জলের তলার গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজার বাড়ি পাতালপুরি শান্ত খাসমহল
জলপরিদের নৃত্য দেখে কাঁপছে সমতল
সাঁতার কেটে পেরিয়ে যাব অথই জলের গাঙ
কোন পাহাড়ে পাপড়ি মেলে সবুজ সাবারাং?
বাতাস ওড়ায় জুম-পোড়া ছাই বিষণ্ন অঘ্রানে
শান্তি পাচ্ছে বনভান্তে অনন্ত নির্বাণে?
অনিত্য ওই দুখের বাণী লিখেছ কোন হাতে?
ঘুমিয়ে আছে জুমের পাড়া দুই-চুয়ানি রাতে।
চোখের জলে যায় ভেসে যায় রাঙামাটির হ্রদ
কাহ্নপা তুই লিখবি আবার নতুন চর্যাপদ?
জলের তলায় ঘুমিয়ে আছেন আমার ভগবান
চাকমা মেয়ে রাকমা তুমি কণ্ঠে ধরো গান।