হ্যারি পটার খ্যাত জে কে রাউলিং-এর সদ্য প্রকাশিত উপন্যাসদ্য ক্যাজুয়াল ভ্যাকান্সি। গত ২৭ সেপ্টেম্বর পাঁচ শতাধিক পৃষ্ঠার বইটি বিশ্ববাজারে এসেছে। বইটি প্রকাশিত হওয়ার পর প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে তিন লাখ ৭৪ হাজার কপি এবং যুক্তরাজ্যে এক লাখ ২৪ হাজার কপি বিক্রি হয়েছে। হু হু করে বাড়ছে এই বিক্রি। সম্প্রতি জার্মানির সাপ্তাহিক সাময়িকী ডার স্পিগেল-এ জে কে রাউলিংয়ের প্রকাশিত সাক্ষাৎকারের চম্বুক অংশের ভাষান্তর করেছেন শরিফুল ইসলাম ভূঁইয়া।প্রশ্ন: আপনার এই উপন্যাসে জাদু বা ভেলকিবাজি নেই। এ অভাবটা কি অনুভব করছেন?জে কে রাউলিং: আমি জাদুমন্ত্র নিয়ে হাঁপিয়ে উঠেছিলাম। জাদুর মধ্যে প্রচুর মজা আছে ঠিকই, তবে কিছু সময়ের জন্য এটা বাদ রেখেছি। হ্যারি পটার ও আমার নতুন এই উপন্যাসের মধ্যে যদি কোনো যোগসূত্র থাকে তো সেটা চরিত্রগুলো নিয়ে আমার আগ্রহ। প্রশ্ন: হ্যারি পটারের শেষ বইটা লেখার পর আপনার কি মনে হয়েছে যে আর লিখবেন না?রাউলিং: না, এটা আমার বিবেচনার মধ্যে নেই। আমি যেমন জীবনভর লিখে এসেছি, তেমনি লিখে যাব। তবে মাঝেমধ্যে নিজেকে বলেছি যে, আর কিছু না ছাপলেও চলবে। হ্যারি পটারের সাফল্য আমাকে ব্যাপক স্বাধীনতা দিয়েছে। আমি আমার বিলগুলো দিতে পারি। এ ছাড়া আমাকে এখন কারও কাছে কোনো কিছুর প্রমাণ দিতে হয় না। প্রশ্ন: কিন্তু এসব স্বাধীনতা তো একজন লেখিকার লেখার ক্ষেত্রে বাধাও তৈরি করতে পারে?রাউলিং: এ জন্যই তো আমি বেশি করে লিখতে পছন্দ করি। হ্যারি পটারের বেলায় ব্যবসাসংক্রান্ত দায়দায়িত্ব এত বেশি ছিল, প্রায়ই যেভাবে লিখব ভেবেছি, সেভাবে হয়নি। এ ছাড়া আমার তিন সন্তান রয়েছে ওদের দেখভাল করেই সব কাজ করি। প্রশ্ন: হ্যারি পটারের পর প্রাপ্তবয়স্কদের জন্য উপন্যাস লেখার সিদ্ধান্ত নিলেন কেন?রাউলিং: কারা আমার বইয়ের পাঠক—এ নিয়ে ভাবি না। একটি ছোট শহরের রাজনৈতিক নির্বাচন নিয়ে উপন্যাস লিখব—স্রেফ এ ভাবনাই আমাকে নাড়া দিয়েছে। আমার মনে হয়েছে, এই উপন্যাস সমাজ ও সমাজের বিভিন্ন শ্রেণী সম্পর্কে পাঠককে ধারণা দেবে। এটা লেখার সময় আমি উনিশ শতকের ইংরেজি উপন্যাসগুলো নিয়ে ভেবেছি। প্রশ্ন: দ্য ক্যাজুয়াল ভ্যাকান্সি উপন্যাসের পটভূমি হচ্ছে প্যাগফোর্ড নামের পশ্চিম ইংল্যান্ডের এক কাল্পনিক শহর। ওই শহরের প্রশাসনিক পরিষদের সম্মানিত সদস্য ব্যারি ফেয়ারব্রাদার। কাহিনির শুরুতেই তিনি মারা যান। কে তাঁর স্থলাভিষিক্ত হবেন—এ নিয়ে শুরু হয় লড়াই। পুরো উপন্যাসে আপনি ২০টির বেশি চরিত্রের সমাবেশ ঘটিয়েছেন। তো, পুরো ঘটনাই একটি ছোট শহরে কেন?রাউলিং: প্রথম কারণটি হচ্ছে, আমি যে শহরে বড় হয়েছি, এর সঙ্গে প্যাগফোর্ডের অনেকখানি মিল রয়েছে। এই শহরে যে জীবনের কথা বর্ণনা করা হয়েছে, এর সঙ্গে আমি খুব পরিচিত। নিয়ন্ত্রণসাধ্য এই ছোট্ট জগৎ একজন লেখকের জন্য এই সুযোগ করে দেয়—বিভিন্ন ব্যক্তির কর্মকাণ্ড অন্যের জীবনে কীভাবে প্রভাব ফেলে, তা সতর্কতার সঙ্গে খতিয়ে দেখতে পারে সে। প্রশ্ন: এ বইয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মধ্যবিত্ত শ্রেণীর কপটতা। রাউলিং: মানুষের যে পারস্পরিক সম্পর্ক, এর মধ্যে একটি অপ্রিয় প্রবণতা হচ্ছে সহানুভূতির ঘাটতি। যাকে মানুষ চেনে-জানে, তার প্রতি এই প্রবণতা বেশি। আবার যার সম্পর্কে আমরা খুব কম জানি, তাকে বড় বেশি দাম দিয়ে থাকি। অথচ কম জানার কারণে তার মূল্যায়নই করা উচিত নয়। অনুভূতিটা আসলে এমন যে, কোনো প্রতিবেশী বা ব্যক্তির চেয়ে নিজেকে বড় ভেবে যদি আমরা আত্মগরিমা লাভ করি, তাহলে তার জন্য কখনোই নিচে নামতে পারি না। আমি মনে করি, সহানুভূতির অভাবের পেছনে অনেক সমস্যা রয়েছে। এটা সমাজের শান্তি হরণ করছে। গ্রেট ব্রিটেনে উদারতা দেখানোর সত্যিকারের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। আর্থিক ক্ষেত্রে এই উদারতা বোঝাচ্ছি না। বন্ধুত্ব আর অন্যের প্রতি সহানুভূতির বেলায় তা ঘটছে। প্রশ্ন: এর পেছনে কারণটা কী?রাউলিং: মানুষ যখন অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করে, তখন অন্যদের সহায়তা করতে কম আগ্রহী হয়। এটা আসলে সহানুভূতি দেখানোর ভালো সময় নয়। প্রশ্ন: তিন সন্তানের মা এবং শিশু-কিশোরদের সবচেয়ে সফল বইয়ের লেখিকা হিসেবে বলুন, ভালো অভিভাবক হতে কী কী গুণ লাগে?রাউলিং: একজন সাবেক শিক্ষক হিসেবে এ প্রশ্নের সবচেয়ে ভালো উত্তর দিতে পারব। তা হচ্ছে সমস্যার কথা শোনা। আমি কখনো এটা দাবি করব না, যা কিছু করছি সবই ঠিক। কৈশোরে থাকা ছেলেমেয়ের আচরণ মাঝেমধ্যে অসহ্য হয়ে উঠতে পারে। কিন্তু সমস্যার শুরু তখনই, যখন সন্তানের সঙ্গে ভাবের আদান-প্রদান বন্ধ হয়ে যায়। এ ক্ষেত্রে সন্তানের সঙ্গে যোগাযোগটা বন্ধ হয়ে যায়। এটা আমার অভিজ্ঞতা। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একেবারে না শোনার চেয়ে কিছু শোনা। দ্য ক্যাজুয়াল ভ্যাকান্সির কিছু চরিত্রের মধ্যে এই সর্বনাশা বিষয়টি রয়েছে। প্রশ্ন: উপন্যাসের শেষ দিকে পছন্দনীয় একটি চরিত্রের মৃত্যু ঘটে। আপনার এই মূল চরিত্রগুলো মেরে ফেলার কাজটা আসলে কত কঠিন?রাউলিং: গ্রাহাম গ্রিন (খ্যাতিমান ব্রিটিশ লেখক) বলেছেন, প্রত্যেক লেখকের হূদয়ে অবশ্যই এক টুকরো বরফ থাকবে। আমি যখন দ্য ক্যাজুয়াল ভ্যাকান্সি লিখছিলাম, প্রায়ই মনটা বিক্ষিপ্ত হয়ে যেত। নিরানন্দ ভাব চলে আসত। তাই বলে উপন্যাসের চরিত্রগুলোর ভাগ্যে এর কোনো প্রভাব পড়েনি। চরিত্রগুলোর শেষ পরিণতি কী হবে, এই ভাবনার কোনো নড়চড় হয়নি। আমি তো জানি, এসব দৃশ্যের বর্ণনা লেখা কঠিন হলেও যা ঘটার ঘটবে। প্রশ্ন: বিশ্বের সবচেয়ে খ্যাতিমান লেখিকা হওয়ার ভালো দিকটি কী? রাউলিং: সবচেয়ে সুন্দর দিকগুলোর মধ্যে রয়েছে সাম্প্রতিক এক ঘটনা। একদিন ২১ বছর বয়সী এক তরুণী এল আমার কাছে। সে বলল, ‘আপনি আমার শৈশব। আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি?’প্রশ্ন: আর কঠিন দিক?রাউলিং: কঠিন দিক, আসলে এই কঠিন দিকটির কথা আমি বলতে চাই না। কঠিন দিক বলতে আমার বেলায় যা ঘটেছে, এতে আমি সত্যিই ধন্য। আমাকে যদি সে কথা বলতেই হয়, তাহলে বলব যে, আকস্মিকভাবে খ্যাতি অর্জন করাটা ছিল আমার জন্য এক কঠিন বিষয়। আমি রীতিমতো অভিভূত হয়ে গিয়েছিলাম। এ জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। এটা ছিল সত্যিকারের এক ধাক্কা। আজ আমার এই ধাক্কা সামলে চলতে পারার কারণ হচ্ছে ব্যাপক সমর্থন। প্রশ্ন: সাফল্য আপনাকে বদলে দিয়েছে?রাউলিং: হ্যাঁ, দিয়েছে। আমার জায়গায় দাঁড়িয়ে কেউ যদি বলে যে বদলে দেয়নি, তাহলে সে মিথ্যা বলবে। প্রথমে বলব, সাফল্য আমার জীবন থেকে অনেক দায়িত্ব আদায় করে নিয়েছে। ওই সময় আমি এক সন্তানের মা ছিলাম। শিক্ষকের অস্থায়ী একটা চাকরি করতাম। কত দিন বাড়ি ভাড়া চালিয়ে যেতে পারব, এর কোনো নিশ্চয়তা ছিল না। যখন হ্যারি পটারের প্রথম বইটার জন্য যুক্তরাষ্ট্রের প্রকাশনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করলাম, রাতারাতি অনেক টাকার মালিক বনে গেলাম। তখন হঠাৎ করেই বিভিন্ন দিক দিয়ে বেশ কিছু দায়িত্ব অনুভব করলাম। তা অভিভূত হওয়ার মতো ব্যাপার বটে। সব কিছুতেই নিরাপত্তা নিশ্চিত করার একটা তাগিদ পেয়ে বসল। আসলে আমি যেভাবে বড় হয়েছি, এমন পরিস্থিতির জন্য তৈরি ছিলাম না।প্রশ্ন: কীভাবে বড় হয়েছেন?রাউলিং: আমি সম্পদশালী পরিবার থেকে আসিনি। একটি সরকারি স্কুলে পড়েছি। সেখানে আমার যেসব বান্ধবী ছিল, সবাই গরিব পরিবারের। পরে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম, সেখানে প্রথম ধনী পরিবারের লোকজনের সান্নিধ্যে এলাম। তাদের নাক উঁচু মনোভাব সম্পর্কে জানতে পারলাম। বড় দুঃখ পেলাম যে তারা সবাই দুনিয়াটাকে গৎবাঁধা একই দৃষ্টিতে দেখে। প্রশ্ন: কিন্তু এখন তো আপনি যুক্তরাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। তাও এক দশকের বেশি সময় ধরে। রাউলিং: এখন আমি আগের চেয়ে অনেক বেশি গোছালোও বটে। আমি একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছি। আমার ট্রাস্টিও আছে। টাকা কীভাবে খরচ করব, এ ব্যাপারে আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে থাকি। টাকাটা যে সঠিক লোকের কাছেই পৌঁছাবে, এটাও নিশ্চিত করে নিই। প্রশ্ন: দ্য ক্যাজুয়াল ভ্যাকান্সির সাফল্য আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ?রাউলিং: আমি নিশ্চিত যে, হ্যারি পটারের মতো সাফল্য বাকি জীবনে আর পাব না। যত বই-ই লিখি না কেন, তা ভালো বা মন্দ হোক, এমন সাফল্য আর আসবে না। তবে বইটা লিখে আমি তৃপ্ত। এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রত্যেক লেখকই চান তাঁর বই প্রচুর পাঠক পড়ুক। আমার ক্ষেত্রে যদি এসব না ঘটে, তো এটাও ভালো বলে মেনে নেব। হয়তো তখন কোন উৎসবের আয়োজন করব না। স্রেফ ঘরে বসে লেখা চালিয়ে যাব।