চিত্রকলার প্রতি আমার ভালোবাসা সেই ষাটের দশক থেকেই। সে সময় আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। জয়নুল আবেদিন, কামরুল হাসান, গোলাম কিবরিয়া, সফিউদ্দিন আহমেদ আমার প্রিয় শিল্পী। ওঁদের দেখলে ভীষণ অবাক লাগত। কত বড় শিল্পী, অথচ কোনো আড়ম্বর নেই জীবনে। শৈশব থেকেই আমার আঁকার হাত ভালো। সেই সময় পুরোনো দালান আঁকতে ভালো লাগত।চিত্রকলা নিয়ে আগ্রহ তৈরি হতেই চারুকলা নিয়ে পড়াশোনা শুরু করলাম। বিভিন্ন ছবি দেখতে শুরু করলাম। শিক্ষকদের অনুমতি নিয়ে চারুকলার বন্ধুদের আঁকা দেখতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর চিত্রকলা নিয়ে লেখা শুরু করলাম ’৭৩ সালে। সে বছর পিকাসো মারা গেলেন। তাঁকে নিয়ে প্রথম লিখলাম অবজারভার পত্রিকায়। চিত্রকলা নিয়ে লেখার শুরু সেই। এখনো লিখছি। অনেক বিখ্যাত ছবি দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি মনে করি, ছবি শুধু দেখার বস্তুই নয়। এর মধ্যে স্পন্দন, গতি, জীবনের নানা বোধ, অনুভূতি, দ্বন্দ্ব, সংকটের প্রতিফলন দেখতে চাই। চক্ষু তৃপ্তকারী ছবি দেখার চেয়ে যে ছবিতে চিন্তা, প্রতিবাদী, মানবিক বিকার বিক্ষোভ থাকে তা দেখতে চাই। সেই দিক থেকে জয়নুল আবেদিনের ‘বিদ্রোহী’ প্রিয় একটি চিত্রকলা। কী চমত্কার গতিময় একটি ছবি। তিনি যখন ছবিটি আঁকেন, তখন বাংলাদেশে নতুন ঔপনিবেশিকতার বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধ শুরু হয়ে গেছে। ছবিটিতে দেখা যাচ্ছে, একটি গরু দড়ি ছিঁড়ে বেরিয়ে যেতে চাইছে। তার প্রচণ্ড রাগ, প্রবল ইচ্ছা—সবকিছু গুঁড়িয়ে দিয়ে বেরিয়ে যাবে। গাভিটির বা গরুটির সংক্ষুব্ধ চিন্তাই ছবিটিতে প্রতিফলিত হয়েছে। ঘূর্ণায়মান ব্রাশের স্ট্রোকের মাধ্যমে শিল্পী চমত্কারভাবে এটি ফুটিয়ে তুলেছেন। এই ছবিটিতে বাঙালি জাতির প্রতিবাদী সত্তার প্রতিফলন দেখতে পাই। একই সঙ্গে ছুটে চলার তীব্র আকাঙ্ক্ষা দেখতে পাই।আরেকটি প্রিয় চিত্রকলার কথা না বললেই নয়। সেটি এডওয়ার্ড মুঙ্কের ‘দ্য স্ক্রিম’ বা চিত্কার। অনেক বিখ্যাত ছবিই রয়েছে আমার পছন্দের তালিকায়। সব ছবি সামনাসামনি দেখার সুযোগ হয়নি। কিন্তু মুঙ্কের এই ছবিটি দেখার সৌভাগ্য হয়েছে। অসলো শহরে মুঙ্ক জাদুঘরে এটি দেখি।দার্শনিক শোপেনহাওয়ার তাঁর শিল্পের দর্শন বইয়ে বলেছেন, শিল্পের দর্শনের দিক থেকে চিত্রকর্মের প্রকাশের ক্ষমতার একটি সীমাবদ্ধতা হলো, চিত্রকর্ম চিত্কারকে প্রতিফলিত করতে পারে না। এই কথাটি যেন মুঙ্ক চ্যালেঞ্জ হিসেবে নিলেন। তিনি ছবিটি আঁকলেন ১৮৯৩ সালে। বোর্ডের ওপর তেলরঙে। ছবিটিতে দেখা যায়, একটি সাঁকো। সামনেই একটি মানুষ। তাঁর মুখ দেখতে করোটির মতো। মানুষটি দুই হাতে কান ঢেকে আছে। আর মুখ হাঁ করে চিত্কার করছে। তার চোখ দেখা যাচ্ছে না। কিন্তু ঠিকরে বেরিয়ে যেতে চাইছে যেন! তার পেছনেই একটু দূরে দুজন লোককে দেখা যাচ্ছে। দিগন্তে সূর্য ডুবছে। লাল আকাশ। নিচে হ্রদে নৌকা ভাসছে। ছবিটিতে লাল, কমলা, নীলের অসাধারণ ব্যবহার আছে। ছবিটি একটা ভয়ানক আবর্তনের ভেতর দিয়ে গেছে। চিত্কার তো মানুষের দ্বন্দের তীব্রতার রূপ। প্রায় সব মানুষই নিঃসঙ্গ। মানুষ অনিশ্চয়তা, নির্জনতাবোধ, দ্বন্দ্ব-সংঘাত, অস্তিত্ববাদী সংকট। এই চিত্রকর্মটি যেন মানুষের ভেতরের রহস্যেরই জানান দিয়ে যায়। মাঙ্ক এই চিত্রকর্মটি নিয়ে বলেছেন, তিনি এক বিকেলে দুই বন্ধুকে নিয়ে হাঁটছিলেন। হঠাত্ তিনি দেখলেন, আকাশটা লাল হয়ে গেল। তিনি দাঁড়িয়ে গেলেন। বন্ধুরা চলে গেল। তিনি দেখলেন, আকাশে যেন আগুনের জিহ্বা লকলক করছে আর রক্ত বয়ে যাচ্ছে। সব যেন শহরটাকে গ্রাস করার জন্য। হ্রদের পানি কালো। তিনি তাড়না অনুভব করলেন। কাঁপতে লাগলেন। তিনি যেন প্রকৃতির যে নিরন্তর চিত্কার—সেটাই শুনতে এবং দেখতে পেলেন। প্রায়ই এ দুটি ছবি আমাকে উদ্দীপ্ত করে, উদ্বেল করে। অনুলিখন: সুচিত্রা সরকার