জীবনের স্লেটে আধ টানা রেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

(জুলাই ২০১১ সালে কক্সবাজারের সৈকতে হারিয়ে যাওয়া বন্ধুসভার আবিদ, তূর্য্য ও আশিকের জন্য শোকগাথা)

অস্তমিত সূর্যের শেষ রশ্মির পাণ্ডুরতা কি স্পর্শ করেছিল জীবন?
জীবন কি ছুঁয়েছিল বেলাশেষের দিগন্ত ঘেঁষা মেঘেদের স্তর?
ফসল তোলা শূন্য মাঠের রিক্ততায় কি বিদীর্ণ ছিল এ চরাচর?
উদ্ভ্রান্ত হাওয়ারা কি ডেকেছিল আশা ভাঙানিয়া এ বিনাশী প্লাবন?

জলবতী মেঘ নামিয়েছিল কি তার সবটুকু জলভার?
রৌদ্রস্নাত আকাশ কি মেলেছিল তার পুরোটা আঁচল?
পুষ্পিত ঘ্রাণের পূর্ণতায় কি উন্মাতাল ছিল এ বনাঞ্চল?
জীবনের গোলা ঘরে উপচানো ছিল কি শস্যের সম্ভার?

জীবনের স্লেটে কিছু আঁকিবুঁকি, কিছু রং, কিছু আধটানা রেখা—
বহু রং আজও ছিল যে অধরা, অশ্রুত ছিল কত গান
জীবনের ভাঁজে ভাঁজে তখনো ছিল তো জড়ানো শ্যানেলের ঘ্রাণ!
না পাওয়ার ক্লেদ, পাওয়ার পূর্ণতা—দুটোই ছিল যে অদেখা।
 রাজশাহী