জীবনবাজি-যুদ্ধের দুর্লভ বিবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মুখযুদ্ধ ১৯৭১: মুক্তিযোদ্ধাদের কলমে
সম্মুখযুদ্ধ ১৯৭১: মুক্তিযোদ্ধাদের কলমে

সম্মুখযুদ্ধ ১৯৭১: মুক্তিযোদ্ধাদের কলমে
সম্পাদক: মতিউর রহমান
প্রচ্ছদ ও অলংকরণ: অশোক কর্মকার
প্রকাশক: প্রথমা প্রকাশন, মার্চ ২০১৫
২০৮ পৃষ্ঠা, দাম: ৩৫০ টাকা।
১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ কলেবরহীন এক মহাকাব্যের উপাদান। এই যুদ্ধ সংঘটিত হওয়ার পর চার-চারটি দশক অতিক্রান্ত। তার পরও অম্লান তার জ্যোতি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এমনই এক ঐতিহাসিক ঘটনা, যার সংঘটনের ব্যাপ্তিকাল নয় মাস দীর্ঘ হলেও, অঙ্গুলিমেয় বিরোধিতাকারী ছাড়া সারা দেশের মানুষ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে এর সঙ্গে যেভাবে জড়িত ছিলেন, তার নজির প্রায় বিরলই বলা চলে। সম্মুখযুদ্ধ ১৯৭১: মুক্তিযোদ্ধাদের কলমে শিরোনামী গ্রন্থের সম্পাদক মতিউর রহমান এরই রেশ ধরে যথার্থই বলেছেন, ‘মুক্তিযুদ্ধে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের পেছনে ছিল ব্যাপক জনসমর্থন। এ দেশের ভূখণ্ড ছিল তাঁদের চেনা। অসম সাহস সম্বল করে তাঁরা ঝাঁপিয়ে পড়েছিলেন আধুনিক অস্ত্রে সজ্জিত যুদ্ধবাজ পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। পাকিস্তানি বাহিনীর অতর্কিত আক্রমণে অপ্রস্তুত জাতি প্রথম দিকে সীমিত অস্ত্র আর শক্তি নিয়ে স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধযুদ্ধ শুরু করে। সে অবস্থাটি ছিল সাময়িক। প্রাথমিক দুর্বলতা কাটিয়ে ধীরে ধীরে বাংলাদেশ বাহিনী সংগঠিত হতে থাকে। বাংলাদেশ বাহিনী—যা তত দিনে মুক্তিবাহিনী নামে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে—ছড়িয়ে পড়ে দেশের সর্বত্র। স্থানীয় জনগণের সহযোগিতায় হাট-বাজার, শহর-বন্দর, গ্রাম—সব জায়গায় তারা শত্রুর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যেতে থাকে। বন্ধুরাষ্ট্র থেকে পাওয়া এবং শত্রুর কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র ও অন্যান্য সমরাস্ত্রের সাহায্যে প্রতিরোধযুদ্ধ ধীরে ধীরে রূপান্তরিত হয় গেরিলা যুদ্ধে।’ অর্থাৎ একাত্তরের নভেম্বর মাস থেকে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আনুষ্ঠানিক সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার আগ পর্যন্ত সারা বাংলাদেশের এটাই ছিল সাধারণ চালচিত্র।
তার পরের ইতিহাস সার্বিক মুক্তিযুদ্ধের ইতিহাস, পাকিস্তানি বাহিনীর আক্রমণাত্মক প্রতিরোধব্যূহ ছিন্নভিন্ন করে মুক্তিবাহিনীর বিজয়ের ইতিহাস। সম্পাদক এ বইয়ে এমনই ১৮ জন মুক্তিযোদ্ধার লিখিত স্মৃতিকথা ধারণ করে সম্পাদনা করেছেন, যাঁরা সম্মুখযুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন অথবা সংঘটিত সেসব যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। সংগত কারণেই বইয়ের ১৮ জন মুক্তিযোদ্ধা সম্পর্কে সম্পাদক বলেছেন, ‘সম্মুখযোদ্ধাদের অনেকেই লেখালেখিতে অভ্যস্ত নন, এটাই স্বাভাবিক। কারও কারও লেখালেখির চেয়ে দ্বিতীয়বার যুদ্ধে যাওয়া সহজতর মনে হয়েছে। কেউ কেউ বলেছেন, যুদ্ধকালে তাঁরা ছিলেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সেই মুহূর্তে যুদ্ধজয় ও দেশের স্বাধীনতা ছাড়া আর কোনো চিন্তা তাঁদের ছিল না...।’
এই বইয়ে সম্মুখযোদ্ধাদের প্রত্যেকের লেখা পাঠ করে চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে তাঁদের সেই জীবনবাজি রাখা যুদ্ধের দৃশ্যের পর দৃশ্য, যার দৃষ্টান্ত ছড়িয়ে আছে এর পৃষ্ঠার পর পৃষ্ঠায়। উদাহরণ হিসেবে তুলে ধরা যাক মো. জহুরুল ইসলামের ‘পাবনায় প্রতিরোধযুদ্ধ’ শিরোনামের লেখার কিয়দংশ, যেখানে তিনি বলছেন, পাকিস্তানি বাহিনীর আক্রমণের মুখে ‘সকাল থেকেই পাবনার বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ বন্দুক, রাইফেল, তির-ধনুক, লাঠি, ফালা-সড়কি নিয়ে শহরে জমায়েত হতে শুরু করে। “জয় বাংলা”, “জয় বঙ্গবন্ধু” স্লোগানে পাবনা শহর প্রকম্পিত হয়ে উঠল। পুলিশ লাইনের এই যুদ্ধে তির-ধনুক নিয়ে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ করতে এসে আমাদের একজন বীরযোদ্ধা শহীদ হলো।’ এ ছিল পাবনায় প্রাথমিক প্রতিরোধ যুদ্ধের বিবরণ। ব্যাপক আকারের যে প্রতিরোধ বা সম্মুখযুদ্ধ, তা সত্যিই ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। একই রকম স্মরণীয় হয়ে আছে রফিকুল ইসলাম, বীর উত্তম; আবু ওসমান চৌধুরী; শাহজাহান সিদ্দিকী, বীর বিক্রম; হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম; আলমগীর সাত্তার, বীর প্রতীক; মো. আমজাদ আলী, বীর প্রতীক; এম এইচ এ গাফফার, বীর উত্তম; মো. ইদ্রিস আলী, বীর প্রতীক; মো. আবদুল হান্নান; মো. সিদ্দিকুল হক; আমীর আহমেদ চৌধুরী, বীর বিক্রম; মো. খলিলুর রহমান; এস আই এম নুরুন্নবী খান, বীর বিক্রম; ইমাম-উজ জামান, বীর বিক্রম; সাহাবউদ্দীন আহমেদ, বীর উত্তম; ওয়াকার হাসান, বীর প্রতীক ও নূর হামিম রিজভী, বীর প্রতীকের লেখা—তাঁদের এলাকাভিত্তিক সম্মুখ ও প্রতিরোধ যুদ্ধের বিবরণ। মুক্তিযোদ্ধাদের সেসব বিবরণ পাঠের ভেতর দিয়ে আমাদের কাছে যেমন জীবন্ত হয়ে ওঠে যুদ্ধকালীন সারা বাংলাদেশের চিত্র, তেমনি আমরা ফিরে যাই সেই উত্তাল-বিক্ষুব্ধ দিনগুলোতেও। পরিশেষে বলব, বইটি সম্পাদনা করে মুক্তিযুদ্ধের সার্বিক ইতিহাস রচনার অনুকূলে মতিউর রহমান একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছেন।