
জিম্বাবুয়ে: বোবা পাথর সালানিনি
মঈনুস সুলতান
প্রকাশক: প্রথমা প্রকাশন
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
২০০ পৃষ্ঠা
দাম: ৩৩০ টাকা
সতীনাথ ভাদুড়ী লিখেছিলেন ‘যারা বুদ্ধিমান, তারা ভ্রমণকাহিনীও পড়ে না,... তারা বলে মিথ্যেটাকে মিথ্যের মতো করে লিখলে তাকে বলে উপন্যাস; আর মিথ্যেটাকে সত্যের মতো করে লিখলে হয় ভ্রমণকাহিনী...।’ তবে মঈনুস সুলতানের ভ্রমণকাহিনি পড়ে বোঝার উপায় নেই সত্যকে মিথ্যের মতো করে লেখা, নাকি মিথ্যেকে সত্যের মতো করে। প্রথামাফিক ভ্রমণকাহিনি বলতে কোনো দেশের বা জায়গার যে রকম টানা বর্ণনা থাকে, মঈনুস সুলতানের জিম্বাবুয়ে: বোবা পাথর সালানিনি বইটি ঠিক সে ধারার নয়। ছোটগল্পের আকারে বিভিন্ন ব্যক্তি বা প্রসঙ্গ নিয়ে তাঁর বিষয় নির্বাচন যেন জিম্বাবুয়ের একেকটা স্ন্যাপশট। সেই শটগুলোর ডিটেলস দিতে গিয়ে তাঁর ভাষা, উপমা ও চিত্রকল্প মিলে কৌতুকরস এবং কাব্যরসের একটা অনুপম আবহ সৃষ্টি করে। বাংলা ভ্রমণসাহিত্যকে সৈয়দ মুজতবা আলী যে উচ্চতায় তুলে দিয়েছিলেন, মঈনুস সুলতান সেই ধারাটিকে উচ্চতর জায়গায় নিয়ে যাওয়ার প্রয়াসে সিদ্ধকাম হয়েছেন।
গ্রন্থভুক্ত তাঁর ভ্রমণগল্পগুলোর প্রতিটিতে রয়েছে রবার্ট মুগাবে এবং তাঁর ঠ্যাঙাড়ে বাহিনীর হাতে বিপর্যস্ত মানবতা ও অর্থনীতির খুব ঘনিষ্ঠ বিবরণ। সরকারি দল জানুপিএফের ক্যাডারদের মাস্তানি, জবরদখল, লুটপাট, গণধর্ষণ—এসব অনাচারের খুব বাস্তব খতিয়ানও পাওয়া যাবে বইটিতে। মঙ্গার কারণে দেশত্যাগী হতদরিদ্র মানুষের পাশাপাশি বারবার ঘুরেফিরে এসেছে লাগামহীন মুদ্রাস্ফীতিতে জেরবার মানুষ ও অর্থনীতির প্রসঙ্গ। মতপ্রকাশের স্বাধীনতা খর্ব, বিদেশি সাহায্য সংস্থা এবং সংবাদমাধ্যমগুলোকে বহিষ্কারের মতো তথ্যও লেখক তুলে এনেছেন তাঁর সহজাত ভঙ্গিতে। জিম্বাবুয়েতে পুরুষানুক্রমে বসবাসরত শ্বেতাঙ্গ পরিবারগুলোকে তাদের সহায়-সম্পত্তি থেকে উৎখাত এবং জবরদখলের মর্মস্পর্শী বর্ণনা যেমন রয়েছে, তেমনি রয়েছে মুগাবের অত্যাচারের শাস্তিস্বরূপ দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের ফলে ভেঙেপড়া অর্থনীতির হালহকিকত। স্টাউনটন পরিবারের খামার দখল করে তাঁদের সন্তানসম্ভবা পুত্রবধূকে ধরে এনে বিবস্ত্র অবস্থায় নাচতে বাধ্য করলে তাঁর গর্ভপাত হয়ে যায়—এমন তথ্য জানার পর শ্বেতাঙ্গদের শোষণ কিংবা কৃষ্ণাঙ্গদের অধিকারবিষয়ক আমাদের তৃতীয় বৈশ্বিক আবেগ বিপরীত স্রোতে বইতে শুরু করে। বইটির তথ্যমতে, একমাত্র ২০০০ সালেই চার হাজার শ্বেতাঙ্গ সম্পন্ন কৃষক পরিবারকে উৎখাত করা হয় দেশটি থেকে। জিম্বাবুয়ের এসব অন্যায় নিপীড়নের সঙ্গে তাঁর লেখায় আরও ধরা পড়ে দেশটিতে প্রাণঘাতী এইডস রোগের বিস্তৃতি এবং আক্রান্ত মানুষের করুণ মৃত্যু। জানা যায়, দেশটির ২৩ শতাংশ প্রাপ্তবয়স্কের শরীরে রয়েছে রোগটির জীবাণু, সপ্তাহে গড়পড়তা মৃত্যুর সংখ্যা তিন হাজারের মতো।

মঈনুস সুলতানের কাহিনিতে যে চরিত্রগুলো উপস্থাপিত, তাদের প্রত্যেকের জীবনে রয়েছে নিজস্ব কোনো ট্র্যাজেডি। সালানিনির কথাই ধরা যাক। এইডস আক্রান্ত অকালপ্রয়াত এই তরুণী, এই স্কুলশিক্ষিকা তার জীবনকাহিনি শোনাতে লেখকের সঙ্গে বাইরে গেলে তার মায়ের ধারণা হয়, মেয়ে যাচ্ছে অভিসারে। কিংবা নাইজেরীয় টোপে আবেলোভির কথা, যার সৎ বাবা তাকে যৌন নিপীড়ন করে। অথবা একসময়কার মডেল ব্লসম, যার ছেলে জন্মাবধি পড়ে আছে বিলাতের কোনো অনাথালয়ে। এসব অভিজ্ঞতার কথা লিখতে তিনি যে ভাষা, উপমা ও চিত্রকল্প প্রয়োগ করেন তার কিছু উদাহরণ দেওয়া যায়: ‘তাদের চোখেমুখে স্টেডিয়ামে হেরে যাওয়া ফুটবল ক্লাবের সাপোর্টারদের মতো যুগপৎ ক্রোধ ও বিষাদের অভিব্যক্তি।’ ‘তাঁর বিস্তৃত ধূসর দাড়িতে লেগে থাকা রুটির টুকরা মাকড়সার জালে আটকানো পতঙ্গের মতো দোলে।’ ‘শিলাশৃঙ্গ তিনটিকে দেখায় বৃহৎ গোলাকার ঢাকনা খোলা শিরনির ডেগের মতো।’ ‘ডালা খোলা কফিনের মতো পরিত্যক্ত খনিমুখ।’
লেখকের সঙ্গে যেসব নারী চরিত্রের সাক্ষাৎ ঘটেছে, তাদের বর্ণনাতেও রয়েছে মৌলিকতার ছোঁয়া: ‘নাকাতুলের নিতম্বের বর্তুলে শনির বলয়ের মতো জড়িয়ে আছে কড়ির বিছে হার।’ ‘....খিলখিল করে হাসতে শুরু করলে তাঁর আংশিক অনাবৃত স্তনাঞ্চলে যবের খেতে হঠাৎ হাওয়ার দোদুল্যমানতা দৃষ্ট হয়।’ ‘খাঁচায় আটকানো জোড়া পাখির মতো যেন ডানা ঝাপটায় তার ভরাট স্তনযুগল।’ ‘চিত্রে অর্ধসমাপ্ত স্তনযুগলকে ট্রাফিক লাইটের কুয়াশা জড়ানো হলুদ বাতির মতো দেখায়।’
লেখকের ভাষায় কাব্যময়তা এবং গদ্যশিল্পীর অনায়াস দক্ষতার এক দুর্লভ সহাবস্থান আছে, যার কিছু উদাহরণ দেওয়া উচিত: ‘বাজনাটি ভেঙে ভেঙে স্রোতে ভেসে যাওয়া বাসি ফুলের তোড়ার মতো খাবি খায়।’ ‘পরের অঙ্কে লেখক তাঁর নদীজল-বঙ্কিম দেহে শরীরী ভালোবাসার অনুষঙ্গ ফোটালে জেমস মুজুরু বলে হারারের এক হিপহপ কবি অ্যায়সা যোশ কাতর হয়ে পড়েন যে তিনি হরিলুটের বাতাসার মতো দু-মুঠো কনডম ছিটিয়ে এইডস-আক্রান্ত এ দেশে বস্তুটি রক্ষাকবচের মতো প্রয়োজনীয় অঙ্গে ধারণ করতে অ্যাপিল জানান।’
মঈনুস সুলতানের স্বকীয় ভাষারীতির ভেতর তিন ধরনের শব্দ তিনি অবলীলায় ব্যবহার করেন—আরবি-ফারসি, যেমন: তালাশ, তাকদ, কোশেশ, কিসিম, গর্দিশ, হালত, জিল্লতি; কিংবা ইংরেজি, যেমন: কেওস, মেইনটেইন, সাপরেসড, কমিউনিকেট, সারফেস, কালেক্ট, কিউরিয়াস, ইমপ্রেসড অথবা আঞ্চলিক কথ্য, যেমন: আবজাব, টালটিবালটি, ছেরাবেরা ইত্যাদি। এ জাতীয় শব্দের ব্যতিক্রমী ব্যবহার তাঁর রচনাগুলোকে পরিণত করে খুব অন্তরঙ্গ গল্পকথনে। ভ্রমণকাহিনির আদলে বইটি মূলত কতিপয় ভিনদেশি নরনারীর জীবনযাপন এবং প্রকাশ্য ও গোপন বেদনার মানবিক দলিল।