জাসদের আত্মনিরীক্ষিত ইতিহাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে জাসদের সংবাদ সম্মেলনে কথা বলেছেন আ স ম আবদুল রব ও মেজর (অব.) এম এ জলিল
জাতীয় প্রেসক্লাবে জাসদের সংবাদ সম্মেলনে কথা বলেছেন আ স ম আবদুল রব ও মেজর (অব.) এম এ জলিল

এ বইয়ের লেখক মহিউদ্দিন আহমদ ভূমিকাতেই জানাচ্ছেন, ‘১৯৭২ সালে এই দলটির জন্ম হলেও এর একটা পূর্ব-ইতিহাস আছে। জাসদকে বুঝতে হলে এর পটভূমি জানা দরকার। প্রয়োজন ইতিহাসের মোড়ক উন্মোচনের। ইতিহাস কোনো “ঠাকুরমার ঝুলি” নয়। বরং এটা হয়ে উঠতে পারে একটা “প্যানডোরার বাক্স”। এর ডালা খুললে এমন সব সত্য বেরিয়ে আসবে, যার মুখোমুখি হতে চাই না আমরা অনেকেই।’ সত্যিই তো তাই! জাসদের জন্মের ইতিহাস, তার উত্থান ও পতনের ইতিহাস, জাসদ ভেঙে বাসদের জন্মের পাশাপাশি নানা তৎপরতার ভেতর দিয়ে দলটির নিজেরই ইতিহাস হয়ে যাওয়ার ইতিহাস পাঠ করার পর রীতিমতো রোমাঞ্চিত হতে হয়।

>
জাসদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতি
জাসদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতি
জাসদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতি
মহিউদ্দিন আহমদ
প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরী
প্রকাশক: প্রথমা প্রকাশন
প্রকাশকাল: অক্টোবর ২০১৪
২৮৮ পৃষ্ঠা,
দাম: ৫৫০ টাকা।

বইটি পড়ার পর ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে, লেখক যেন আত্মসমালোচনার দায়ভার থেকে এ বই লেখার তাড়নায় উদ্দীপিত হয়েছেন। এবং সেই উদ্দীপনাই তাঁকে নির্মোহ করে তুলেছে। সত্যের প্রকাশে, নিজের দলের, ব্যক্তির, নেতার কিংবা দলের গৃহীত নীতি-আদর্শের ভুলত্রুটি উন্মোচনে দ্বিধাগ্রস্ত নন লেখক। বইটি লিখতে গিয়ে তিনি যেমন নানা তথ্যসূত্রের আশ্রয় নিয়েছেন, তেমনি নিয়েছেন দল-সংশ্লিষ্ট নেতা-কর্মীদেরও সাক্ষাৎকার। ফলে জাসদের পূর্ণাঙ্গ একটি ইতিহাস রচনায় মহিউদ্দিন আহমদ কোথাও শৈথিল্যের আশ্রয় নেননি।
বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন-ভ্রূণের সঞ্চার যে উৎস থেকে, সেই ‘নিউক্লিয়াস’ তথা ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ গঠনের ইতিহাস যেমন বিস্তারিতভাবে তুলে ধরেছেন লেখক, একইভাবে এনেছেন সেই খ্যাত-অখ্যাত ব্যক্তিদের নাম, যাঁদের বেশির ভাগই এ বইয়ের পাতা ছাড়া চিরকালের জন্য ইতিহাসের আস্তাকুঁড়ের বাসিন্দা। মহিউদ্দিন আমাদের জানাচ্ছেন, যে দলটির প্রত্যেক নেতা-কর্মী ও সদস্য মুক্তিযুদ্ধে জান বাজি রেখে লড়াই করেছেন, পরবর্তীকালে তাঁরা দেশের কোন পটভূমিতে গড়ে তুললেন এই দল। এবং কীভাবে তাঁরা ক্রমেই চড়ায় আটকে পড়তে লাগলেন। দলটি কেন নিক্ষিপ্ত হতে লাগল ভুলের চোরাবালিতে! বলছেন তিনি, ‘১৯৭১ সাল পর্যন্ত আওয়ামী লীগের বাইরে সবচেয়ে সংগঠিত ও শক্তিশালী দল ছিল ন্যাপ ও কমিউনিস্ট পার্টি। এই দল দুটো বাহাত্তরে প্রধান বিরোধী দলের ভূমিকা নিতে পারত। কিন্তু তারা আওয়ামী লীগের সহযাত্রী হয়ে দেশে আওয়ামী লীগকে একতরফা রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। জাসদের উদ্ভব এই সময়ে।’ তিনি আরও জানাচ্ছেন, ‘জাসদের রাজনীতির খোলনলচে পাল্টে যায় দুটো ঘটনার মধ্য দিয়ে। একটি হলো চুয়াত্তরের ১৭ মার্চে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও এবং অন্যটি হলো পঁচাত্তরের ৭ নভেম্বরের অভ্যুত্থান। দুটো ঘটনাই প্রমাণ করে, উদার গণতান্ত্রিক রাজনীতির ব্যাপারে জাসদের আগ্রহ ছিল না।’ আত্মসমালোচনার সুরে লেখক বলছেন, ‘একাত্তরের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হয়ে যাওয়ার পর এ ধরনের রাজনীতির পুনরাবৃত্তির তেমন সুযোগ হয়তো ছিল না।’
জাসদের উত্থান যেমন টগবগে অশ্বশ্রেণির মতো ছিল, তেমনি তার পতনও ছিল পর্বতারোহী কোনো অভিযাত্রীর পর্বতচূড়া থেকে পতনের মতো। পুনরায় মহিউদ্দিনের ভাষ্য, ‘জাসদে সংকট তৈরি হয়েছিল অন্য কারণেও। ষাটের দশকের গণতান্ত্রিক জাতীয়তাবাদী ধারার সঙ্গে পরবর্তী সময়ে এসইউসিআইয়ের সমাজতান্ত্রিক বিপ্লবের তত্ত্ব এবং যুগপৎ সর্বহারা পার্টির সন্ত্রাসবাদী প্রবণতা এক মোহনায় মিশে গিয়েছিল।...জাসদের রাজনীতি যাঁরা শুরু করেছিলেন, নিয়ন্ত্রণটা শেষ পর্যন্ত তাঁদের হাতে আর থাকেনি।...এর মূল্য শুধু জাসদ দেয়নি, দিতে হয়েছে সমগ্র জাতিকে।’
জাসদের ‘গণবাহিনী’র কথা সুবিদিত। তাদের তৎপরতার কথাও। অন্তিমে কী পরিণতি হয়েছিল এই বাহিনীর? বিস্তারিত বিবরণ আছে এ বইয়ের ১৪৪ থেকে ১৬৫ পৃষ্ঠার বৃত্তে।
বইয়ের উপসংহার টানতে গিয়ে লেখকের কথা, ‘জাসদকে মূল্য দিতে হয়েছে খুব বেশি।...তাদের অনেক সদস্য ক্ষমতাসীন দলের লোকদের হাতে মারা পড়েছেন...।’ বলছেন আবার, ‘যখন রাজনীতি থাকে না, তখন দলের মধ্যে খুনখারাপি চলে। জাসদও এর ব্যতিক্রম নয়।...একটা খণ্ডিত হিসাবে দেখা গেছে, একমাত্র কুষ্টিয়া জেলাতেই নিহত হয়েছেন জাসদের পঞ্চাশের বেশি নেতা-কর্মী।’
মহিউদ্দিন আহমদের জাসদের উত্থান পতন: অস্থির সময়ের রাজনীতি আমাদের জাতীয় রাজনীতির এক ক্রান্তিকালের ইতিহাস। এখানে রাজনৈতিক দলের কর্মতৎপরতার ধারাবাহিক বিবরণসূত্রে উঠে এসেছে বাংলাদেশের এক অস্থির সময়ের কথা।