জাগর জীবনের কথোপকথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুফিয়া কামাল অন্তরঙ্গ আত্মভাষ্য: ভূমিকা-সম্পাদনা-আলাপ আবুল আহসান চৌধুরী \ প্রকাশক: প্রথমা প্রকাশন \ মূল্য: এক শ বিশ টাকাএই গ্রন্থের আলোচনার শুরুতেই উল্লেখ করা যাক প্রাবন্ধিক শামসুজ্জামান খানের সেই প্রবন্ধের কিছুটা অংশ, যেখানে মহীয়সী সুফিয়া কামালের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেছেন, ‘জীবন যে কত বড় এবং তাকে যে সাধনায়, ত্যাগে, সদিচ্ছায়, শ্রমে, অঙ্গীকারে কত সুন্দর ও তাৎপর্যপূর্ণভাবে নির্মাণ করা যায় তার নজির বেগম সুফিয়া কামাল। যে রক্ষণশীল মুসলমান সমাজে তাঁর জন্ম, সেখান থেকে তিনি শুধু উজ্জ্বল আলোকবর্তিকা হিসেবে বেরিয়ে আসেননি—দুঃসহ নিগড়ে আবদ্ধ বাঙালি মুসলমান নারীসমাজকে তিনি জাগর-চেতনায় উদ্বুদ্ধ করেছেন, শৃঙ্খলমুক্ত জীবনের স্বাদ দিয়েছেন। রক্ষণশীল ও আভিজাত্যের বৃত্ত ভেঙেই তিনি সাহসী কিন্তু দৃঢ় পদচারণা শুরু করেছিলেন। বৃত্ত যিনি ভাঙতে পারেন—তিনি আরও বৃত্ত ভাঙার জন্য প্রস্তুতি নেন। সুফিয়া কামালও তাই করেছেন আজীবন। অশুভ, অসুন্দর, অকল্যাণের বিরুদ্ধে তিনি ছিলেন আজীবন সক্রিয় যোদ্ধা।’উদ্ধৃত কথাগুলো যে কত দূর সত্য, এই গ্রন্থের পাঠ থেকে তার সম্যক পরিচয় পাওয়া যাবে। আবুল আহসান চৌধুরীর কৃতিত্বটা এখানেই যে, তাঁর সঙ্গে দীর্ঘ আলাপচারিতার সূত্রে এমন অনেক কথাই তিনি সুফিয়া কামালের কাছ থেকে আদায় করতে পেরেছেন, এর আগে যা তিনি অন্য কোথাও বলেননি, বা লিপিবদ্ধ করেননি। একালে আমাদের কাল নামে যে আত্মজীবনী কবি রচনা করেছেন, আমরা যদি বলি, সুফিয়া কামাল অন্তরঙ্গ আত্মভাষ্য তারই সবিশেষ সংযোজক বা পরিপূরক বিবরণ-ভাষ্য হয়ে উঠেছে, তাহলে অত্যুক্তি করা হবে বলে মনে হয় না। অথবা যদি বলা হয় আলোচ্য গ্রন্থ তার আপন মহিমায় স্বয়ংসম্পূর্ণ একটা গ্রন্থ হয়ে উঠেছে, সুফিয়া কামাল সম্পর্কিত আর সব গ্রন্থের চেয়ে সাক্ষাৎকারভিত্তিক এই গ্রন্থ ভিন্নতর একটা বৈশিষ্ট্যসূচক কিছু হয়ে উঠেছে এবং কবিকে অন্তরঙ্গ আলোকে আমাদের সমীপবর্তী করেছেন আবুল আহসান চৌধুরী, মনে হয়, তাতেও অত্যুক্তি করা হবে না। ব্যক্তি মানুষ তো ঘরোয়া আলাপচারিতার আলোকেই সবচেয়ে বেশি উজ্জ্বল হয়ে ওঠেন। সামাজিক ইতিহাস রচনার অন্য বহুবিধ মাধ্যম ও উপকরণের মধ্যে আত্মজীবনী ও ব্যক্তির জীবনসম্পৃক্ত সাক্ষাৎকারও অন্যতম। সে বিচারে বিশ শতকের দ্বিতীয় দশক থেকে শুরু করে নবম দশকের অন্তিম পর্যায় পর্যন্ত সম্পূর্ণ বৈরী পরিবেশে একজন বাঙালি মুসলমান নারীর দ্বন্দ্বসংঘাতময় জীবন এবং তাঁর মহীয়সী হয়ে ওঠার অন্তরঙ্গ বিবরণঠাসা গ্রন্থ হয়ে উঠেছে এই অন্তরঙ্গভাষ্য। এই গ্রন্থ কেবল সুফিয়া কামালের একার নয়, সামগ্রিকভাবে উল্লিখিত সময়পরিসরে বাঙালি মুসলমান সমাজেরও জেগে ওঠার, তাঁর সামাজিক ও রাজনৈতিক পশ্চাৎপদতার আবেষ্টনীগত বন্ধন মোচনের, তার যুগপ্রাচীন সংস্কার ভাঙার এবং সমাজের অন্য অগ্রসর সম্প্রদায়ের সঙ্গে প্রতিযোগিতায় নেমে তাঁর বিজয় অর্জনেরও ইতিহাস হয়ে উঠেছে। আবুল আহসান চৌধুরীর প্রশ্নগত প্রবণতার প্রকৃতিও সর্বদা সেদিকেই ধাবিত হয়েছে এবং তাতে তিনি শতভাগ সফল হয়েছেন।সুফিয়া কামালের এই সাক্ষাৎকারগত ভাষ্যে নজরুল ও মুসলিম নারী জাগরণের অগ্রদূতী বেগম রোকেয়ার প্রসঙ্গ যেমন ঘুরেফিরেই এসেছে, তেমনি এসেছে সওগাত সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিনের কথা, হিন্দু-মুসলমান সম্পর্কের কথা, নিজের প্রাথমিক সাহিত্যজীবনের কথা, পাকিস্তান পর্বের নানা সংগঠন গড়ে তোলা এবং তাতে নিজের সম্পৃক্তিগত ঘটনার কথা, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তাঁর সক্রিয় ভূমিকা গ্রহণের কথা, মুক্তিযুদ্ধে তাঁর নেপথ্যে থেকে যথাসাধ্য অংশগ্রহণের কথা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্কের কথা এবং তার ট্রাজিক মৃত্যুতে তাঁর সুগভীর বেদনাগত প্রতিক্রিয়ার কথা। মনে করার কারণ নেই, তাঁর বৃত্তের বা সংগঠনগত গণ্ডির বাইরের আর কারও সঙ্গে তাঁর সম্পর্ক ছিল না। তসলিমা নাসরিনের সঙ্গেও যে তাঁর পরিচয় হয়েছিল এবং সম্পর্ক গড়ে উঠেছিল, সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে সুফিয়া কামাল যে উত্তর দেন, তার ভেতর দিয়েই স্পষ্ট হয়ে ওঠে দুজনের মত ও পথের পার্থক্যের বিষয়টি। এ প্রসঙ্গে সামান্য দৃষ্টান্ত: ‘সে লিখবে না কেন? সে লিখুক, কী চায়—কী বলতে চায়, সে বলুক। আমরা প্রতিবাদ করলাম। এটা নিয়ে বেশ গণ্ডগোল হলো। একদিন আমি একজনকে বললাম, তসলিমা নাসরিন মেয়েটিকে পেলে হতো। তা তিনি গিয়ে বললেন। একদিন তো এর চেয়ে রাত হয়েছে, মাগরিবের নামাজ পড়তে বসেছি। আমার শরীর অসুস্থ। আমার প্রেসার তো খুব বেশি, বসতে পারি না। তারপর তসলিমা এসেছে। নামাজ শেষ করে আমি বললাম, “তুমি তো লিখছ, তুমি তো নিজে ডাক্তার, আমি খুব একটা অসুস্থ। মা, তুমি এসো আমাদের সঙ্গে, কাজ করো, তোমার লেখা আমার ভালো লাগে”—মহিলা পরিষদের কথা বললাম—“তুমি এসো, কাজ করো, তোমার মতো মেয়েদের আমার দরকার আছে।” কিছু বলল না। “আজকে তো আমি বেশি কথা বলতে পারছি না। আর তুমি তো ডাক্তার, তুমি ডাক্তার হিসেবে আমার কাছে এসো, তুমি যখনই খুশি—আসবে। আমাকে দেখতেও তো আসতে পার। আমার কাছে এসো। আমাদের দরকার আছে তোমার মতো মেয়ে।”—পিঠে হাতটা দিয়ে আমি বললাম। উঠে চলে গেল, কিছু বলল না। তারপর এই লেখালেখি। এমন সব লিখতে শুরু করল, এগুলো আবার আমার পছন্দ হয় না।’এ রকমের অনেক ঘটনার বিবরণ এই গ্রন্থের দৌলতে পাওয়া যাবে। আবুল আহসান চৌধুরীর প্রশ্নের পর প্রশ্নের জবাবে বেগম সুফিয়া কামালের প্রায় আনুপূর্বিক যে জীবন-ভাষ্য উঠে আসে, তা সামাজিক ইতিহাসের অন্তর্গত এক উজ্জ্বল আধারবিশেষ। অমূল্য এই গ্রন্থের তাৎপর্য বুঝতে হলে এর পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।