জীবন পরিক্রমা এবং মৃত্যু
উত্তরার গ্যালারি কায়ায় চলছে নগরবাসী বর্মণের একক চিত্র প্রদর্শনী। কাজগুলো মিশ্র মাধ্যমে—কাগজের ওপর কালিতে ড্রয়িং ও এচিং, এচিং একোয়াটিন্ট, ড্রাই পয়েন্ট ও উডকাটে করা। প্রদর্শনীতে ছাপচিত্রের সংখ্যাই বেশি এবং মাধ্যম হিসেবে এচিংয়ের প্রাধান্য রয়েছে। অনেকগুলো মাধ্যমের ছবি থাকলেও বিষয়বস্তু ও উপস্থাপন-কৌশলের মধ্যে মিল রয়েছে ছবিগুলোতে। কৌশলগত কারণে এচিংয়ের বৈচিত্র্যময় ফলাফলও শিল্পী ব্যবহার করেছেন তাঁর চিত্রে।নগরবাসীর ছবির বিষয়: মাছ, ফাঁদ, মাছ ধরা, মৃত মাছ, মাছের আত্মা, মাছের কঙ্কাল, ভাঙা নৌকা প্রভৃতি। বিষয়গুলো বিভিন্ন ধরনের রেখা ও ফর্মের বিন্যাসকে আশ্রয় করে একটি ভাব, ধারণা বা ভাবের খণ্ডাংশকে প্রকাশ করেছে। বর্শাবিদ্ধ মাছ, ফাঁদ এবং এর চারপাশে মাছ, মাছের কঙ্কাল, হাড় একটি পরিণতিকে চিহ্নিত করে—জীবনের পরিসমাপ্তি, মৃত্যু। ভাঙা নৌকাও একই অর্থ বহন করে। জীবন-পরিক্রমার গন্তব্য এই মৃত্যু, ক্ষয় বা বিলীন হওয়া; কিন্তু তা ধ্বংস নয়, স্বাভাবিক পরিণতিতে ক্ষয়প্রাপ্ত হওয়া—ভাঙা নৌকা এরই ইঙ্গিতবাহী। এ ভাবনাটি মিশ্র মাধ্যমে করা জার্নি ১-৪-এ সহজেই চিহ্নিত করা যায়। ছাপাই ছবিতে কিছুটা বিমূর্ততার আড়ালে ধরা পড়েছে এই ভাবনা। এই বিমূর্ততা সৃষ্টি হয়েছে ছাপাই ছবির করণকৌশলগত বা এ পদ্ধতির সম্ভাবনা ও সীমাবদ্ধতার কারণে। ছাপাই ছবির ক্ষেত্রে একটি বাড়তি সুবিধা হলো, এখানে কৌশলের পরিণতি অনেক ক্ষেত্রে সৃষ্টি প্রক্রিয়ার অংশ হয়ে যায়।টেক্সচার ও এলোমেলো রেখা সত্ত্বেও নগরবাসীর ছবিগুলোর বিন্যাস অনেক প্রতিসম। অপ্রতিসম ভারসাম্য যে জটিলতার অনুভূতি জাগায় বা বিপরীতধর্মী বিষয়ভাবনার উপস্থিতি যে দ্বন্দ্বের আবির্ভাব ঘটায়, তা তাঁর চিত্রে অনুপস্থিত। কোনো সংকট সৃষ্টির মধ্য দিয়ে তাঁর ছবি দর্শককে উত্তেজিত করে না। নিস্পন্দনের মধ্যে যে স্পন্দন, তা-ই নগরবাসী ধরেছেন তাঁর চিত্রে। যেখানে জীবনের গন্তব্য, ভ্রমণের পরিসমাপ্তি, মৃত্যু—তাকেই ছবিতে অনেক গুরুত্ব সহকারে দেখা হয়েছে। এদিক থেকে নগরবাসী একটি স্বতন্ত্র ভাবের এবং স্বতন্ত্র প্রকাশভঙ্গি সৃষ্টি করতে সক্ষম হয়েছেন।