহার। আহসান গাড়ি চালিয়ে অফিসের দিকে এগিয়ে যায়। তাঁর মনে হতে থাকে, গাড়ি থামিয়ে বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে না গেলেই যেন ভালো ছিল। কী বিভীষিকাময়, অস্বাভাবিক দুঃস্বপ্নের এক আবর্তে কতটা সময় কেটে গেল তাঁর, তিনি বলতেও পারবেন না। একটানে গুলবাহার, নাকি বিশখা তার গত বিশ বছরের কাহিনি শুনিয়ে গেল। অথচ তাঁকে কিছু বলার সুযোগ দিল না সে।তখন আহসান নিজের কাছে নিজেই প্রশ্ন রাখেন, বস্তুত তাঁর কি গুলবাহার না হয় বিশখার কাছে কিছু বলার ছিল?তাঁর অন্তরের বহিরাবরণ থেকে উত্তর আসে: না, তাঁর তাকে বলার কিছু ছিল না। কিন্তু তাঁর অস্তিত্বের গভীরতম স্থান থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। এ পরিস্থিতিতে তাঁর অতীত, তাঁর বর্তমান নিয়ে নিজের কাছে নিজের কিছু প্রশ্ন, কিছু জীবন-তাড়না এগিয়ে আসতে থাকলে তিনি সচেষ্ট হয়ে নয়, বরং তাঁর কৌশলগত গতানুগতিক প্রক্রিয়ার সেসব পাশ কাটিয়ে, যানজট এড়িয়ে অফিসের দিকে এগিয়ে যান।মনে পড়ে, অনেকক্ষণ যাবৎ তিনি অফিসের বাইরে। দুপুর গড়িয়ে গেছে। খাওয়া হয়নি। কাজও জমে আছে। আজ অনেক রাত অবধি তাঁকে কাজ করতে হবে।চলতে চলতে আকস্মিকভাবেই আহসানের মনে হতে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফএইচ হলের সেই পুকুর তো রয়েছে এর নিজস্ব অবস্থানে। আর এর জলের হালকা ঢেউয়ে জেগে আছে জোছনার কারুকাজও।