জলের কাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিরোনামহীন’, শিল্পী: মোহাম্মদ কামরুজ্জোহা
‘শিরোনামহীন’, শিল্পী: মোহাম্মদ কামরুজ্জোহা

গ্যালারি কায়ায় ১০ জন শিল্পীর জলরঙে করা কাজের প্রদর্শনী শুরু হয়েছে। যাঁদের কাজ এই প্রদর্শনীতে স্থান পেয়েছে, তাঁদের অধিকাংশই তরুণ। যাঁরা এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন, এঁরা জলরঙে একটা নিজস্বতা আনার প্রচেষ্টায় রত বলেই মনে হয়।
আলোচনায় যে ক্রম ব্যবহার করছি, তা বয়সের ভিত্তিতে। আর সেই সুবাদে যাঁর নাম আসে তিনি কারু তিতাস। প্রদর্শনীতে তাঁর জলরঙের ধরন বাকিদের থেকে আলাদা। বিষয় ‘আমার সুন্দর বাংলাদেশ’। তিনি এঁকেছেন বাংলাদেশের প্রকৃতি, তবে বিষয় নির্বাচন বা উপস্থাপনার জন্য বিন্যাসটি করেছেন খানিকটা স্বতন্ত্রভাবে। কিছুটা ওপর থেকে দেখার কারণে একটা আলাদা অনুভূতি পাওয়া যায় কাজগুলোতে। এই সিরিজের ৩৭ নম্বর ছবিতে হঠাৎ সাদা রঙের ছটা একটা আলাদা মাত্রা যোগ করে। জলকে মাধ্যম হিসেবে নিলেই কি জলরং, নাকি আজকের দুনিয়ায় জলরং বলতে আদি বিশুদ্ধ জলরংকে বোঝায়? গোয়াস বা অ্যাক্রেলিকের ব্যবহারকে কি জলরং বলা যাবে? এ ব্যাপারে গ্যালারি, কিউরেটর ও শিল্পীই সঠিক ব্যাখ্যা দিতে পারবেন।
আনিসুজ্জামান ছাপচিত্রের করা কৌশলে একটি মাইলফলক স্থাপন করেছেন। মাধ্যমগত বিশুদ্ধতার প্রতি তাঁর আগ্রহ প্রবল। সেই সঙ্গে বিষয় নির্বাচন, বিন্যাসের নকশা আর বর্ণবিন্যাস তাঁর কাজকে নিয়ে যায় ভিন্ন জগতে। চেনা বস্তু, চেনা পরিবেশ হয়ে ওঠে অচেনা মায়াবী। একটু ঘোর তৈরি হয় বৈকি। শিল্পে আমরা যে অধরাকে খুঁজি, মনে হয় তার কাছাকাছি অবস্থানে আছেন আনিসুজ্জামান।
জলরঙে ছবি এঁকে এবং জলরং নিয়ে নানা নিরীক্ষার মাধ্যমে খ্যাতি পেয়েছেন সোহাগ পারভেজ। সর্বোপরি তিনি বিশেষভাবে খ্যাতি অর্জন করেছেন জলরংকেন্দ্রিক নানা সামাজিক কর্মকাণ্ডের জন্য। তাঁর কাজের অন্যতম বৈশিষ্ট্য জলরঙের সঙ্গে রেখার ব্যবহার। চাক্তাইখাল চট্টগ্রাম শীর্ষক ছবিটিতে মানুষের উপস্থিতি যতটা থাকার কথা, ওরা সংখ্যায় তার চেয়ে কম বলেই মনে হয়; তথাপি স্থানটির ব্যস্ততা বেশ প্রাঞ্জলভাবেই ফুটে উঠেছে।
গোপাল চন্দ্র সাহা জলরংকে সঙ্গী করে নানান নিরীক্ষায় রত। জলরঙে রবীন্দ্রনাথকেই এঁকেছেন দুবার দুভাবে। তবে গ্রাফিতির মতো লেখার সঙ্গে আঁকাকে যুক্ত করে একটা আলাদা আমেজ তৈরি করেছেন এ শিল্পী। একই সঙ্গে একাধিক কাজে কৌণিক ফর্মের ব্যবহার করে চিত্রায়ণ-প্রক্রিয়াটিও বেশ সম্ভাবনাময়।

‘চাক্তাইখাল চট্টগ্রাম’, শিল্পী: সোহাগ পারভেজ
‘চাক্তাইখাল চট্টগ্রাম’, শিল্পী: সোহাগ পারভেজ

মোহাম্মদ কামরুজ্জোহা জলরং আন্দোলন ‘জলের ধারা’-এর সক্রিয় সদস্য। আমাদের দেশের প্রাতিষ্ঠানিক জলরঙে অর্জন করেছেন দক্ষতা। তাঁর কাজে ইংরেজ প্রতিচ্ছায়াবাদের উপস্থিতি বেশ সরব।
জলরংচিত্রে তরুণ খ্যাতিমান শাহ্নূর মামুন। গতানুগতিক কাজের পাশাপাশি তাঁর কিছু কাজ আলাদাভাবে নজর কাড়ে। ‘নৌকা, সুন্দরবন’ শীর্ষক ছবিটি কিছুটা আলাদা অনুভূতি তৈরি করে। আর পুরান ঢাকাকে মামুন যেভাবে আঁকছেন, তা কি আমাদের বহুবার দেখা? মামুনের মধ্যে আমরা যে সম্ভাবনা দেখেছি, তা কি কিছুটা ম্রিয়মাণ?—প্রশ্নটি রেখে গেলাম।
দিদারুল হোসেন প্রাতিষ্ঠানিক ধারার দক্ষ জলরংশিল্পী। তাঁর ‘ল্যান্ডস্কেপ-৩’ প্রদর্শনীর উল্লেখযোগ্য ছবির মধ্যে একটি। ছবিতে বিশেষত, আলোছায়া ধরার কৌশল—সাদা কাগজ ছেড়ে দেওয়ার দক্ষতা নজর কাড়ে।
সৈকত হোসেন কাজ করেন প্রাতিষ্ঠানিক নিয়মানুবর্তিতায়। তাঁর উল্লেখ করার মতো ছবি হলো ‘শিরোনামহীন-৩’। আর আরাফাত করিমের কাজের বিষয়বস্তুতে গত শতকের ষাট ও সত্তর দশকের প্রাতিষ্ঠানিক চর্চার বিষয়গুলো আবারও ফিরে এসেছে।
প্রদর্শনীর অনুজতম শিল্পী শেখ ফয়জুর রহমান। তাঁর চিত্রের শিরোনাম ‘জাহাজ জেটি’। এখানে দেখা যায় জলরঙের গতানুগতিক বিন্যাস।
বাংলাদেশের জলরঙের ব্যতিক্রম অতিসামান্য। সম্প্রতি এ ক্ষেত্রে ভিন্নধারার বেশ কয়েকজন শিল্পীকে দেখা যাচ্ছে, যাঁরা নিরীক্ষাপ্রবণ। আবার এ কথাও বলা দরকার, অধিকাংশ সময়ে নিরীক্ষা বলতে যা দেখতে পাওয়া যায়, তা কেবল বহু চর্চিত অনুরূপ ভূচিত্র এবং নিসর্গ চিত্রের মধ্যেই সীমাবদ্ধ। বর্তমান প্রদর্শনীটির দু-একটি ক্ষেত্র বাদ দিলে এর থেকে ব্যতিক্রম নয়, তবে প্রদর্শনীর প্রধান আকর্ষণের বিষয় অপেক্ষাকৃত নবীনদের সরব উপস্থিতি। যাঁদের প্রত্যেকেই ধারণ করেন অপার সম্ভাবনা।
১৬ এপ্রিল শুরু হওয়া প্রদর্শনীটি চলেছে ২৭ এপ্রিল পর্যন্ত।