
একটু আগেই ঘুম থেকে উঠেছে অর্ক। এত সকালে সাধারণত ঘুম থেকে ওঠে না সে। রুমমেট অর্ণবের খুটখাট শব্দ উঠতে বাধ্য করেছে অর্ককে। অর্ণব নীল জিনস আর অফ হোয়াইট পাঞ্জাবি পরে অর্কের অস্ট্রেলিয়াপ্রবাসী খালার পাঠানো বডি স্প্রেটা খালি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ ভালোবাসা দিবস। অর্ণব ঘুরতে যাবে।
‘আমার খাবার অফ করে দিস! গেলাম...’ মোবাইল ফোনটা চার্জ থেকে খুলে তড়িঘড়ি করে চলে যায় অর্ণব। বকুলতলায় ওর জন্য অপেক্ষা করছে অর্পিতা।
অর্কও আজ ঘুরবে। ঠিক গত বছরের মতো। দরজাটা লাগিয়ে লকার থেকে ল্যাপটপ বের করে অর্ক। তারপর ওর লুকিয়ে রাখা সম্পদগুলো বের করে। আর্কাইভ করে রাখা অণুর পাঠানো হাজার হাজার এসএমএস! প্রতিবার শেষ থেকেই ভ্রমণ শুরু করে অর্ক।
শেষ দিন (৩০ আগস্ট, ২০১০):
‘কাল যাচ্ছি।
জানি। ভোরে যাবে।
তোমার কি খারাপ লাগছে?
না। আমি আনন্দে নৃত্য করছি।
মন খারাপ কোরো না।
কেন করব না?
করবে? তো করো!
করেই তো আছি।
তোমাকে টেক্সট করাটা আর আমার উচিত হবে না।
কোরো না।
বিয়ে কবে?
১৯ অক্টোবর।
মনে হয় মিস করব।
কী মিস করবে? বিয়ে নাকি আমাকে?
বিয়ে।
তোমার সামনে ফাইনাল না?
হুম।
কাল গিয়ে চোখ-কান বন্ধ করে পড়া শুরু করে দেবে। আমি আর বিরক্ত করব না।
তাই নাকি? আচ্ছা, প্রথম টেক্সটা কী মনে করে করেছিলে?
তোমাকে মনে পড়ছিল, তাই। কেন?
না, এমনিতেই। বলছিলাম ব্যাপারটা কেমন যেন। এই যে তোমার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ টেক্সট এল। আস্তে আস্তে আমরা কত ক্লোজ হয়ে গেলাম। বিচ্ছেদের সময়টাও হঠাৎ করেই চলে এল। সময়টা খুব কম, তাই না?
হ্যাঁ, খুব কম। তোমার কি আমার কথা কখনো মনে হয়েছিল?
সত্য বললে কষ্ট পাবে।
সহ্য করতে পারব।
আমার ড্রিম গার্লের কথা বলেছিলাম। মনে পড়ে? গার্লটা তুমি ছিলে!
মনে পড়েছে।
উত্তর পেয়েছ?
পেয়েছি।
কী মনে হচ্ছে? সবাই একি রকম?
না।
তবে?
কিছু না। তোমার কথাগুলো কি ভুলে যাব?
শর্ত তো এমনই ছিল মনে হয়।
গেলাম।
আমার কুৎসিত পরিচয়টা তোমাকে জানিয়ে দিলাম। হঠাৎ কখনো মনে পড়লেও আর যোগাযোগ করার ইচ্ছে করবে না।
যদি খুব বেশি মনে পড়ে তখন কী করব?
বেশি মনে পড়ার তো কোনো কারণ দেখি না।
পৃথিবীতে কারণ ছাড়াও অনেক কিছু ঘটে অর্ক।
আমাকে মাফ করতে পারবে, নাকি পারবে না?
কেন?
অনুমতি না নিয়ে কারও হূদয়ে অনুপ্রবেশের চেষ্টা কি অপরাধ নয়?
এত দিন ছিল না, তবে এখন অপরাধ।
তুমি সত্যিই অনেক ভালো একটা মেয়ে। তোমার বরও অনেক ভালো হবে।
থ্যাঙ্কস। তুমিও অনেক ভালো।
মনে হয় না।
বললাম আর বিশ্বাস হলো না? এ জন্যই তো বলতে চাই না।
আর বলারও সুযোগ পাবে না। তোমাকে অনেক মিস করবরে।
আমি কাউকে মিস করব না।
আমার গাইতে ইচ্ছে করছে, ‘চলে যদি যাবি দূরে স্বার্থপর...তবে কেন জোছনা দেখালি...?’
আমি তোমাকে জোছনা দেখাইনি।
তবে টেক্সট করেছিলে কেন?
আমি কি জানতাম, কুসুমেও কীট থাকে?
আরে এমনিতেই মজা করলাম। কে আগে বাই বলবে, তুমি না আমি?
তুমি।
শুরুটা তুমিই করেছিলে, শেষটাও তুমিই করবে।
বিশ্বাস করো, আমি এমন শেষ চাইনি অর্ক। স্বার্থপরকে পারলে ক্ষমা করে দিয়ো। সব কলি ফুল হয় না অর্ক। তবে কষ্টে কষ্টে কাটাকাটি হয়। ভালো থেকো...বাই।’
সেদিন শেষ ‘বাই’টা ইচ্ছে করেই বলেনি অর্ক। বাই মানে শেষ! কিন্তু অর্কের তো কিছু শেষ হয়ে যায়নি! অণু তো আর্কাইভে সেই আগের মতোই আছে! আজও চোখ বন্ধ করলে সে অণুর ভেংচি কাটা মুখ দেখতে পায়। না, অর্কের প্রথম পছন্দ, প্রথম ভালো লাগা হারিয়ে যায়নি। হয়তো একসঙ্গে হাতে হাত রেখে নদীর পাড় ধরে হাঁটার সৌভাগ্য তার কোনোকালেই হবে না, কিন্তু সে তার নিজের সাজানো জগতে আজীবন সেই অণুর সঙ্গেই ঘুরবে। সে মিছেমিছি বাই বলবে কেন?
পরের ফাইল ওপেন করে অর্ক। ২৯ আগস্ট, ২০১০...
মো. জুনায়েদ খান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ।