জাহাজশিল্প ও স্থানিক শিল্পপ্রয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থাপনশিল্প, শিল্পী: সামির এ হিমেল
স্থাপনশিল্প, শিল্পী: সামির এ হিমেল

রাজধানী ঢাকার জন্ম বুড়িগঙ্গার তীরে। উদ্ধত রাজধানীর নাগরিক গ্রাস, মনুষ্য-বর্জ্য, ট্যানারির রাসায়নিক আর নগরায়ণের উচ্ছিষ্ট ধারণ করে বুড়িগঙ্গা দিন দিন জঞ্জাল-ভাগাড়ে পরিণত হয়েও তার তীরবর্তী জনপদে জুগিয়ে যাচ্ছে জীবন ধারণের নিত্যনতুন রসদ—কাঁচাবাজার, বিপণিবিতান, কলকারখানা, লঞ্চ টার্মিনালসহ নদীকেন্দ্রিক বিচিত্র সব জীবিকা। যার মধ্যে জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা বা ডকইয়ার্ড উল্লেখযোগ্য। কেরানীগঞ্জের ডকইয়ার্ড শিল্পের বদৌলতেই চট্টগ্রাম বন্দরের আপাত অর্থে জঞ্জালে পরিণত হওয়া বিদেশি জাহাজের অংশগুলোই জীবন্ত লঞ্চ কিংবা মালবাহী জলযান হয়ে ভেসে ওঠে বুড়িগঙ্গায়। তবে যেভাবে এই শিল্প পরিচালিত হয়, তা শুধু দেশের শিল্প খাতের আর্থিক উন্নয়ন ছাড়া এখানকার পরিবেশ, শ্রমিক ও জনজীবনের জন্য সামগ্রিকভাবেই হুমকিস্বরূপ।
বুড়িগঙ্গার তীরবর্তী ডকইয়ার্ডের এই ঝুঁকিপূর্ণ পরিবেশে শিল্প উপস্থাপনের জন্য ২৪ মে আয়োজিত হয়েছিল ২১ জন তরুণ শিল্পীর ‘জীবন্ত জঞ্জাল’ ( Living Scrap) শীর্ষক এক দিনব্যাপী স্থাননির্ভর বা সাইট স্পেসিফিক (Site specific) শিল্পপ্রদর্শনী। এতে স্থাপনাধর্মী শিল্প উপস্থাপন করেছেন মাসুম চিশতী, রাসেল পাশা, আবদুল্লাহ রানা, সামির এ হিমেল, ঝোটন চন্দ্র রায়, সনদ বিশ্বাস, রুপম রায়, ধীমান সরকার, আরমান সরকার, সৈয়দ তারেক রহমান, রাসেল চৌধুরী, স্বপ্ন সমুদ্র, ইমরান সোহেল, শক্তি নোমান, খায়রুল হাসান, রবিউল হোসাইন প্রমুখ শিল্পীরা। অভিনয়ধর্মী শিল্প নিয়ে উপস্থিত হয়েছেন শিল্পী সানজিদ মাহমুদ, জুয়েল এ রব, অসীম হালদার সাগর, শিমুল দত্ত ও মানিক বণিক।
এখন আসা যাক, সাইট স্পেসিফিক কী—এ প্রসঙ্গে। পাশ্চাত্য শিল্পের ইতিহাসে সাইট স্পেসিফিক শিল্পের সূত্রপাত ১৯৬০ সালের পর, গ্যালারিকেন্দ্রিক আধুনিক শিল্পের একঘেয়েমিকে ভাঙতে কিছু স্থপতি ও শিল্পীরা একটি নির্বাচিত স্থানের গঠন, চারিত্রিক বৈশিষ্ট্য ও ইতিহাস পর্যালোচনা করে শুধু ওই স্থানেই প্রদর্শনের লক্ষ্যে শিল্প তৈরি করেন, যার মাধ্যমে ওই স্থানসংশ্লিষ্ট মানুষের সঙ্গে সংযোগ স্থাপিত হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে গত কয়েক বছর থেকেই কিছু তরুণ ও নবীন শিল্পীদের এই ধরনের শিল্পচর্চায় দেখা যাচ্ছে।
প্রদর্শনীর জন্য বুড়িগঙ্গা ও এর তীরবর্তী ডকইয়ার্ডের স্থান নির্বাচন করায় এর ইতিহাস, বিবর্তন, ডকইয়ার্ডের পরিবেশ, জাহাজ মেরামতের পদ্ধতি, আনুষঙ্গিক বা উচ্ছিষ্ট বস্ত্তগুলোর ব্যবহার, শ্রমিকদের জীবন ও জীবিকার সঙ্গে শিল্পীদের কাজকে সম্পর্কিত করতে শিল্পীদের কিছুটা বেগ পেতে হয়েছে। স্থানটির বৈশিষ্ট্য নিয়ে শিল্প উপস্থাপন ও জনগণের সঙ্গে সংযোগ তৈরিতে সবাই সর্বতোভাবে সফল হয়েছেন এমন নয়। কয়েকজন শিল্পী, যেমন মাসুম চিশতীর ‘ইনার লাইন’, সামির এ হিমেলের ‘সেলিব্রেটিং লাইফ (বিহাইন্ড দ্য সিন)’, রুপম রায়ের ‘ইনার পাওয়ার অব সাউন্ড’, স্বপ্ন সমুদ্রের ‘মিসিং লাইফ’ ও ইমরান সোহেলের ‘পেরিফেরাল রিদম অব বুড়িগঙ্গা’য় শিল্পচিন্তা ও উপাদানে স্থানিক বিষয় উঠে এসেছে অত্যন্ত সফলভাবেই। নগরজীবনের শত চ্যালেঞ্জের মধ্যে তরুণ শিল্পীদের এই উৎসুক প্রয়াস নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার যোগ্য।