জলের ছন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের শিল্পকলায় জলরঙের ব্যবহারে শিল্পসৃষ্টি শুরু হয় শিল্পাচার্য জয়নুল আবেদিনের হাত ধরে। একাডেমিক পর্যায়ে জলরং চর্চা অতি আবশ্যকীয় মাধ্যম হিসেবে অন্তর্ভুক্তির কারণে একজন শিল্পী ছবি আঁকার প্রথম চর্চা শুরু করেন জলরং দিয়ে। ক্রমে শিল্পী সিদ্ধহস্ত হন এ মাধ্যমে। গত ১৫ সেপ্টেম্বর গ্যালারি কায়ায় শুরু হয়েছে খ্যাতিমান নবীন-প্রবীণ ১৬ জন শিল্পীর জলরঙে আঁকা ছবির প্রদর্শনী। শিরোনাম ‘ওয়াটার রাইমস’। কার্টিজ কাগজ, হাতে তৈরি কাগজে জলরঙে আঁকা ৫৬টি শিল্পকর্ম স্থান পেয়েছে এখানে। কোনোটি একেবারে সাম্প্রতিক সময়ে আঁকা, আবার কোনোটি বেশ আগের। শিল্পী মুর্তজা বশীরের ১৯৫৪ সালে জলরঙে আঁকা ছবির উজ্জ্বলতা দেখে এখনো বিস্ময় জাগে। ছবিটির বিষয় চকবাজারের রাতের পরিবেশ। মানুষগুলো আলো-আঁধারে অস্পষ্ট হয়ে আছে। বোঝা যায় কি যায় না। ছবিতে রাত, রাতের আলোর অপূর্ব আভা এক আশ্চর্য রূপ নিয়ে প্রকাশ পেয়েছে। শিল্পীর এ ছবিটি ছাড়াও আরও দুটি ছবি প্রদর্শিত হচ্ছে প্রদর্শনীতে। এর একটি ‘প্রেসম্যান’ বা ছাপাখানার কর্মী, অন্যটি ‘ল্যান্ডস্কেপ ইন মুরি’-২। বাস্তবরীতির বাইরে এসে শিল্পী কাইয়ুম চৌধুরী তাঁর নিজস্ব স্টাইলে এঁকেছেন দুটি ছবি। শিরোনাম ‘গোল্ডেন বেঙ্গল’ ১, ২। আলংকারিক নকশায় নদী, নৌকা, মাছ, জাল, গাঁয়ের বধূ জ্যামিতিক আকৃতিতে বিষয় হয়েছে। ছবির জমিনের সুষ্ঠু ব্যবস্থাপনা এ ছবির শক্তি। এ প্রদর্শনীর কাজগুলোর বিশেষত্ব হলো ১৬ জন শিল্পীর কাজের প্রতিটিতেই রং ও বিষয়ের প্রকাশ ঘটেছে বেশ জোরালোভাবে। শিল্পী হাশেম খান ‘অন দ্য ব্যাংক অব যমুনা’ ছবিতে গাঢ় সবুজ রঙের চড়া শূন্যতায় নদীতে ভাসমান নৌকার অপেক্ষা, একেবারে উপরি-অংশে নীল আকাশে হালকা মেঘের চলাচল । হাশেম খানের অন্য ছবির শিরোনাম ‘অটাম’ বা বসন্ত। শিল্পী রফিকুন নবী ভুটানের থিম্পু শহরের প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে গড়ে ওঠা স্থাপনার রূপ তুলে এনেছেন ‘দিজং ইন থিম্পু’ ছবিতে। শিল্পী তাঁর অন্য ছবিতে জাল ও জলের ঢেউয়ের সঙ্গে জালে আটকা একদল মাছের ছবি আর জেলের মাছ ধরার ভঙ্গি এঁকেছেন। হামিদুজ্জামান খানের ছয়টি কাজ ভুটানের প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। চন্দ্রশেখর দে জলরঙে বাস্তবধর্মী রচনায় সিদ্ধহস্ত। তাঁর ‘উইমেন’ ১, ২ সিরিজের কাজে মেঝেতে নকশাদার পাটিতে বসা নারী। জলরঙের ওয়াশের সঙ্গে কালো কলমের রেখায় অলংকরণ। চিরায়ত বাংলার নারী অবয়বই প্রধান বিষয় হয়ে এসেছে তাঁর ছবিতে। বিমূর্ত ঢংয়ে তরুণ ঘোষ ‘ফুল মুন’ বা চন্দ্রালোকিত মুহূর্তকে ধরার চেষ্টা করেছেন।তরুণ ঘোষের ‘বেহুলা কাহিনী’ সিরিজের মূল উপজীব্য হিন্দু পুরাণ। তাঁর ছবির ফর্ম, বুনট আর গাঢ় রঙের প্রয়োগ চিত্রকর্মকে আলাদা করে দেয়। দুটি নিসর্গচিত্রও এ একই বার্তা দেয়। রতন মজুমদারের নয়টি কাজের বৈশিষ্ট্য জ্যামিতিনির্ভর। চৌকোনো আকৃতি ও বৃত্ত-অর্ধবৃত্তের ভেতর বুনট একটি আকৃতি থেকে আরেকটিকে আলাদা করেছে। কাজী রাকিবের জলরং ছবিতে কাগজের গায়ে জলের ধোয়ায় বিষয় মিশে যায়। শিশির ভট্টাচার্যের ‘ল্যান্ডস্কেপ’, ‘অন ওয়ে টু পারো’, ‘ল্যান্ডস্কেপ’-২ তিনটি কাজেই বাস্তব রীতির প্রয়োগ, রং ও পরিপ্রেক্ষিত নির্মাণ স্পষ্ট। এ ছাড়া অপেক্ষাকৃত তরুণ শিল্পীদের কাজে জলরং চর্চায় মনোযোগ বোঝা যায়। রনজিত দাসের হাতে তৈরি কাগজে আড়াআড়ি কম্পোজিশনে নিসর্গের রং-রেখার আভাসে পাওয়া যায় দ্রুত রেখা আর ব্রাশের চালনা। সমীরণ চৌধুরী, নগরবাসী বর্মণ, কামালুদ্দিন, সোহাগ পারভেজের কাজগুলোতে জলরং ছবির নিয়মিত চর্চার ছাপ স্পষ্ট। বাংলাদেশের শিল্পকলায় জলরং ছবির চর্চার একটি ধারাবাহিক ছবি পাওয়া যায় গ্যালারি কায়ার এ আয়োজনে।প্রজন্ম থেকে প্রজন্মে সবচেয়ে বেশি শিল্প সৃষ্টি হয়েছে জলরং মাধ্যমে। অগ্রজ, অনুজ শিল্পীদের জলরঙে আঁকা ছবির এ প্রদর্শনী শেষ হবে ২৫ সেপ্টেম্বর।প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পীরা হলেন মুর্তজা বশীর, কাইয়ুম চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, হামিদুজ্জামান খান, চন্দ্র শেখর দে, তরুণ ঘোষ, রতন মজুমদার, কাজী রাকিব, রনজিত দাস, মাসুদা কাজী, শিশির ভট্টাচার্য, সমীরণ চৌধুরী, নগরবাসী বর্মণ, কামালুদ্দিন ও সোহাগ পারভেজ।