জীবনানন্দের গদ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমগ্র প্রবন্ধ—জীবনানন্দ দাশ \ সম্পাদনা: ভূমেন্দ্র গুহ \ প্রতিক্ষণ, কলকাতা \ জানুয়ারি ২০০৯ \ ৬৭১ পৃষ্ঠা \ ১৪৪০ টাকাকবির ব্যক্তিত্বের সর্বোত্তম প্রকাশ তাঁর কবিতায়। জীবনানন্দ দাশের জীবদ্দশাতেই, মৃত্যুর কয়েক মাস আগে, বেরিয়েছিল তাঁর শ্রেষ্ঠ কবিতা বইটি। কবির সেরা কাব্যকর্মের সর্বোচ্চ প্রতিনিধিত্ব ঘটেছিল সে বইতে। কিন্তু তাঁর অনুরক্ত পাঠকেরা বোধ হয় শুধু তাঁর কবিতাতেই পুরোপুরি তুষ্ট হতে পারেন না। কবির ব্যক্তিগত স্মৃতি, সাহিত্য, সমাজ, রাজনীতি, দর্শন ইত্যাদি সম্পর্কে তাঁর চিন্তা কেমন তাও হয়তো পাঠকদের জানতে ইচ্ছে করে। জীবনানন্দ দাশ আত্মস্মৃতি লিখেছেন বলে মনে পড়ে না। তবে তিনি যেসব প্রবন্ধ, নিবন্ধ, স্কেচ বা পুস্তক আলোচনার প্রতিক্রিয়া লিখেছেন, সেসবের মধ্যে তাঁর স্মৃতিভান্ডারের টুকরোটাকরাও ধরা আছে। কবিতা বিষয়েই তিনি লিখেছেন বোধ করি সবচেয়ে বেশি। এমন গোটা পনেরো লেখা নিয়ে কবিতার কথা নামে একটি প্রবন্ধগ্রন্থ প্রকাশিত হয়েছে অনেক আগেই, ১৯৫৫ সালে, তাঁর মৃত্যুর বছর খানেক পর। কিন্তু ভীষণ প্রিয় একজন কবির সব গদ্যরচনা একটি মাত্র গ্রন্থের ভেতরে পাওয়া বেশ সুবিধাজনক ও আনন্দের বিষয় তা বলার অপেক্ষা রাখে না। জীবনানন্দ বিশেষজ্ঞ ভূমেন্দ্র গুহ আমাদের জন্য সেই আনন্দদায়ক সুবিধাজনক কাজটি করে দিয়েছেন। কবির সব গদ্যরচনা একটিমাত্র পাত্রে সাজিয়ে হাজির করেছেন আমাদের সামনে। বইটিতে জীবনানন্দ দাশের প্রকাশিত, অপ্রকাশিত, গ্রন্থিত, অগ্রন্থিত গদ্যরচনাই আছে। এবং শুধু বাংলায় নয়, ইংরেজিতে রচিত প্রবন্ধ, নিবন্ধ, পুস্তক আলোচনা, আলোচনার প্রতিক্রিয়া এবং কিছু স্মৃতিচারণামূলক রচনাও নেওয়া হয়েছে এ বইতে।লেখার ধরনভেদে ভূমেন্দ্র গুহ বইটি ভাগ করেছেন কয়েকটি ভাগে। প্রথমে রেখেছেন কবিতার কথা গ্রন্থের লেখাগুলো। প্রথম লেখাটিই ‘কবিতার কথা’, যেটি শুরু হয়েছে সেই বিখ্যাত বাক্য দিয়ে: ‘সকলেই কবি নয়। কেউ কেউ কবি...।’ এর পরের কথাগুলোর মধ্যে আছে কবি ও কবিতা সম্পর্কে তাঁর ভাবনা বা দর্শনের সারাত্সার: ‘...কেননা তাদের হূদয়ে কল্পনার এবং কল্পনার ভিতরে চিন্তা ও অভিজ্ঞতার স্বতন্ত্র সারবত্তা রয়েছে এবং তাদের পশ্চাতে অনেক বিগত শতাব্দী ধরে এবং তাদের সঙ্গে সঙ্গে আধুনিক জগতের নব-নব কাব্য-বিকীরণ তাদের সাহায্য করছে। সাহায্য করছে, কিন্তু সকলকে সাহায্য করতে পারে না; যাদের হূদয়ে কল্পনা ও কল্পনার ভিতরে অভিজ্ঞতা ও চিন্তার সারবত্তা রয়েছে, তারাই সাহায্যপ্রাপ্ত হয়; নানা রকম চরাচরের সম্পর্কে এসে তারা কবিতা সৃষ্টি করবার অবসর পায়।’ শুধু কবিতা নয়, উপন্যাস নিয়েও প্রচুর আগ্রহ ছিল জীবনানন্দের। অনেক ছেলেবেলা থেকেই পড়েছেন অনেক উপন্যাস, দেশি এবং প্রচুর পরিমাণে বিদেশি। শুধু ইংরেজ-আমেরিকানদের লেখা নয়, ইংরেজি ভাষার মাধ্যমে তিনি আস্বাদন করেছেন বিভিন্ন ভাষায় লেখা গোটা পৃথিবীর সমস্ত মহৎ কথাসাহিত্য। সেসব জানতে পারি তাঁর বিভিন্ন লেখায়। অনেকেই হয়তো জানেন না, রাজনীতি সম্পর্কেও তাঁর গভীর বোঝাপড়া ছিল। তিনি যখন উনিশ শতকের রুশ কথাসাহিত্য পড়ছিলেন, তখন তুর্গিয়েনিভ তাঁকে গ্রাস করেছিলেন কিছু সময় ধরে। বাংলার ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রাম নিয়েও জীবনানন্দ নিবন্ধ লিখেছেন (টেরোরিস্ট রেভুল্যশন ইন বেঙ্গল, পৃ. ৪৩৪), লিখেছেন পারমাণবিক শক্তি নিয়েও (অ্যাটোমিক অ্যানার্জি অ্যান্ড ন্যাশনস, পৃ. ৪৫৬)। রবীন্দ্রনাথ, নজরুল, শরত্চন্দ্রকে নিয়ে, সমসাময়িক কবিদের সম্পর্কেও। এবং সব কথা লিখেছেন অকপটে, সোজা-সরল ভাষায়। নিজের চিন্তা, বিশ্বাস, ভাবনা ও বলার কথাগুলো তিনি লিখেছেন কাব্যিক অলংকারহীনভাবে।যাঁরা শুধু কবিতা পড়ে জীবনানন্দকে জেনেছেন, তাঁর সমগ্র প্রবন্ধের বিচিত্র বিষয়ের লেখাগুলো পড়ে এই কবি সম্পর্কে তাঁদের ধারণা হয়তো আরও স্বচ্ছ হবে। যাঁরা তাঁকে ভালোবাসেন, তাঁরা হয়তো আরও বেশি ভালোবাসার কারণ খুঁজে পাবেন।