জীবনের গল্প বলি, শুনুন
লাল ফুলহাতা গেঞ্জি। ধূসর রঙের প্যান্ট। মুখভর্তি দাড়ি আড়াল করার বৃথা চেষ্টা করছে ভেঙে যাওয়া গাল। কোটরাগত চোখ, ফ্যাকাশে-মলিন। তারপরও সেই চোখ দিয়ে ঠিকরে বেরোচ্ছে নতুন আশার আলো। দুই হাত শক্ত করে মুঠোবদ্ধ। যেন জীবনকে শক্ত করে আঁকড়ে ধরা। যেন কী এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সাভারের মৃত্যুপুরী থেকে ১০০ ঘণ্টা পার হয়ে, জীবনের আশা প্রায় ছেড়ে দেওয়ার পরেও মুক্তি পাওয়া কিউ এম এ সাদিকের ছবিটা ছাপা হয়েছে ২৯ এপ্রিল প্রথম আলোসহ দেশের শীর্ষ দৈনিকগুলোতে। সাদিকের এই ছবি মনে করিয়ে দেয় মানিক বন্দ্যোপাধ্যায়ের ভিখুর কথা, মানুষের বেঁচে থাকার ‘প্রাগৈতিহাসিক’ আকুলতার কথা: ‘মরিবে না। সে কিছুতেই মরিবে না। বনের পশু যে অবস্থায় বাঁচে না, সেই অবস্থায়, মানুষ সে বাঁচিবেই!’না, মানুষ কিছুতেই মরতে চায় না। মৃত্যু অনিবার্য পরিণতি, মরণ শাশ্বত সত্য জেনেও মানুষের বেঁচে থাকার সে কী আকুলতা! ধ্বংসস্তূপের মধ্যেও তাই মানুষ জীবনের জয়গান গায়। মৃত্যুর গহন কূপ থেকেও তাই বেঁচে ফেরে মানুষ। সাভারের ধ্বংসস্তূপের ভেতর থেকে পাঁচ দিন পরেও বেঁচে ফিরেছে মানুষ। জয় হয়েছে জীবনের।সাভারের এসব মানুষ মনে করিয়ে দিয়েছে দুয়ারে মৃত্যুর পদধ্বনি শুনেও, মৃত্যু-গহ্বরে তলিয়ে যেতে যেতেও লড়াই করে জীবনের আলোয় ফিরে আসা সেই সব সাহসী মানুষের গল্প।অনেকের নিশ্চয়ই চিলির খনিতে আটকে পড়া শ্রমিকদের কথা মনে আছে। ২০১০ সালের ৫ আগস্ট চিলির এক খনিতে ভূপৃষ্ঠ থেকে দুই হাজার ৩০০ ফুট নিচে আটকা পড়েন ৩৩ জন শ্রমিক। খনিতে যিনি শ্রম দেন, তাঁকে দেখলে নাকি খোদ যমও ডরায়। ‘লস ৩৩’ বা ‘দ্য থার্টিথ্রি’ নামে পরিচিত এই শ্রমিকেরা সেই গহিন অতলে ৬৯ দিন বন্দী থাকার পর মুক্তি পান। এই ঘটনা তখন সারা বিশ্বেই সাড়া ফেলে দিয়েছিল। সাভার ট্র্যাজেডির সঙ্গে এই ঘটনার সবচেয়ে বড় মিল সম্ভবত এখানে, সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষ অকাতরে এগিয়ে এসেছিল এই হতভাগ্য শ্রমিকদের পাশে। উদ্ধারকাজে দুই কোটি ডলার খরচ হয়েছিল। এর এক-তৃতীয়াংশই কিন্তু এসেছিল ব্যক্তিগতভাবে দেওয়া অর্থ-সাহায্য থেকে। শ্রমিকদের উদ্ধার করতে নাসার সহায়তায় চিলি সরকার বানিয়েছিল ফিনিক্স নামের এক উদ্ধারকারী ক্যাপসুল। যেটি অনেকটা লিফটের মতো কাজ করেছে। খনির পাশেই একটা সুড়ঙ্গ করে সেই ফিনিক্সকে পাঠিয়ে দেওয়া হয়েছে নিচে। এক এক করে ফিনিক্সে চেপে উঠে এসেছেন ৩৩ জনের প্রত্যেকে। এই অতলে খাবার ও পানীয় নিয়মিত দেওয়া হলেও মানসিক চাপ ছিল বিরাট একটা চ্যালেঞ্জ। মানসিকভাবে শ্রমিকেরা যেন দুর্বল না হয়ে পড়েন, সেই দিকটাও খেয়াল রাখতে হয়েছিল। আটকে পড়াদের মধ্যে লুইস উরজুয়া নামের এক শ্রমিক এ সময় অসাধারণ কাজ করেছেন শ্রমিকদের উজ্জীবিত রাখতে। তিনিই সবার শেষে, ৩৩তম শ্রমিক হিসেবে উঠে এসেছিলেন সেই মৃত্যুফাঁদ থেকে। পরে এই শ্রমিকেরা হয়ে উঠেছিলেন জীবনযুদ্ধের অন্তহীন প্রেরণার প্রতীক।এসব গল্পে মানুষের সম্মিলিত প্রচেষ্টায়, সম্মিলিত কোরাসে জীবনের জয়গান গাওয়ার ছবি পাওয়া যায়। নিজের একার চেষ্টায়ও অনেকেই মৃত্যুর জাল ছিঁড়ে বেরিয়ে এসেছেন। মার্কিন পর্বতারোহী অ্যারন র্যালস্টোন যেমন। র্যালস্টোনের নেশাই ছিল গিরিখাদের বিপৎসংকুল পথে পাগলা ঘোড়ার মতো ছুটে বেড়ানো। পাহাড়-পর্বত-গিরিই যেন তাঁর সত্যিকারের বন্ধু। নিজের জীবনকে স্বেচ্ছায় ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া র্যালস্টোন ২০০৩ সালে উটাহ রাজ্যের এক গিরিখাদের ফাঁকে আটকা পড়েন। মাঝারি একটা পাথরখণ্ডে হাত আটকে গিয়েছিল তাঁর। পাঁচ দিন সাত ঘণ্টা গিরিখাদে এভাবে আটকে থেকে নিজের ডান হাত বিসর্জন দিয়ে মুক্তি পান র্যালস্টোন। এ নিয়ে পরে বই লেখেন: বিটুইন আ রক অ্যান্ড আ হার্ড প্লেস। ২০১০ সালে ড্যানি বয়েল তাঁর এই গল্প নিয়ে বানিয়েছিলেন ছবি ১২৭ আওয়ার্স।এমন আরও অসংখ্য গল্প আছে। যে গল্প জীবনের। যে গল্প মানুষের বাঁচতে চাওয়ার আকাঙ্ক্ষার। মানুষ সে, বাঁচিবেই!