
প্যারালালিজম বা সমান্তরালতা, সমান্তরতা বা সাদৃশ্য ঘটনাপরম্পরার দূর-সম্পর্ক উপন্যাসটি বিশ্বজিৎ চৌধুরী যেভাবে শুরু থেকে শেষ করেন এবং আমরা পাঠক হিসেবে যখন এর পাঠ শেষ করি, তখন সত্যি সত্যি থেকে থেকেই ভাবনার সঙ্গী হই এই ভেবে, মানবজীবন এত ফাঁকফোকরে ভরা! জীবনের কোথাও কি সরলরেখা নেই! হাহাকার, দীর্ণতার লেশমাত্র নেই! প্রেমের সম্পর্কে খাদ মেশানো নেই!
বড় সাদামাটাভাবে শুরু হয়েছে উপন্যাসের কাহিনি। দুই বন্ধু দম্পতি শাহরিয়ার-দীপা ও জিনাত-রায়হান এবং তাদেরই বন্ধু শোভন ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ভ্রমণে এসেছিল মাইক্রোবাসে করে। দুদিন এখানে থেকে ঢাকা ফিরে যাওয়ার পরিবর্তে টেকনাফ যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা। সে-ও শোভনের তাড়নাতেই। টেকনাফ আসে অবশ্য তোফায়েল বলে স্থানীয় এক পুলিশ কর্মকর্তার প্রশ্রয়ে, যার সঙ্গে ঘনিষ্ঠতা রায়হানের। টেকনাফ দেখতে আসার পেছনের সেই দুর্বার আকর্ষণ—মাথিনের কূপ, তোফায়েলের কর্মস্থল থানার পরিবৃত্তেই যার অবস্থান। এখানেই পানি নিতে আসত সুন্দরী মগ কন্যা মাথিন, যার প্রেমে পড়েছিল তরুণ পুলিশ কর্মকর্তা ধীরাজ—ধীরাজ ভট্টাচার্য। ব্রিটিশ শাসনামলের ইতিহাস সেটা।
আমরা এ উপন্যাসের অধ্যায়গুলো যখন পড়ে চলি, একদিকে যেমন উন্মোচিত হতে থাকে ধীরাজ-মাথিনের সম্পর্কের ইতিবৃত্ত, পাশাপাশি শাহরিয়ার-দীপা দম্পতির সম্পর্কও যে আঁকবাঁকে ভরা, কীভাবে শাহরিয়ার শোভনকে ফাঁকি দিয়ে দীপাকে নিজের জীবনগত করে নিল, সেখানে দীপারও যে দুর্বলতা ছিল, আমরা পেয়ে যাই তারও চালচিত্র। রায়হানও কি ধোয়া তুলসী পাতা? মোটেও না। সে যখন ইন্টার্নশিপ করতে দুই বছরের জন্য টেকনাফ এসেছিল, সে সময় উঠেছিল স্থানীয় এক মগ বাসিন্দার বাড়িতে। তার ছিল এক যুবতী মেয়ে। তারও নাম মাথিন। মাথিনকে ভালো লেগে যায় রায়হানের। নাম দেয় আদর করে ‘পুতুল’। কিন্তু সে সম্পর্ক যখন পুতুলের তরফ থেকে গাঢ় হতে থাকে, তখন রায়হান রীতিমতো ফাঁকি দিয়ে টেকনাফ ছেড়ে পালায়। দীর্ঘদিন পর রায়হান যখন জিনাতকে বিয়ে করে টেকনাফে বেড়াতে আসে, পুলিশ-কর্তা তোফায়েলের আতিথ্য গ্রহণ করে ওঠে রেস্ট হাউসে—শোভন, দীপা ও শাহরিয়ারের সঙ্গে, হঠাৎ করেই তখন তাদের জানালা-সোজা কে যেন ঢিল ছোড়ে। খোঁজ নিয়ে জানা যায়, ঢিল ছুড়েছে এক পাগলি মেয়ে। কে সে? জানা যায়—মাথিন, রায়হান যার নাম দিয়েছিল ‘পুতুল’।
তোফায়েলের সহধর্মিণী হিসেবে যে মেয়েটিকে দেখা যায়, তার সঙ্গে তাঁর বয়সের ব্যবধান বিস্তর। তোফায়েল বিবাহিত। আগের ঘরের বউ, ছেলেমেয়ে বিদেশে থাকে। তাদের না জানিয়েই সে রোহিঙ্গা এই মেয়েটিকে বিয়ে করেছে তার অসহায়ত্বের সুযোগ নিয়ে। আপাতত কেউ জানে না এ সম্পর্কের পরিণতি।
আর দূর অতীতের ধীরাজ ও মাথিনের সম্পর্কের যে বিয়োগান্ত পরিণতি, সে তো সুবিদিত। ধীরাজ শেষ পর্যন্ত মাথিনের প্রতি প্রেমের সম্পর্কে অটল থাকতে পারে না। মাথিন মারা যায় ধীরাজের অভাবে। আর ধীরাজ টেকনাফ ছেড়ে পালায়। তার কাছে তার বাবার লেখা একটি চিঠির বার্তা ও বাণীই মোক্ষ হয়ে ওঠে। সে খাস ব্রাহ্মণের ছেলে। অসবর্ণ বিয়ের পিঁড়িতে বসার সাহসে কুলিয়ে উঠতে পারেনি শেষ পর্যন্ত। এসবই কি মধ্যবিত্তের প্রেম ও সম্পর্কের চেহারা আর চরিত্র?
ঔপন্যাসিক উপন্যাসের অন্যতম মুখ্য চরিত্র শোভনের মুখ দিয়ে অন্তিমে সিদ্ধান্তসূচক যে সংলাপ বলান, তা খুবই প্রণিধানযোগ্য, যার সুরটা এ রকমের: ‘শোভনের কণ্ঠে তখন হেঁয়ালি, বেশ একটা বক্তৃতার মতো করে বলল, এ রকমই হয়, যুগে যুগে ধীরাজ বাবুরা মাথিনকে ভালোবাসার জালে আটকায়, এই মেয়েগুলোর চারপাশে তো অমার্জিত নিরক্ষর খেটে খাওয়া মজুরশ্রেণির পুরুষের ভিড়, তাই শহুরে বাবুরা চাকচিক্য দিয়ে, চালাকি দিয়ে এদের কাবু করতে পারে সহজে। তারপর সময়-সুযোগ বুঝে সরে পড়ে...। মাথিনেরা অপেক্ষা করে, অপেক্ষা করে। তারপর এভাবেই পাগলের মতো তার বাবুকে খুঁজে বেড়ায় মানুষের ভিড়ে।’
দূর-সম্পর্ক বিশ্বজিৎ চৌধুরীর জীবন-সেচা উপন্যাস। মানব-মানবীর গভীর মনস্তত্ত্ব যাঁর নখদর্পণে, তাঁর চেয়ে খাঁটি ঔপন্যাসিক আর কে হতে পারবেন? উপন্যাসের পরতে পরতে তার স্বাক্ষর ধরা আছে।

দূর-সম্পর্ক
বিশ্বজিৎ চৌধুরী
প্রচ্ছদ: মাসুক হেলাল প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা প্রকাশকাল: জানুয়ারি ২০১৭ ১১২ পৃষ্ঠা দাম: ২২০ টাকা।