জীবনানন্দের প্রতি উপমিতদের বয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তখন তুমি ঠোঁটে গাঢ় করে লাল উপমা লাগিয়ে
চোখের ভিতর থেকে টেনে আনতে চিত্রকল্প
নাকের ভিতর থেকে বের করে সাকার
কবিতার লাইনের
ঘ্রাণ এসে তুলে নিতে
তুলি ছাড়াই ছড়াইতে পারতে
উনিশশ তিরিশ দশকের হিউ
তোমার চল্লিশ দশকের কবিতাগুলিতে কিছু
তোমার মুখখানা দেখতে পেয়েছিলাম
নতুন নতুন রেডিও ইমেজে
কত সহজে লিখা যাচ্ছে কবিতা
কত কঠিন লাগত একসময়
সেই অতীতে বসে
আজকের দিনের আয়নার কাণ্ডকারখানা দেখতে
চুন আনানোর পর তা আমাকে লাগালে
কিন্তু কাৎরা শিং এত তীব্র!
জামাই-বউয়ের ভালোবাসা না থাকলে
সে ব্যথা কাটে না
রেসিপ্রোকেটিং দিনগুলির সাথে
আজকের সার্কুলার দিনগুলির দেখা হয় কম
হায়রে কয়লা ইঞ্জিনের দিন
হায় ট্রেডল মেশিন!
দিন-রাতগুলি দৌড়াচ্ছে
রংধনু থেকে গরিব বেগুনি থেকে
অতিলাল ধনীর বাগানে
সার্কুলার তুমি আমার ঘুরপথে কেন আসো?
তোমাকে তো ভালোবাসি নাই
ঈশা খার জঙ্গলবাড়িতে আজ
পঞ্চদশ অধঃবংশের পায়জামা ঝুলতেছে অর্ধবৃত্তাকার বারান্দার ছায়ায়
কবরের ন্যায় কুঠুরিতে
কুলুঙিগুলি ছোট-ছোট,
আমার কবিতার বই সহজেই আঁটানো যায়
ওদের জীবনে ঘুরে ঘুরে জয় পরাজয়ে ছিল
ধাক্কায় ধাক্কায় অশনিসংকেতের জন্ম
আমি বুঝতে পারলাম কেন
আগের লক্ষণ সিং হাজরা
পরের ঈশাখার কাছে পরাজিত হয়ে
মন খারাপ করে ছিল
হে কবি
আপনার উপমার পুত্ররা
বিখ্যাত পিতার পোলাদের সাথে
ঢাল নিয়ে ঘুরাঘুরি করে, দেখে
ঈশাখা-লক্ষণ হাজরার কথা মনে হয়

কী যুদ্ধই না তারা করেছিল

একটা পুরানো রাজত্বের সাথে

একটা নতুন রাজত্বের বদলাবদলির সময়

তোমরা বিয়া কর আর হাসো

ফুর্তি কর আর সবাইকে জানাও

মেহেদি দাও

আর সাজো

কিন্তু ঊর্ধকমা দেহের ​িভতর ঘুমাইয়া থাকে

একটু ঘুমাইয়া থাকি

মুখ দিয়া লোল ঝড়ুক

প্রাচীন বিকাল বেলার শীতে

কাঁচুমাচু হয়ে শুইয়া থাকি

গন্ডগোল হয়ে যাক

পশুপাখি আতর বনবাস

সাদাসিধা সুবাস তন্তু

তপ্তশিখা লাল কদুর

মনভাসা গর্তে ছোপছোপ

শীতের বিকালে

কমা আর সেমিকোলনের সাথে

শরীরের গর্তগুলিও

ফোঁপাইয়া ফোঁপাইয়া কান্দে

দেহের বাষ্পগুলি

উড়ে উড়ে কুয়াশা

ভেদ করে

কার ​িভতর দিয়া

যেন ঊর্ধ্বকমার কাছে পৌঁছাতে চায়

পরাজয় দিঘিতে আজ

চিৎ হয়ে ভেসে আছি

আমরা পরাজিত উপমার দল

উপমিত হয়ে রইলাম

উপমান হৈতে পারি না