জীবনযাপনের চালচিত্র
রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহে এসেছিলেন নিজেদের জমিদারি দেখভালের জন্য। এ সময় লেখার কাজেও দারুণ মগ্ন ছিলেন তিনি। পরে এ প্রসঙ্গে নিজেই তিনি বলেছেন, জমিদারির পাশাপাশি তাঁর ‘আসমানদারী’-এর কাজও সমানতালে চলেছে। এখানে রবীন্দ্রনাথের কাছে ‘আসমানদারী’ অর্থ লেখালেখি। রবিঠাকুরের এই কথাটির ভাব অবলম্বনে আমারও তাই বলতে ইচ্ছা করে, শিক্ষকতার পাশাপাশি নিজের লেখালেখির কাজ নিয়েই ব্যস্ত এখন আমি। শিক্ষকতা আমার পেশা। আর লেখালেখি, রবীন্দ্রনাথ থেকে ধার করে বলি, ‘আসমানদারী।’আসলে নিজের সময়গুলো কীভাবে কাটে, এর আগে বিষয়টি কী সেভাবে ভেবেছিলাম! আর দশজন সাধারণ মানুষের দিন যেমন কাটে, দিন আসে, দিন যায়—আমার ক্ষেত্রেও ওই নিয়মের হেরফের নেই।বিশ্ববিদ্যালয়ে ক্লাস না থাকলে সাধারণত খানিকটা দেরি করেই ঘুম থেকে উঠি—বেলা ১১টার আগে নয়। এরপর অভ্যাসমতো খবরের কাগজে চোখ বোলানো। তারপর লেখালেখি, পড়াশোনা—এই তো। ঢাকার বাইরে কুষ্টিয়ায় থাকার সুবাদে আমার জীবনটা এখনো যান্ত্রিকতাহীন, সভা-সেমিনারের অহেতুক ব্যস্ততা তেমনভাবে স্পর্শ করে না। এ জন্যই বোধ হয় প্রিয় বন্ধু, চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল প্রায়ই আমাকে সতর্ক করে দিয়ে বলেন, ‘আহসান, পাকাপাকিভাবে কখনো ঢাকায় আসবেন না। ঢাকায় এলে সভা-সেমিনারের যন্ত্রণায় আপনার অনুসন্ধান-গবেষণা সব শেষ হয়ে যাবে।’ কখনো কখনো ভাবি, তা ঠিক। কুষ্টিয়ায় না থাকলে কীভাবে আমি এসব করতাম; লালন সাঁই, রবীন্দ্রনাথ ঠাকুর, মীর মশাররফ হোসেন, কাঙাল হরিনাথ, জলধর সেন, মুন্সি শেখ জমিরুদ্দিন, কবি দাদ আলী, জগদীশ গুপ্ত—এঁদের সম্পর্কে বিস্তর সময় নিয়ে নিজের মতো করে গবেষণার সময় কি মিলত ব্যস্ত রাজধানী ঢাকায়?অবশ্য নাট্যকার মমতাজউদ্দিন আহমেদ যখন জগন্নাথ কলেজে বাংলা বিভাগের প্রধান, তখন আমার চাকরিজীবনের শুরু; এ সময় তিনি একবার আমাকে ঢাকায় আনার উদ্যোগ নিয়েছিলেন দারুণভাবে, একেবারে উঠেপড়ে লেগেছিলেন। কিন্তু আসা হয়নি দুটি কারণে। প্রথমত, আমার মায়ের কারণে। দ্বিতীয়ত, তখন মাইনে পেতাম সাকল্যে এক হাজার ১০ টাকা। ঢাকায় মোটামুটিভাবে খেয়ে-পরে বেঁচে থাকতে গেলে ওই টাকায় কুলাত না, বাড়িতে হাত পাততে হতো। আর আমার কাছে এটা ছিল ভারি লজ্জার ব্যাপার। তাই ও পথ মাড়াইনি। এখন মনে হয়, ভালোই করেছি। নিজের বাড়িতে বসে মনের আনন্দে আমার কাজ করতে পারছি।কবিতার মধ্য দিয়ে আমার লেখালেখি শুরু। কিন্তু যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান শ্রেণীতে পড়ি, মনে হলো, আমাদের দেশে গদ্যচর্চার ভারি আকাল। তাই কবিতার চেয়ে গদ্যচর্চা বেশি জরুরি মনে হলো সে সময়। আমি বোধ হয় সব সময়ই একটু ইঁচড়েপাকা গোছের। অনার্সে পড়ার সময় আমার প্রথম বই বের হয়—কুষ্টিয়ার বাউল সাধক। সেই বইয়ের ভূমিকায় আমার শিক্ষক আহমদ শরীফ আমাকে উদ্দেশ করে লিখেছিলেন, ‘তিনি বয়সে কাচা, মনে পাকা।’ আমি সারা জীবন তাঁর এ কথাটি মনে রেখে যৎসামান্য কাজ করার চেষ্টা করেছি। আর কুষ্টিয়া শহর মাতৃজঠরের মতো আগলে রেখেছে আমায়।আমি অনেকটাই গৃহী-সন্নাসী। তাই আমার দৌড় কেবল পড়ালেখাতেই সীমাবদ্ধ। অধিকাংশ ক্ষেত্রে সংসারের নানা রকম কাজকর্ম, হাটবাজার—এসব আমাকে দিয়ে হয় না। সাধারণত বেশি রাত অবধি পড়ালেখা করি। আড়াইটা-তিনটার আগে ঘুমানোর অবসর মেলে না। এখন বাঁধা-ধরাভাবে তেমন কিছুই পড়ছি না। বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময়ে লেখা আমার কিছু প্রবন্ধ, যেগুলো প্রায় হারিয়েই গিয়েছিল; তার মধ্য থেকে কয়েকটি নিয়ে সৃজনে-মননের চালচিত্র নামের এবারের বইমেলায় একটি বই বেরিয়েছে আমার। এখানে রয়েছে কাঙাল হরিনাথ, হুমায়ুন কবির, আহমদ শরীফ, আবু হেনা মোস্তফা কামালসহ বেশ কয়েকজন মনীষীকে নিয়ে লেখা প্রবন্ধ। এ রকম অগ্রন্থিত আরও কিছু লেখা স্থান পাবে আরেকটি বইয়ে।এ ছাড়া রবীন্দ্রনাথের লালন নামের একটি বই এই মেলাতেই বেরোনোর কথা ছিল। বিভিন্ন কারণে বের হয়নি। ওই বইটিও অচিরেই বেরোবে। লালন সাঁই সম্পর্কে আমার আগ্রহ দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে এ নিয়ে কাজও করেছি। একসময় সুনীল গঙ্গোপাধ্যায়কে তথ্য-উপাত্ত সরবরাহ করে লালনের ওপর উপন্যাস লিখতে অনুরোধ করেছিলাম। তিনি লিখলেন মনের মানুষ। পরে সেটি নিয়ে চলচ্চিত্র তৈরি করলেন গৌতম ঘোষ—এসব যখন ভাবি, মনের ভেতর কি তৃপ্তি আসে? না, আসে না। তাই তো আবারও রবীন্দ্রনাথের লালন শীর্ষক এই বইটি লেখা। লালন সাঁইয়ের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাব-সম্পর্ক এর মূল উপজীব্য। লালনের সঙ্গে কবিগুরুর দেখা হয়েছিল কি না, এ নিয়ে বিতর্ক আছে। আমি বইয়ে এ বিষয়টির ওপর আলো ফেলতে চেয়েছি। এই বইয়ের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বাউল সম্প্রদায়। আমাদের এ অঞ্চলে বাউলদের ওপর গবেষণা এবং তাঁদের নিয়ে কথাবার্তা শুরু হলো ঠিক কোন সময় থেকে? সবাই বলবেন রবীন্দ্রনাথের কথা। কিন্তু তারও আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিহারীলাল চক্রবর্তী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নানাভাবে বাউল সম্প্রদায়ের সংস্পর্শে এসেছেন। বিদ্যাসাগরের জীবনের শেষ পর্যায়ে তাঁর বিপর্যস্ত মনকে শুশ্রূষা জুগিয়েছিল অখিল উদ্দিন ফকির নামের এক বাউলের গান। তিনি তখন সাঁওতাল পরগনার কর্মাটারে স্বেচ্ছা নির্বাসিত। মাঝেমধ্যে কলকাতায় এলেই ডেকে নিতেন এই অখিল উদ্দিন ফকিরকে।রবীন্দ্রনাথের লালন বইয়ে এসবই বিস্তারিতভাবে লিখতে চেষ্টা করেছি। এভাবে নানা রকম লেখালেখি, গবেষণা—কাজের মধ্যে কেটে যাচ্ছে প্রতিটি দিন। এর মধ্যে কখনো যদি প্রশ্ন করি নিজেকে, কেমন আছি? জানি, আমার মন নিশ্চিত উত্তর দেবে, ভালো আছি। কুষ্টিয়ার আলো-হাওয়া আমাকে ভালো রেখেছে। অন্নদাশঙ্কর রায় একবার বলেছিলেন, ‘আমার শেষ জীবন কাটাতে চাই কুষ্টিয়ায়, বাংলাদেশের হূদয় যেখানে।’ ঠিক সেই অনুভূতি নিয়েই বলব, অন্য কোথাও নয়, লালন-কাঙাল-মশাররফের কুষ্টিয়ায় আমিও থাকতে চাই আজীবন।অনুলিখন: আলতাফ শাহনেওয়াজ