
মৃত্যুর আগে জীবনের সংগীত
লেখক: ফারুক মঈনউদ্দীন
অবসর, ঢাকা প্রচ্ছদ: প্রতীক ডট ডিজাইন
১৪৪ পৃষ্ঠা দাম: ২২৫ টাকা
ফারুক মঈনউদ্দীন পেশায় ব্যাংকার, লেখালেখি শুরু ছোটগল্প দিয়ে, ভ্রমণ ও অনুবাদ সাহিত্যেও তাঁর সরব পদচারণ। কিন্তু যে বিষয়ে তাঁর অসাধারণ ব্যুৎপত্তি ও অভিনিবেশ, তা হলো জীবনানন্দ দাশ, তাঁর সাহিত্য ও জীবন সাধনা। সেই অভিনিবেশ থেকেই হয়তো মার্কিন গবেষক ক্লিনটন বুথ সিলির আলোড়ন সৃষ্টিকারী বই অ্যা পোয়েট অ্যাপার্ট-এর অনুবাদ করেছেন।
ফারুক মঈনউদ্দীনের আলোচ্য প্রবন্ধ গ্রন্থ মৃত্যুর আগে জীবনের সংগীত-এর উল্লেখযোগ্য অংশজুড়ে আছেন কবি জীবনানন্দ দাশ। মোট ১২টি প্রবন্ধের মধ্যে পাঁচটিই তাঁকে নিয়ে। এসব প্রবন্ধে লেখক জীবনানন্দ দাশের তিনটি বিখ্যাত কবিতা ‘আট বছর আগের একদিন’, ‘মৃত্যুর আগে’ ও ‘ক্যাম্পে’র বিশদ ও ব্যতিক্রমী আলোচনা করেছেন।
জীবনানন্দের এই তিনটি কবিতা যেমন গভীর জীবন দর্শন ও রহস্যের আধার, তেমনি তা সমকালীন জীবনপ্রবাহ, সময় ও সমাজের ওপর দারুণ প্রভাব ফেলেছে। ‘আট বছর আগের একদিন’-এ কবি জীবন ও মৃত্যুর রহস্য উন্মোচন করতে গিয়ে লিখেছেন, ‘নারীর হূদয়—প্রেম—শিশু— গৃহ—নয় সবখানি;/ অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়/ আরও এক বিপন্ন বিস্ময়/ আমাদের অন্তর্গত রক্তের ভিতরে/ খেলা করে;/ আমাদের ক্লান্ত করে’।
‘ক্যাম্পে’ কবিতা নিয়ে সে সময়ে বেশ তোলপাড় হয়েছিল। জীবনানন্দ দাশ সমকালের চেয়ে এগিয়ে ছিলেন বলেই সমসাময়িক লেখকদের অনেকেই তাঁকে মেনে নিতে পারেননি। আবার কেউ কেউ তাঁর সাহিত্যের অমরত্ব উপলব্ধি করেছেন। অন্যদিকে, ‘মৃত্যুর আগে’ কবিতাটিতে এই কবি একই সঙ্গে ব্যাখ্যা করেছেন জীবন ও মৃত্যুর অনশ্বরতা।
তিনটি কবিতার পাশাপাশি আলোচ্য বইয়ে লেখক আলোচনা করেছেন জীবনানন্দ দাশের মাল্যবান উপন্যাস নিয়ে। আর এখানে অনিবার্যভাবে এসেছে কবির ব্যক্তিগত ও দাম্পত্য জীবন, স্ত্রী লাবণ্য দাশের সঙ্গে তাঁর সম্পর্কের টানাপোড়েন। মাল্যবান পড়তে গিয়ে প্রকারান্তরে আমরা জীবনানন্দ দাশকেই পাঠ করি। এ উপন্যাসের আলোচনায় লেখক এই উপসংহারে এসেছেন যে জীবনানন্দ দাশের মৃত্যু দুর্ঘটনাজাত নয়, সেটি ছিল আসলে স্বেচ্ছামৃত্যু বা আত্মহত্যা। আসলেই তিনি আত্মহত্যা করেছিলেন কি না, সেই প্রশ্নের উত্তর আজ জানা যাবে না।
এ তো গেল জীবনানন্দবিষয়ক প্রবন্ধের কথা। বইটিতে ফারুক আলো ফেলেছেন হাসান আজিজুল হকের গল্পের ভুবনেও। বইয়ের তিনটি প্রবন্ধে এই ব্যতিক্রমী কথাশিল্পীর কাহিনি বিন্যাস, ভাষাশৈলী, চরিত্র চিত্রণ তথা জীবন সংগ্রামে বিধ্বস্ত ও বিপন্ন নারী চরিত্রগুলোর সারল্য, ঋজুতা ও হার না-মানা জীবনাকুতি তিনি তুলে ধরেছেন অত্যন্ত হূদয়াগ্রহী ভাষায়।
এ ছাড়া এ বইয়ে পার্ল এস বার্ক, মানিক বন্দ্যোপাধ্যায় ও শওকত ওসমানের মা-কেন্দ্রিক তিনটি উপন্যাস নিয়ে আলোচনা আছে।
আলোচিত হয়েছে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা ‘আফ্রিকা’। এ ছাড়া হাঙ্গেরীয় কবি সেন্দর পেতোফি ও মিসরীয় ঔপন্যাসিক আলা আল আসওয়ানির ইমারত ইয়াকুবিয়ান নিয়েও দীর্ঘ আলোচনা করেছেন ফারুক মঈনউদ্দীন। প্রতিটি প্রবন্ধেই উদ্দীষ্ট বিষয়ের গভীরে যাওয়ার চেষ্টা আছে লেখকের।
ফারুক মঈনউদ্দীন সাহিত্য আলোচনা অনেক সময়ই তথ্য-উপাত্ত ও ভাব-ভাষার ব্যঞ্জনায় মিশেলে রসাগ্রহী হয়ে ওঠে। তাঁর আলোচনায় মুগ্ধতা আছে, বিনয় আছে, কিন্তু যুক্তিহীন আবেগ নেই। তিনি যখন সাহিত্যের প্রকরণ নিয়ে কথা বলেন, তখনো বিষয়ের প্রতি তীক্ষ নজর রাখতে ভোলেন না।
লেখক স্বীকার করেছেন, বিভিন্ন সময় ও উপলক্ষে নিবন্ধগুলো লেখা, সে কারণে পুনরুক্তি থাকতে পারে। কিন্তু তাঁর আলোচনায় অধিত বিষয়ে পাঠক নতুন ভাবনার উপাদান খুঁজে পাবেন। এখানেই ফারুক মঈনউদ্দীনের প্রবন্ধের সার্থকতা।