জীবনে ফিরে আসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী আশা-নিরাশার অনির্দিষ্ট ও অনির্দেশ্য ভূমি থেকে অধিকাংশ সময় সৃষ্টিশীলতায় তৎপর থাকেন। এর ব্যতিক্রমও ঘটে। মাসুদা কাজী দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে নিরাময়ের আশা নিয়ে ছবি এঁকেছেন। ছবি আঁকাই ছিল তাঁর থেরাপির অংশ, বেঁচে উঠবার উপায়, তিনি জীবনে ফিরেও এসেছেন ছবির হাত ধরেই। শিল্পীর ভাষ্য, ‘বাঁচার প্রেরণা’ হিসেবে ‘কখনো পাখির সঙ্গে বন্ধুত্ব করলাম!...প্রজাপতি হয়ে থাকতে চাইলাম! মন যখন যেখানে বিচরণ করত, সেই ছবিগুলোই আঁকার চেষ্টা করতাম।’ ফলে আশা-নিরাশার দোলাচল এই ছবিগুলোকে স্পর্শ করেনি। আশাবাদী ও স্বচ্ছ দৃষ্টির স্বাক্ষর হয়েই যেন তাঁর সাম্প্রতিক ক্ষুদ্র আয়তনের চিত্রগুলো দর্শকের সামনে হাজির, যে শিল্পরাজিকে শিল্পী নিজে স্মরণ করেন ‘দুঃখ-দিনের সঙ্গী’ হিসেবে।উত্তরায় গ্যালারি কায়ার এই আয়োজনের মধ্যে দিয়ে শিল্পীর মরণব্যাধি থেকে উত্তরণের অনুপ্রেরণার একটি পূর্ণাঙ্গ ইনডেক্স দর্শকের মুখোমুখি হওয়ার সুযোগ পেল। মাসুদা কাজীর এই প্রদর্শনীর শিরোনাম ‘স্মল ইজ বিউটিফুল’ অর্থাৎ ক্ষুদ্রই সুন্দর, যাতে নানান বিষয়ের সমাহার ঘটিয়েছেন তিনি। প্রজাপতি, পাখি, বটগাছ, ময়ূর, ফুল এবং কোমল ও মিস্টিক সৌন্দর্যের প্রতীক বিড়াল—এসবই তাঁর বিষয়। ইমেজ বা ছবি হিসেবে প্রতিটি বিষয়ই মূলত কোমল ওয়াশ পদ্ধতি অবলম্বনে গড়ে তোলা। তবে ছোট আকৃতির এসব চিত্র মোগল মিনিয়েচারের পদ্ধতি নয়, বরং একাডেমিক পদ্ধতির নিকটবর্তী। শিল্পী মিনিয়েচারের যে গুণটি চিত্রসমূহের আবহ নির্মাণে ব্যবহার করেছেন, তা হলো অঙ্কনের ক্ষেত্রের সম্পূর্ণ ব্যবহার। একাডেমিতে একটি অদ্ভুত সূত্র জলরঙে আঁকা চিত্রের পরিণতির দিকটি নিয়ন্ত্রণ করে। শিক্ষক-ছাত্র সবাই এই সূত্র ধরে একই ভাষায় কথা বলেন। বাক্যটি এমন: ‘ছেড়ে দেওয়া।’ এই ছেড়ে দেওয়া বা ইচ্ছাকৃত অসম্পূর্ণতার মধ্যে দিয়ে যে সৌন্দর্য তা-ই অধিকাংশ শিল্পী মান্যজ্ঞান করেন। মাসুদা কাজী একাডেমির ভঙ্গিসর্বস্ব আচরণে আবদ্ধ না থেকে ধ্রুপদী পদ্ধতি মেনে নিয়েছেন। চিত্রকে কম্পোজিশনের মজা তৈরির বাহন না ভেবে বিষয় উপস্থাপনের মাধ্যম বলে মেনেছেন। ফলে তাঁর সব অনুচিত্র মোগল অনুচিত্রের রেখা-ওয়াশ অনুকরণ না করেও প্রাচীন, যা ধ্রুপদী পদ্ধতিতে বা আর্থকনিক পদ্ধতিতে যে সম্পূর্ণতার মাত্রা, তা ধারণে উৎসাহী। ইম্যানুয়েল কান্টের নন্দনদর্শনে যে নিষ্কামতা বা মোহমুক্ত থেকে ‘দেখা’র উল্লেখ রয়েছে, হয়তো সম্পূর্ণরূপে সেই মাত্রা অর্জন শিল্পীর উদ্দেশ্য ছিল না। তবু, নির্লিপ্ততার মধ্যে দিয়ে, নিরাবেগ কর্ষণের মধ্যে দিয়ে শিল্পীর কাজে নিষ্কামতার ছাপ একটি লক্ষণীয় গুণ। এই গুণ সবচেয়ে অধিক মাত্রায় যেন বিড়ালের উপস্থাপনায় লক্ষ করা যায়। সুফি দার্শনিকদের কাছে বিড়াল এক মিষ্টি জগতের ইশারা। মাসুদা কাজী সেই ইশারার কিঞ্চিৎ খোঁজ দিতে পেরেছেন তাঁর শুয়ে থাকা, বসে থাকা একাকী বিড়াল, কিংবা জোড়া বিড়ালের উপস্থাপনায়।‘পিপিং-৩’ বা ‘উঁকি-৩’ শিরোনামের কাজে কালো বিড়ালের যে উৎসুক মুখ লাল পর্দার আড়াল থেকে দর্শকের চোখে ধরা দেয়, তার দৃষ্টিতে প্রখরতা ও রহস্যময়তা সমপরিমাণে বিদ্যমান। এই কাজের ওয়াশের সৌন্দর্য নব্য-বেঙ্গল স্কুলের সফল কাজের কথা মনে করিয়ে দেয়। একমাত্র ‘বিড়াল’ সিরিজের কাজেই শিল্পীমনের বিমর্ষতা রহস্যময়তার সূত্রেই চর্চিত। যেমন, ‘বিড়াল-৭’ শিল্পকর্মে শায়িত বিড়ালের মাথা একাকিত্ববোধ কিছুটা হলেও ছাড়িয়ে দেয়।বিড়াল সিরিজের কাজে শিল্পী বিভিন্নতারও কর্ষণ করেছেন: ‘বিড়াল-১’-এ লক্ষ করা যায় নির্লিপ্ত দুই বেড়াল, ছোটোর পাশে বড়র সহাবস্থান। সম্ভবত মা-বিড়াল সন্তানকে নিয়ে পাশাপাশি বসে মাথা উঁচু করে জগৎ পর্যবেক্ষণরত। সহাবস্থানের ভঙ্গিটি অসাধারণ এবং এর অপ্রাকৃতিক লাল পশ্চাৎপট এই ভঙ্গিকে আরও জোরালো করেছে। ‘বিড়াল-৪’-এ শিল্পী একেবারেই নেচারালিজম, যা বাস্তবানুগ রীতি পাশ কাটিয়ে বেড়ালের দৃষ্টি ও মুখাবরণের ম্যাজিক উন্মোচনে ব্রতী। এখানে পল ক্লি-সুলভ রেখা ও সবুজ ক্ষেত্রে রহস্যময় আলো সৃষ্টি করে শিল্পী যে আবহের জন্ম দেন, এর প্রভাব অন্য আরও কিছু কাজে দেখা গেলে হয়তো প্রদর্শনীটিতে আরও ভিন্নতর একটি মাত্রা যোগ হতো।বাস্তবানুগ উপস্থাপনা থেকে বেরিয়ে আসার ভিন্ন আরেক উপায় শিল্পীর প্রজাপতির কাজগুলোতে দেখা যায়। এখানেও রেখা আলাদা করে নকশার বন্ধনী হিসেবে উপস্থিত। রং ও আবহের কারণে এই সিরিজের অধিকাংশ ছবিই নকশাধর্মী। পাখি সিরিজে শিল্পী নকশাধর্মিতা ও গল্প—এ দুয়ের দিকেই ধাবিত। গল্পে উৎসাহী শিল্পী ময়ূরের উপস্থাপনায় এঁকেছেন ‘দুই বন্ধু’ এবং ‘স্নেহ-১’।দ্বিতীয়োক্ত কাজে কালো রঙের পশ্চাৎপট তৈরি করে শিল্পী আঁধারের যে আবহ তৈরি করেছেন, তার বিপরীতে তার বিষয়কে তিনি স্পষ্ট করে তুলতে সক্ষম হয়েছেন। এ ছাড়া এই প্রদর্শনীর ব্যতিক্রম দুটি প্রয়াস হলো, রবীন্দ্রনাথের দুটি মুখাবয়ব। মাসুদা কাজীর জীবনে ফিরে আশার গল্প এই ওয়াশনির্ভর ক্ষুদ্রায়তনের ছবিগুলো শুধু চিত্রকলার উদাহরণ হিসেবে নয় বরং জগতের ‘আনন্দযজ্ঞে’ অংশগ্রহণের স্মারক হিসেবে দেখা যায়। রবীন্দ্রনাথের আবিষ্কৃত আনন্দই যে মাসুদা কাজীতে ভিন্ন মাত্রায় হাজির, তা এই প্রদর্শনী ঘুরে অনুভব করা যায়। প্রকৃতিপ্রেমের চেয়ে প্রকৃত প্রেম অর্থাৎ প্রাণের সঙ্গে প্রাণের বন্ধনের সূত্রেই হয়তো শিল্পীর এই আয়োজন। শিল্পী দীর্ঘজীবী হোন; প্রকৃতি তার প্রাকৃতরূপে তাঁর তুলিতে ধরা দেবে—যেমনটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে দেখা গেছে—এই আশা নিয়ে আমরা বুক বেঁধে থাকব।