চতুর্দশ এশীয় দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনী উপলক্ষে জাতীয় জাদুঘর তার সংগ্রহ থেকে এ দেশের তিন মাস্টার শিল্পীর চিত্রকর্ম নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করেছে। এতে স্থান পেয়েছে জয়নুল আবেদিন, কামরুল হাসান এবং এস এম সুলতানের মোট ৮২টি শিল্পকর্ম। তিনজনেরই বিভিন্ন মাধ্যমের চিত্র যেমন—রেখাচিত্র, জলচিত্র, তেলচিত্র ও ছাপচিত্র উপস্থাপিত হয়েছে এই প্রদর্শনীতে। প্রদর্শনীর সবচেয়ে বড় তাৎপর্যের দিক হলো, এই তিন মাস্টার শিল্পীর বেশ কিছু দুর্লভ চিত্র দর্শক এখানে দেখার সুযোগ পাবেন। বিশেষ করে কামরুল হাসানের অনেক না-দেখা চিত্র দর্শকচিত্তকে গভীরভাবে আলোড়িত করবে। এখানে স্মরণীয়, জাতীয় জাদুঘরের শিল্প প্রদর্শনশালাগুলোর পরিসর অত্যন্ত সীমিত হওয়ায় এসব শিল্পীর খুব কমসংখ্যক চিত্রই দর্শকর সচরাচর দেখতে পায়। অথচ এর বাইরে এঁদের বহু চিত্রকর্ম জাদুঘরের সংগ্রহে আছে, যা দেখার সুযোগ শিল্পানুরাগী দর্শকের জন্য অবারিত হয় কেবল এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা হলে। সুতরাং, এমন একটি প্রদর্শনীর আয়োজন জাদুঘর কর্তৃপক্ষের জন্য অবশ্যই প্রশংসনীয়।বাংলাদেশের আধুনিক চিত্রকলার এই তিন মাস্টার শিল্পী নিজ নিজ কৃতিত্বে ভাস্বর হয়ে আছেন। এই তিনজনের মধ্যেই প্রবল ছিল জাতীয়তাবোধ, স্বাজাত্যচেতনা ও প্রগতিভাবনা। ইউরোপ-আমেরিকা সফরের মাধ্যমে তাঁরা পাশ্চাত্য শিল্পের মর্মোপলব্ধি করেছেন এবং সেই সূত্রে নিজেদের চিত্রকর্মের আধুনিকায়নও সম্পন্ন করেছেন। কেউই স্বদেশের ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েননি। তিনজনেরই মনে ছিল নিম্নবর্গীয় অন্ত্যজ মানুষের প্রতি গভীর মমতা এবং অবস্থান ছিল উপনিবেশবাদের বিপক্ষে।জয়নুল আবেদিনের ৩৫টি চিত্রের কালসীমা গত শতকের চল্লিশের দশক থেকে সত্তরের দশক পর্যন্ত বিস্তৃত। এসব চিত্রে তাঁর রেখার দৃঢ়তা ও বলিষ্ঠতার পাশাপাশি জীবন ও প্রকৃতি অনুধাবনে অতি সূক্ষ্ম পর্যবেক্ষণক্ষমতার বিষয়টিও লক্ষণীয়। আরও লক্ষণীয় যে বিষয় অন্বেষণে জয়নুল সর্বদাই জীবনমুখী ও মৃত্তিকাসংলগ্ন। তাঁর দুর্ভিক্ষের চিত্রে পরস্ফুুিটিত হয়েছে মানবমমতার পাশাপাশি শৈলীগত নিরীক্ষাও। পঞ্চাশের দশকের কাজে যে আধুনিকতার রূপায়ণ ঘটেছে, তাতে নিশ্চিতভাবে অঙ্গীকৃত হয়েছে লোককলার প্রতি তাঁর সহজাত আকর্ষণ। ১৯৭০ সালে আঁকা তাঁর দুটি বৃহৎ তেলচিত্রে, যার একটিতে গরুর পালসহ রাখাল, অন্যটিতে বেদেজীবন—প্রধান হয়ে উঠেছে দেশের মাটির গন্ধ।পঞ্চাশের দশক থেকে আশির দশক পর্যন্ত বিস্তৃত কামরুল হাসানের শিল্পকর্মগুলোর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসংক্রান্ত চিত্র। এসব চিত্রে তিনি রূপায়ণ করেছেন বৈনাশিক কালের বিপর্যয়কর দৃশ্যাবলি। পাকিস্তানি বাহিনীর বর্বর ধ্বংসযজ্ঞে বাংলাদেশে মৃত্যুর যে বিভীষিকা নেমে আসে, এসব চিত্রে তা পরস্ফুিটিত হয়েছে। অন্যদিকে, আমরা তাঁর চিত্রে লক্ষ করি রেখার দৃঢ় ও বিচিত্র প্রয়োগ, নারীর অসামান্য ব্যঞ্জনাময় রূপ। আরও লক্ষ করি, তিনি বাংলার লোককলার সঙ্গে আধুনিক শিল্পরীতির এক সার্থক সংশ্লেষণ ঘটিয়েছেন। লোকশিল্পীদের অনুসরণে মৌলিক রং ব্যবহারের পাশাপাশি পাশ্চাত্যের আধুনিক শিল্পীদের মতো একই সমতলে বিভিন্ন ধরনের বর্ণলেপনের মাধ্যমে তিনি সৃষ্টি করেছেন রঙের পরিপ্রেক্ষিত। লোকশিল্পের স্বতঃস্ফূর্ত রেখার সঙ্গে কিউবিস্টদের মতো জ্যামিতিক রেখার মেলবন্ধন ঘটিয়েছেন।১৯৫৩ সালে আঁকা এস এম সুলতানের চিত্রে যে নিসর্গ দৃশ্য আমরা পাই, তা তাঁর বাংলার বাইরের প্রকৃতি অনুধাবনেরই প্রমাণবহ। আমরা জানি, বোহেমীয় বৈশিষ্ট্যের জন্য খ্যাতিমান এস এম সুলতাম একাডেমিক শিক্ষা অসমাপ্ত রেখে বেরিয়ে পড়েছিলেন দেশভ্রমণে। বৃহত্তর ভারতবর্ষসহ ইউরোপ-আমেরিকা পরিভ্রমণ শেষে তিনি নাগরিক কোলাহল এড়িয়ে দীর্ঘকাল বসবাস করেন জন্মভূমির প্রত্যন্ত পল্লি এলাকায়। তারপর পঞ্চাশোর্ধ্ব বয়সে শিল্পী হিসেবে তাঁর এক নবজন্ম আমরা লক্ষ করি। এই শেষ পর্বের চিত্রে তিনি কৃষিপ্রধান বাংলার মর্মমূলকে স্পর্শ করতে চেয়েছেন। তাঁর একালের ছবিতে বাংলার কৃষক ও তাঁর কৃষিকর্মসমেত পল্লিজীবনের যে সুগভীর স্পন্দন আছে, তাতে স্পষ্ট হয়ে ওঠে তাঁর জীবনব্যাপী সাধনার গূঢ়ার্থটি।