>

হেঁটে যাই জনমভর
সেলিনা হোসেন
প্রচ্ছদ: মাসুক হেলাল
* প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা
* প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৬
* ১৭৬ পৃষ্ঠা
* দাম: ৩০০ টাকা
সেলিনা হোসেনের হেঁটে যাই জনমভর উপন্যাসের প্রায় শেষাশেষি ‘একের ভেতর অনেক জীবন কাটিয়েছি’ বলে যাঁর এই স্বীকারোক্তি, সেই আরিফুর রহমানই মূলত এর নায়ক। তিনিই এই উপন্যাসের কাহিনির সূচনাকারী; এবং শেষও করেছেন। চারটি অধ্যায়ে বিভক্ত উপন্যাসের দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে আরিফুর রহমান যথাক্রমে ওসমান আলি ও মশিরুল নামে আত্মপ্রকাশিত। লেখক সেলিনা হোসেনের কাহিনি বলার অপূর্ব কৌশলের কারণে ভিন্ন ভিন্ন পটভূমিতে কাহিনি উপস্থাপন করা হলেও আলোচ্য উপন্যাসের গল্পকে বিচ্ছিন্ন বা যোগসূত্রহীন মনে হয় না। একইভাবে এর কাহিনির বর্ণনাকারীদেরও মনে হয় না তারা পরস্পর সম্পর্কহীন।
উপন্যাসের চারটি অধ্যায়েরই কাহিনি বিবৃত হয়েছে প্রথম পুরুষে। তাদের বর্ণিত কাহিনিজুড়ে আছে আমাদের সামাজিক ও রাজনৈতিক জীবনের অনতিঅতীত এবং চলমান বর্তমানও। আছে ইতিহাসের উপাদান। বিশেষভাবে মুক্তিযুদ্ধসম্পৃক্ত ঘটনার বিবরণ। যুদ্ধাপরাধীদের বিচারের সোচ্চার দাবিও।
আরিফুর রহমান অর্থনীতির অধ্যাপক। একুশের গানের রচয়িতা আলতাফ মাহমুদ তাঁর বন্ধু। তাঁর স্বপ্নজুড়ে আছে সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা। বর্তমানে অবসর জীবনযাপন করছেন। স্ত্রী ডালিয়া অসুস্থ-অচৈতন্য অবস্থায় শয্যাশায়ী পাঁচ বছরের বেশিকাল ধরে। ছেলেমেয়েরা লেখাপড়া শেষে বিয়ে-থা করে বিদেশেই থিতু। স্ত্রী ডালিয়ার নিষ্ক্রিয়তায় ঘরের কাজ করে দেয় নেইলা বুয়া, একজন মুচির কুড়িয়ে পাওয়া ছেলে জুয়েল এবং ফুল বিক্রেতা মেয়ে বেলি। আরিফুর এদের নিয়ে, এদের সেবায় অপার খুশি। দিনে দিনে এরা তাঁর আত্মীয়ের মতো হয়ে ওঠে। এদের পাশাপাশি আরিফুরের বড় অবলম্বন স্ত্রী ডালিয়ার সঙ্গে তাঁর মধুর স্মৃতির রোমন্থন। উপন্যাসের কাহিনি শুরু থেকে শেষ পর্যন্ত কখনো ফ্ল্যাশব্যাক, কখনো ফ্ল্যাশ ফরোয়ার্ডের পথ ধরে চলে। কখনো আরিফুর কথা বলেন আলতাফ মাহমুদের সঙ্গে, কখনো-বা ছুটে যান গোরস্থানে তাঁর কবরের সন্ধানে। হঠাৎ করে কাজের মেয়ে বেলির ধর্ষিত হওয়া ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হওয়া সবাইকে হতবাক করে দেয়। আরিফুরকেও। এই শোক কাটতে না-কাটতেই মৃত্যু হয় তাঁর স্ত্রী ডালিয়ার। ফায়জা নামের যে বিধবা মহিলার তত্ত্বাবধানে ডালিয়াকে রেখে গিয়েছিলেন আরিফুর, তিনিই তাঁকে দেন এ খবরটি। এবং উপন্যাসের শেষ অধ্যায়ে আমরা দেখি, অধ্যাপক আরিফুর বিয়ে করছেন ফায়জাকে।
হ্যাঁ, এ উপন্যাসের কাহিনি পরিব্রাজনের মতো। একই নায়ক নাম পাল্টে দ্বিতীয় অধ্যায়ে হন ওসমান আলি, ‘যে শৈশব হারিয়ে বড় হয়ে ওঠা একজন যুবক। যে খুঁজে বেড়ায় জহির রায়হানকে।’ সেও তার প্রিয় পাত্র একজন কিশোরের নিষ্ঠুর মৃত্যু প্রত্যক্ষ করে। এই মেধাবী ছাত্র নিজেও গরিব ঘরের ছেলে, শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দুটি পক্ষের গোলাগুলির শিকার হয়ে অকালে আলিঙ্গন করে মৃত্যুকে।
বইয়ের তৃতীয় অধ্যায়ে আরিফুর রহমান মশিরুল নাম নিয়েছেন। নিজের সম্পর্কে বলছেন, ‘আমি তো ভালোবাসি জীবনের এই রূপান্তর। একের মধ্যে বহুর বিন্যাস আমার সাধনা।’ এই রকম যে মশিরুল খুঁজে বেড়াচ্ছেন সেই মানুষটিকে, ‘সেদিন যে মানুষটিকে পাকিস্তানি সেনারা তুলে নিয়ে গিয়েছিল, তাঁর নাম ছিল লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন। তিনি আগরতলা মামলার আসামি ছিলেন।’
অনতিঅতীত আর বর্তমান—সবখানেই হত্যা। জীবনেরও পদধ্বনি। শান্তিরও মিছিল। উপন্যাসের অন্তিমে তাই সেই মিছিলে যোগ দেওয়ার প্রস্তুতি। আরিফুর ফায়জাকে বলেন, ‘এখন আমাদের ব্যাগ গোছাতে হবে। তুমি কি রেডি?’
‘হ্যাঁ, রেডি। কী নেবে? তুমি বলতে থাকো, আমি ঢুকিয়ে ফেলি।’
আরিফুর বলেন, ‘ঢোকাও একুশের ভোর। প্রভাতফেরি। গানের সুর। আলতাফ মাহমুদ। ঊনসত্তরের গণ-আন্দোলন। শহীদ আসাদ, মতিউর। সাতই মার্চের ভাষণ। ছাব্বিশে মার্চের সকাল। লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন। স্টপ জেনোসাইড। জহির রায়হান। যুদ্ধাপরাধীদের বিচারের রায়। মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য।’
‘এসব নিয়ে আমাদের মানুষের মাঝে যেতে হবে। কিন্তু কত দিন হাঁটব?’
‘আমি দুহাত ওপরে তুলে বলি, জনমভর।’
মৃত্যুর কাছে পরাভব মানতে জানেন না সেলিনা হোসেন, তারই স্বাক্ষর বিধৃত তাঁর হেঁটে যাই জনমভর উপন্যাসের পরতে-পঙ্ক্তিতে।