জাহাজপড়া চর
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে অভিযান শেষে ফেরার পথে অস্ট্রেলিয় টেস্ট ক্রিকেটার রস জেরাল্ড গ্রেগরির বিমানটি ক্রুসহ নিখোঁজ হয়ে যায় বাংলাদেশের গফরগাঁওয়ে, ১৯৪২ সালের সেই ঘটনার পর এ চরের নাম হয় জাহাজপড়া চর। এই চর ও রস গ্রেগরির মৃত্যু রহস্য নিয়ে সরেজমিন ঘুরে এসে লিখেছেন ইফতেখার মাহমুদ রস গ্রেগরি ২০ বছর বয়সে স্থান করে নেন অস্ট্রেলিয়ার জাতীয় দলে। ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেওয়ার আগ পর্যন্ত তিনি ক্রিকেট খেলেছেন কিংবদন্তি ক্রিকেটার ডন ব্র্যাডম্যানের সঙ্গে। ১৯৪২ সালের জুনে শত্রুপক্ষের বিমানের আঘাতে গ্রেগরির বিমান ভূপাতিত হয় বাংলাদেশের ময়মনসিংহের এক অজপাড়াগাঁ গফরগাঁওয়ে। সে সময়ের ক্রিকেটবোদ্ধাদের মতে, রস গ্রেগরি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বলতম আবিষ্কার। ১৯৩৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাসেজ সিরিজে তিনি দুটি টেস্ট খেলেন—তিন ইনিংসে তাঁর মোট রান ছিল ১৫৩, সর্বোচ্চ স্কোর ৮০, গড় ৫১। যুদ্ধে যোগ দিয়ে নিয়মিত ডায়েরি লিখেছেন রস গ্রেগরি। ব্যক্তিগত সেই ডায়েরিতে রস লিপিবদ্ধ করেছেন ঘটনাবহুল বিশ্বযুদ্ধের রুদ্ধশ্বাস সব স্মৃতি।এই ডায়েরি কর্তৃপক্ষের চোখকে ফাঁকি দিয়ে বিশ্বস্ত এক বন্ধুর মারফত দেশে পাঠাতেও সক্ষম হয়েছিলেন গ্রেগরি। পরের ঘটনা: অভিযান শেষে ফেরার পথে গ্রেগরির বিমানটি ক্রুসহ নিখোঁজ হয়ে যায় বর্তমান বাংলাদেশের বন্যানিমজ্জিত এক অঞ্চলে। প্রবীণ ক্রিকেট লেখক ও ঐতিহাসিক ডেভিড ফ্রিথ প্রথম রস গ্রেগরির ডায়েরির কথা জানতে পারেন লন্ডনের বিখ্যাত নিলাম আয়োজক প্রতিষ্ঠান ক্রিস্টির ক্যাটালগ থেকে। এরপর রস গ্রেগরির এই ডায়েরি ও তাঁর স্মৃতিবিজরিত অন্যান্য সামগ্রী ক্রয়ের উদ্দেশ্যে ডাকে নিলামে অংশ নেন ডেভিড। তারপর এই ঐতিহাসিক দুই বছর অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা রস গ্রেগরির আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করে গ্রেগরি সম্বন্ধে তথ্য সংগ্রহ করেন; খুঁজে পান তাঁর দুর্লভ সব ছবি। যার ফলেই ডেভিড রচনা করেন আকর্ষণীয় মনোহর এবং খানিকটা বিদ্রোহী স্বভাবের রস গ্রেগরিকে নিয়ে দি রস গ্রেগরি স্টোরি। দুই পর্বের এই বইয়ে স্থান পেয়েছে ক্রিকেটার রস গ্রেগরি ও তাঁর বর্ণাঢ্য জীবন, বিশ্বযুদ্ধকালীন লেখা তাঁর ডায়েরি এবং ১৯৩০-৪০ সালের প্রথমভাগের অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেট ও ক্রিকেট ঘিরে সে সময়ের সামাজিক অবস্থা। রস গ্রেগরির ওয়েলিংটন বম্বার বিধ্বস্ত হওয়ার পর দীর্ঘদিন তাঁর মৃত্যু নিয়ে রহস্য ঝুলে ছিল, ডেভিড ফ্রিথের এই বই অস্ট্রেলিয়ার অজানা নায়কের জীবন বিস্তারিতভাবে উন্মোচিত হয় পাঠকের সামনে। দুই বছরের অক্লান্ত গবেষণাকর্মের একপর্যায়ে ডেভিড ফ্রিথ এসেছিলেন বাংলাদেশেও। তাঁর বাংলাদেশ সফরের মধ্য দিয়েই সমাধান ঘটে রস গ্রেগরির মৃত্যুরহস্যের। তাঁর মৃত্যু হয়েছে ময়মনসিংহের গফরগাঁওয়ের এক অখ্যাত চরে; তার আগে পর্যন্ত নথিতে ছিল রসের বিমান নিখোঁজ হয় আসাম বেঙ্গলে। ডেভিড ফ্রিথের গবেষণার সূত্রেই আবিষ্কৃত হয় রস গ্রেগরির বিমান পড়েছিল ময়মনসিংহের গফরগাঁওয়ের ব্রহ্মপুত্র নদসংলগ্ন এলাকায়। ডেভিড ফ্রিথের বইয়ের সূত্র ধরেই প্রথম আলোর এই প্রতিবেদক অনুপ্রাণিত হন গফরগাঁওয়ের ওই দুর্গম চরে গিয়ে ১৯৪২ সালের সেই ওয়েলিংটন বম্বার বিমান ভূপতিত হওয়ার ঘটনা অনুসন্ধানে, যে ঘটনায় গফরগাঁওয়ের সেই চরের নাম বদলে গিয়ে হয়েছে জাহাজপড়া চর।ধারণা করা হয়, ১৯৪২ সালের ১০ জুন বার্মার আকিয়াব বন্দরের একটি জাপানি স্থাপনায় বোমা হামলা করে ফেরার সময় রস গ্রেগরির বিমানটি একটি জাপানি বিমানের পাল্টা আক্রমণের শিকার হয়। সকালে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছিল সেদিন। বগামারা চর ও গফরগাঁও সদরের মানুষ দেখতে পেল পূর্ব আকাশে একটি যুদ্ধবিমান আরেকটিকে তাড়া করছে। এক বিমান আরেক বিমানকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে আকাশে ঘুরপাক খাচ্ছে। হঠাৎ পেছনের বিমানটি থেকে ছোড়া গোলা গিয়ে লাগল সামনেরটির গায়ে। ব্রিটিশ সরকারের ইনিয়ন জ্যাক চিহ্ন আঁকা বিমানটি মুহূর্তে গোত্তা খেয়ে নিচের দিকে পড়তে শুরু করল। আকাশে কালো ধোঁয়া আর আগুনের কুণ্ডলী ছড়াতে ছড়াতে তিরবেগে সেটা ধেয়ে আসতে শুরু করল ব্রহ্মপুত্র নদসংলগ্ন এলাকার দিকে। নিচে কৌতূহলী হয়ে আকাশে দুই বিমানের এই অবাক কাণ্ড দেখছিল যারা, তারা এবার আতঙ্কিত হয়ে ছুটতে শুরু করল নিরাপদ আশ্রয়ের উদ্দেশে। বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ, ছাই তখন চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়তে শুরু করেছে মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে। সাতসকালেই এ রকম অভূতপূর্ব একটা ঘটনা চোখের সামনে ঘটতে দেখার ধাক্কা গফরগাঁওয়ের মানুষের কাটতে খানিকটা সময় লাগল। বিস্ফোরণের শব্দ থেমে যাওয়ার পর ব্রহ্মপুত্র নদের কাছে গিয়ে তারা দেখল, বগামারা চরের কাছে পানির রং কোথাও নীল আবার কোথাও লাল হয়ে গেছে। যুদ্ধবিমানটির মূল অংশটি যেখানে পড়েছে, সেখানে তৈরি হয়েছে বিশাল এক গর্তের। আর পানির নিচ থেকে তখনো বুদ্বুদ আর গুড়গুড় শব্দে ছোট ছোট বিস্ফোরণের শব্দ উঠে আসছে। ওপরের এই বর্ণনার সূত্র ওই সময় গফরগাঁও ইসলামিয়া হাইস্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র আবুল হাশেম ও তৃতীয় শ্রেণীর ছাত্র আমীর আলীর। সেই দিনের ঘটনা দেখতে হাজারো গ্রামবাসীর সঙ্গে ব্রহ্মপুত্র নদের পাড়ে ছুটে গিয়েছিলেন তাঁরাও। অন্যদের সঙ্গে তাঁরাও দেখেছিলেন পানিতে বিমানের টুকরোর সঙ্গে ভাসছে মানুষের হাত-পা ও শরীরের নানা অঙ্গপ্রতঙ্গ। ঘটনার ঘণ্টা তিনেক পর ময়মনসিংহ মহকুমা সদর থেকে সদলবলে হাজির হন তৎকালীন ময়মনসিংহ জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার ক্রেক ও তাঁর হাতির দল। তাঁর হুকুমে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। উড়োজাহাজের ভাঙা টুকরো আর মৃত সেনাদের খণ্ডিত লাশ নিয়ে ম্যাজিস্ট্রেট, পুলিশ আর হাতিসমেত ফিরে যায় ময়মনসিংহে। পরে গ্রামবাসীর কেউ কেউ ওই নদের মধ্যে ভাসতে থাকা যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, আর নদীর তীরে পানি থেকে তুলে আনা বিমানের নানা আকৃতির লোহা, চুম্বকের টুকরো বাড়ি নিয়ে আসে।আবুল হাশেমের মনে আছে, সেদিন একটি লাশের সঙ্গে চামড়ার একটি ব্যাগে পাওয়া গিয়েছিল একটি চিঠিও। গফরগাঁও ইসলামিয়া হাইস্কুলের ইংরেজির শিক্ষক নির্মল রায় ইংরেজিতে লেখা সেই চিঠি বাংলায় অনুবাদ করে সবাইকে শুনিয়েছিলেন। আবুল হাশেমের যত দূর মনে পড়ে, সেই চিঠির ভাষা ছিল এ রকম: ‘তুমি দেশে কবে আসবে? তোমার দুই ছেলেমেয়ে শুধু তোমাকে খোঁজে; পাখি দেখলে বাগানে ছুটে যায়; ফুল ছিঁড়ে, পাখিকে তাড়া করে, আর শুধু তোমার কথা বলে। তুমি তাড়াতাড়ি বাড়ি আসো।’ ১৯৭০ ও ’৭৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের গফরগাঁও আসন থেকে আওয়ামী লীগের পক্ষে সাংসদ নির্বাচিত হয়েছিলেন সেদিনের এই আবুল হাশেম। আশির ওপরে বয়স এখন আবুল হাশেমের, পেছনের অনেক কথা ভুলে গেছেন। কিন্তু নিহত সেনার স্ত্রীর সেই আকুতিমাখা চিঠির প্রতিটি কথা তাঁর স্মৃতিতে এখনো রয়ে গেছে।সেবার বর্ষা শেষে যখন শীত আসে, পানি নেমে গিয়ে ব্রহ্মপুত্র শুকিয়ে যায় পানির নিচ থেকে তখন বেরিয়ে এসেছিল বিশাল এক লোহার গোলাকার পাত্র। আবুল হাশেম বলেন, ওই গোল লৌহপাত্রে রাখালেরা গরু বেঁধে রাখত। বাচ্চারা খেলত। পরে জেলা প্রশাসনের লোকেরা জাহাজপড়া চরের সেই লোহার খণ্ড পড়ে থাকার খবর জানতে পেরে আবারও পুলিশ নিয়ে গফরগাঁওয়ে আসে। তাদের কাছ থেকেই গ্রামবাসী জানতে পারে, ওটি আসলে একটি শক্তিশালী বোমা। গ্রামবাসীকে সরিয়ে দিয়ে সেই বোমা পানিতে এনে বিস্ফোরণ ঘটায় ব্রিটিশ সেনারা। বোমার সেই বিকট শব্দে পুরো ময়মনসিংহ যেন কেঁপে উঠেছিল সেদিন। ‘ছবির মতো সেই দৃশ্যের কথা এখনো চোখ বুজলেই দেখতে পাই’—এ কথা বলে স্মৃতিকাতর হয়ে পড়েন আরেক ৮০ বছরের বৃদ্ধ আমীর আলী মাস্টার। জাহাজপড়া চরের যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনার তিনিও একজন প্রত্যক্ষদর্শী। আকাশে দুই বিমানের যুদ্ধ, মিত্রশক্তির বিমানের বিধ্বস্ত হওয়ার রোমহর্ষক দৃশ্য এখনো তিনি গ্রামের তরুণদের কাছে স্মৃতিচারণা করেন। রস গ্রেগরির মর্মান্তিক পরিণতির কথা ডায়েরিতে নেই। ডেভিড ফ্রিথের আগে অস্ট্রেলীয়রাও ভালো করে জানত না, রসের ঠিক কোথায় মৃত্যু হয়েছিল; কাগজপত্রে কেবল উল্লেখ ছিল তাঁর মৃত্যু হয়েছে ভারতে। কিন্তু নাম জানা না থাকলেও রস গ্রেগরি ও তাঁর সঙ্গীদের নিহত হওয়ার ঘটনা ভালো করেই মনে রেখেছে গফরগাঁওবাসী। ব্রিটিশ সেই যুদ্ধবিমানের বিধ্বস্ত হওয়ার ঘটনার মধ্য দিয়েই চরের নাম বদলে গিয়ে হয়েছে ‘জাহাজপড়া চর’। এই নাম ময়মনসিংহ জেলা ভূমি রেজিস্ট্রি কার্যালয়ের নথিতেও অন্তর্ভুক্ত হয়ে স্থায়ী রূপ পেয়েছে। তবে ঘটনাক্রমে ডেভিড ফ্রিথের লেখারস গ্রেগরি স্টোরি বইটির সন্ধান না পেলে এই অস্ট্রেলীয় ক্রিকেটারের কথা, ময়মনসিংহের গফরগাঁওয়ের ওই অজানা চরে তাঁর নিহত হওয়ার কথা হয়তো অজানাই থেকে যেত আমাদের। রস জেরাল্ড গ্রেগরি(২৭ ফেব্রুয়ারি ১৯১৬-১০ জুন ১৯৪২)ক্রিকেটে অস্ট্রেলিয়া দলে খেলার আগে তাঁর প্রথম শ্রেণীর ক্রিকেটে শতক ছিল একটি আর ৩৩ খেলায় অর্ধশতক ছিল ১৭টি। বোলার হিসেবে লেগ ব্রেক ও গুগলি বোলিংয়ে উইকেট পান ৫০টি।দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে গ্রেগরি নাম লেখান রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সে, এবং পদোন্নতি পান পাইলট অফিসার হিসেবে।