
নজওয়ান দারবিশ ছিলেন আমাদের লেখকদের দলের ‘লেট লতিফ’। তিনি

এসেছিলেন ফিলিস্তিন থেকে। আমরা, ৩২টি দেশের ৩৮ জন লেখক, ২০১০ সালের সেপ্টেম্বরে জড়ো হয়েছিলাম আমেরিকার আইওয়া বিশ্ববিদ্যালয়ে, ছিলাম মাস তিনেক। আইওয়া শহরকে ইউনেসকো ঘোষণা করেছে সিটি অব লিটারেচার বলে। শহরবাসী গর্ব করে আমাদের প্রোগ্রামটার নাম দিয়েছে ‘লেখকদের জাতিসংঘ’। আমরা, লেখকেরা, যার যার রুমে থাকতাম, সপ্তাহে দুদিন কি তিন দিন জড়ো হতাম নিজেদের লেখা পড়ে শোনানোর জন্য। দুই বা তিনজন পড়ত, বাকিরা শুনত। বিভিন্ন জায়গায় বেড়াতে যেতাম একসঙ্গে। সপ্তাহে একবার কেনাকাটা, দল বেঁধে শিকাগো কিংবা নিউইয়র্ক যাওয়া—দলেবলেই করতে হতো এসব কাজ। আমরা বেশির ভাগই থাকতাম আইওয়া হাউস হোটেলে, নদীর ধারে বিশ্ববিদ্যালয়েরই একটা হোটেল-কাম ছাত্র-শিক্ষককেন্দ্রে।
আমার জানালা দিয়ে দেখা যেত আইওয়া নদী। সকালবেলা নাশতার টেবিলে দেখা হতো লেখকদের অনেকের সঙ্গে। হাফপ্যান্ট পরে আসতেন ফিলিস্তিনি কবি নজওয়ান দারবিশ। তাঁর বয়স তখন ৩২। ক্লিনশেভড ভরাট মুখ। শরীরটাও ভরাট। লম্বায় আমারই সমান হবেন। ঠোঁট লাল, চোখ একটু কটা। সকালের নাশতার সময় প্রায়ই দুটুকরো পাউরুটি গরম করে এবং পকেটে আপেল পুরে খাবার ঘর ছেড়ে দ্রুত চলে যেতেন তিনি। ওঁর সবটাতেই ছিল তাড়া।

কিন্তু সবকিছুতেই পিছিয়ে পড়তেন তিনি। কোথাও দল বেঁধে বাসে চড়ে যাব, সবাই বাসে উঠে পড়েছে। গুনে দেখা যেত একজন এখনো আসেননি—অবধারিতভাবে তিনি নজওয়ান দারবিশ। আইওয়ায় থাকার সময় তাঁকে আমরা ‘লেট লতিফ’ নামে ডাকতে পারতাম, কিন্তু আমি ছাড়া কে-ই বা এই বাংলা কথাটির মানে বুঝবে। মনে পড়ে, ওঁর লাল রঙের স্যুটকেসটা ছিল সবচেয়ে বড়, সেটা নিয়ে ভ্রমণের সময় খুব মুশকিলে পড়তেন নজওয়ান।
নজওয়ান দারবিশের কবিতা আমি প্রথম শুনি ২০১০ সালে। ওঁর কবিতা শুনে তখনই তাড়িত ও
বিচলিত হয়েছিলাম। তিনি যখন কবিতা পড়তেন, আইওয়া লাইব্রেরি কিংবা শামবাগ হাউসে, কান পেতে থাকতাম। বুঝতে পারতাম, ফিলিস্তিনি মানুষের দুঃখ, কষ্ট, যাতনা, প্রতিবাদ, প্রতিরোধ যেন ধারণ করতে চাইছে তাঁর কবিতার বর্ণমালা।
আমাদের সঙ্গে ইসরায়েলের লেখকও ছিলেন। তিনিও এসেছিলেন জেরুজালেম থেকে। জেরুজালেম থেকে এসেছেন নজওয়ানও। একজন নিজেকে বলছেন ইসরায়েলি, একজন বলছেন ফিলিস্তিনি। কী আশ্চর্য!
‘লেট লতিফ’ হলেও কবি
হিসেবে নজওয়ান মোটেও পিছিয়ে পড়া নন। ওঁর কবিখ্যাতি তাঁর দেশহীন দেশ ফিলিস্তিন তো বটেই, দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে—ইউরোপ-আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ কবিতা-সাময়িকীতে প্রকাশিত হয়েছে তাঁর কবিতা। কবিতার অনুবাদ হয়েছে ইংরেজি, স্প্যানিশ আর ফরাসি ভাষায় ।
নজওয়ানের কবি-পরিচিতিতে লেখা আছে: ‘নজওয়ান দারবিশ ফিলিস্তিনের এবং আরবি ভাষার তরুণ কবিদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। তাঁর জন্ম জেরুজালেমে, ১৯৭৮ সালে। তিনি ফিলিস্তিনে সংস্কৃতিবিষয়ক দুটি কাগজ সম্পাদনা করেছেন। ২০০৬ থেকে ২০১২ পর্যন্ত লেবাননের সংবাদপত্র আল-আকবর-এ সংস্কৃতি সমালোচক হিসেবে কাজ করেন। ফিলিস্তিন সাহিত্য উৎসবের সংগঠক নজওয়ান এখন এমন একটি নিখিল আরব সংবাদপত্র প্রতিষ্ঠার কাজে নিয়োজিত, যেখানে তিনি কাজ করবেন শিল্প ও সাহিত্য বিভাগের প্রধান সম্পাদক হিসেবে। নজওয়ান বর্তমানে জেরুজালেমে বসবাস করছেন।’
এই ২০১৪ সালে এখন জ্বলছে গাজা, গাজায় বোমা পড়ছে। শিশু-নারীসহ প্রতিদিনই সেখানে মারা যাচ্ছে অজস্র সাধারণ ও বেসামরিক মানুষ। মানবিক বিপর্যয় ঘটছে এই সভ্য পৃথিবীর এক প্রান্তে। হামাসের আক্রমণেও মারা যাচ্ছে ইসরায়েলি সৈন্যরা। এই সময় জেরুজালেমে কেমন আছেন ফিলিস্তিনি কবি নজওয়ান? ওঁর অবস্থা জানতে চেয়ে কয়েক দিন আগে ই-মেইল করলাম ওঁকে। বললাম, কবিতা পাঠান।
সঙ্গে সঙ্গে তিনি আমাকে পাঠালেন ‘গাজায় ঘুমানো’ নামে এই কবিতা। আপনাদের জন্য ইংরেজি থেকে অনুবাদ করে দিলাম কবিতাটি। আমার বন্ধু নজওয়ান দারবিশের কবিতায় ফিলিস্তিনিদের সংগ্রামের কাহিনি আছে, প্রতিদিনের ভয়াবহ বাস্তবতার কথা আছে, কিন্তু তাতে কবিতার শিল্পসৌন্দর্যের একটুও হানি ঘটেনি।