জামতলে আম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী
অলংকরণ: সব্যসাচী মিস্ত্রী

জামতলে আম কেন? সাতসকালে প্রশ্নটা চোঁ করে হাতেম মোল্লার চাঁদিতে ঘাই মারে। বয়স ষাট হলে কী হবে, কুঁদলে ষোলো ষণ্ড।

 চোখ বুজে হাতেম হাঁক দিল, ‘এরে কোব্বাইত্যা, ইদিক আয়!’

মোল্লাবাড়ির বাঁধা রাখাল কোব্বাত আলী এ সময় বাংলাঘরে। মাত্তর ভরপেট পান্তা মেরে পানিভরা দেড় সেরি ঘটি গলায় উপুড় করেছে। মনিবের হাঁকে পানির নহর দিগ্‌ভ্রান্ত হয়ে গলার ফোকর থেকে বুকে নেমে এল। কোব্বাতের পুরো গেঞ্জি সয়লাব।

 চৈত্রের শক্ত ঢেলার মতো সবচেয়ে অশ্লীল গালিটা তুলে নিল কোব্বাত। ঢেলাটা যার দিকে গেল, সে কিন্তু টের পেল না।

তা যতই রাগ দেখাক কোব্বাত, তার গর্দানে গিঁঠ মারা অদৃশ্য দড়ি মোল্লার হাতে। তাই ছুট দিল সে।

 হাতের তেলমাখানো ছড়ি জামতলের দিকে তাক করে হাতেম মোল্লা বলল, ‘বাইন্নার পুত, জামতলে আম ক্যান রে?’

ছড়ির ডগা অনুসরণ করে কোব্বাতও বেকুব। জামতলে ছড়িয়ে থাকা কাঁচা–পাকা অজস্র জামের মধ্যে পস্তাচ্ছে চার-পাঁচটা পাকা আম।

মাথা চুলকে কোব্বাতও আওড়ায়, ‘জামতলে আম ক্যান?’

অমনি পশ্চাদ্দেশে ছড়ির চটাৎ। হাতেম আবার হাঁকে, ‘জামতলে আম ক্যান, খুঁইজে বাইর কর। নাইলে গুঁতানিতে নরক দেখাই ছাড়ব।’

মোল্লাবাড়ির জামতলে আমের বিষয়টা নিমেষে বাউকুমটা বাতাস। সেই বাতাসে পাক খেতে খেতে আজমত মাস্টার হাজির।

মাস্টারের সঙ্গে মোল্লার সম্পর্ক আমদানি-রপ্তানির। মোল্লাবাড়ির বৈঠকখানার চওড়া বারান্দায় বসে চা আর নোনতা বিস্কুট খেতে খেতে জ্ঞানের ঝোলা উপুড় করে সে, ‘দুনিয়ায় সায়েন্টিফিক বিষয়টা হলো গে...’

মোল্লাও আমসিমুখো হাভাতের মতো হাঁ করে মাস্টারের কথা সব টপাটপ গেলে।

এই লেনদেনে করোনা কোন ছার। আরে, মাস্টার কি আর গৃহপালিত জীব যে গরুর গুমাইয়ের মতো মুখে মাস্ক এঁটে ঘরে খিল দিয়ে বসে থাকবে? মালদার মোল্লার ঘিলুতে দুফোঁটা বিদ্যার আরক না দিলে তো তার ঘুমই হয় না।

মোল্লাকে সে টোকা দেয়, ‘জামতলে আম পড়িছে! কাহিনি কী?’

মোল্লা বলে, ‘জামে মনে হয় করোনার বাতাস লাগিছে। জাম ফুইলে আম হইয়ে ঝইরে পড়িছে!’

কেঠো মোল্লা মশকরা করছে কি না, ঠাওরানোর চেষ্টা করে মাস্টার। মোল্লা বলে, ‘টাসকি মাইরলে মনে হতিছে।’

‘টাসকি মাইরে আর কী হবে, করোনা কত কী দেখাচ্ছে! আরে, টেরাম্পের মতো লোকই গর্তে সেঁধোচ্ছে!’

‘এত দূরে যাতিছ ক্যান। আমার গুড়ের আড়তে যে লালবাত্তি জ্বইলে উঠল, সেইটা দেখলে না। কত্ত আশা কইরে এত্ত এত্ত গুড় তুললাম। লাভের গুড় এখন পিঁপড়ায় খায়।’

ঠিক এ সময় কোব্বাত সুতোকাটা ঘুড্ডির মতো উড়ে এসে হাজির। হাঁপাতে হাঁপাতে বলল, ‘কত্তা, সব্বোনাশ! পিছনের আমবাগানে কাইল রাইতে মনে হয় আম্পান আসিচ্ছিল। পাকা আম সব খাইয়ে সাফ করিছে!’

‘এই বেটা, আম্পান আইসপে মানে! সেইটে তো দুদিন আগেই চইলে গেল!’

সম্প্রতি আঘাত হেনে যাওয়া ঘূর্ণিঝড় আম্পান সম্পর্কে যৎকিঞ্চিৎ সবক মাস্টারের কাছ থেকেই পাওয়া। বলেছে, আম্পান আসলে একটা দানব। সে ঝড়ের রূপ ধরে আসবে। কথাটা আড়াল থেকে রসগোল্লার মতো গিলেছে কোব্বাত। যেদিন আম্পানের আঘাত করার কথা ছিল, সে রাতে ধানের গোলায় বস্তার আড়ালে কুড়াল হাতে লুকিয়ে ছিল। সারা রাত ঘুমায়নি।

পরদিন ভোরেই মাস্টারকে ধরেছে, ‘স্যার, আপনি বইলেছিলেন আম্পান আসপে। কই, দেইখলাম না তো!’

মাস্টার বিশেষ ভরসা দিয়ে বলেছিল, ‘একটু সবুর কর, আম্পান আইসপেনি। সময়মতো আইসে টের পাইয়ে দেবে!’

এখন আমবাগানে আমের হরিলুট দেখে মনে হচ্ছে, এ আম্পানেরই কাজ। কোঁচড় ভরা আম নিয়ে খেতে খেতে গেছে আম্পান। কয়েকটা ফেলে গেছে জামতলে।

 আসলে কী ঘটেছে, তা দেখায় আর তর সয় না মোল্লার। হন্তদন্ত হয়ে আমবাগানের দিকে ছোটে। পিছু নেয় বাকিরা।

 আমবাগানে পা দিতে না দিতে মোল্লার মাথায় ধিম করে একটা আম এসে পড়ে। আর কেউ নয়, ওই কোব্বাতই ইয়া মাবুদ বলে মনিবের বিপুল বপু সামলায়।

মোল্লা যেন আর এ জগতে নেই। নিজের নাদাপেটা ধড়ের হিল্লে অধীনস্থের ওপর ছেড়ে দিয়ে একমনে দোয়া পড়ে যাচ্ছে।

মাস্টার বরাবরের মতো পাতলা ঝোল ছাড়ার চেষ্টা করে বলে, ‘বুইঝলে না, দুনিয়ার সায়েন্টিফিক বিষয়টা হলো গে..’

এটুকু বলে মাস্টার নিজেই খেই হারিয়ে ফেলে। তার ঠ্যাং থরথর। দ্রুততম মানব নির্বাচনের দৌড়ে নাম লিখিয়ে ফেলল সে। ওয়ান-টু-থ্রি বলার অপেক্ষা। শেষ মুহূর্তে একটু দেখে নেওয়ার কৌতূহলটা কেবল বাকি। ঠিক এ সময় গাছের ডালে লেজ ঝুলিয়ে বসে আমে মগ্ন একটা শাখামৃগ নজরে এল।

 চতুর মাস্টারের বুঝতে বাকি রইল না, এটাও করোনার কীর্তি। লকডাউনে না খেয়ে থাকতে থাকতে এদিকে চলে এসেছে গঞ্জের বাজার চষে বেড়ানো বানরেরা। ওরাই জামতলে আম ফেলে গেছে। আর দলছুট একটা গাছে বসে ভেলকি দেখাচ্ছে।