
জয়নুল আবেদিন, কামরুল হাসান, সফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, আমিনুল ইসলাম, কাজী আবদুল বাসেতসহ বাংলাদেশের শিল্প আন্দোলনের শুরু থেকে বর্তমানে শিল্পচর্চায় আছেন এমন শিল্পীদের কাজ নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালার সাতটি গ্যালারিতে ২৫০ জনেরও বেশি শিল্পীর ৭৬৪টি শিল্পকর্মের প্রদর্শনী শুরু হয়েছে ৯ মার্চ। প্রদর্শনীটি নানা দিক থেকে দর্শক, শিল্পকলার শিক্ষার্থী, বোদ্ধা মহলের কাছে গুরুত্বপূর্ণ। শিল্পকলা একাডেমীর সংগৃহীত শিল্পকর্মের ভান্ডার সমৃদ্ধ হতে থাকে তিন দশক আগ থেকে। এ সময় শিল্পসৃষ্টি-পরবর্তী বিক্রি ও সংগ্রাহকের ভূমিকায় একাডেমী মনোযোগী হয়। পরবর্তী সময়ে ব্যক্তিগত উদ্যোগে শুরু হয় বাংলাদেশের শিল্পীদের শিল্পকর্ম সংগ্রহ।
জয়নুলের আঁকা এ প্রদর্শনীর চারটি কালি তুলির ছবি এর আগে দর্শক সরাসরি দেখেননি। ‘ঘূর্ণিঝড়’ শিরোনামের ছবিগুলো ১৯৭০ সালে আঁকা। জয়নুলের প্রকৃতি-পর্যবেক্ষণ, সমাজ ও পরিবেশের প্রতি তীব্র মনোযোগ এ ছবিগুলো থেকে বোঝা যায়।
এস এম সুলতানের আঁকা ৫১টি তেল রং ও জল রং ছবি রয়েছে প্রদর্শনীতে। তাঁর তুলিতে এখানে উঠে এসেছে গ্রামীণ জনপদ। তাঁর ছবিগুলো শিরোনাম ‘আবহমান বাংলা’।
সফিউদ্দিন আহমেদের ক্যানভাসে আঁকা প্রকৃতির সবুজ জ্যামিতিক ফর্মের কম্পোজিশন দেখে আবারও চেনা ছবির কথা মনে পড়ে। আবদুর রাজ্জাকের ১৯৭৬ সালে আঁকা ইমেজ ১০.১২ ছবিতে রঙের চড়া প্রলেপের সঙ্গে গতির মিশেলে ছবি হূদয়গ্রাহী হয়ে উঠেছে।
মর্তুজা বশীর ১৯৮০ সালে এঁকেছেন ‘সংগীত’ শিরোনামের ছবিটি। তাঁর আরেকটি ছবি ১৯৯৮ সালে আঁকা ‘এপিটাফ ফর দ্য মারটার্ন’-এ রঙের সহনীয় মাত্রা আর ফর্মের সরলীকরণে বিষয় স্পষ্ট হয়ে দর্শকের কাছে ধরা দেয়।

কাইয়ুম চৌধুরীর ১৯৭৫ সালে আঁকা ‘শেষ গ্রীষ্মের কাল’, ‘ছোটবেলার স্মৃতি ৫-৭’ ও ১৯৯৯-এ আঁকা ‘মাছবিক্রেতা’ ছবিতে জ্যামিতি হাজির হয়েছে ধীরে ধীরে। আশির দশক-পূর্ব বাস্তব রীতির নির্মাণশৈলীর সঙ্গে মিলিয়ে দেখলে শিল্পীর সাম্প্রতিক কাজের উত্তরণ বোঝা যায়।
পক্ষান্তরে রফিকুন নবীর ছাপচিত্র ‘কবি’ ১৯৮০ সালে আঁকা। ‘১৯৮এর ছিপ’, ‘মাছধরা’ ও ‘রেস্তোরাঁয় মেক্সিকান’ শিরোনামের ছবিতে ফর্মের ভাঙন উঁকি দেয়। দেবদাস চক্রবর্তীর ১৯৯৭ সালে আঁকা ‘গঠন’ ছবিতে খুঁজে পাওয়া যায় রং-রেখার গতি।
বাংলাদেশের এসব খ্যাতিমান শিল্পীর কাজের পাশাপাশি বহির্বিশ্বের বিভিন্ন শিল্পী যেমন: ভারত, কাতার মিসর, বাহরাইন, রাশিয়া, জাপানের শিল্পীদের কাজ রয়েছে প্রদর্শনীতে। এ ছাড়া তরুণ শিল্পীদের মধ্যে বিশ্বজিৎ গোস্বামীর ‘প্রাণের খোঁজে’, তাসাদ্দুক হোসেন দুলুর ‘যমুনার পথে এবার নামো সাথী’, যুবরাজ জাহেদ এ চৌধুরীর ‘ধিতাং ধিতাং বোলে মাদলে তাল তোলে’ প্রভৃতি শিল্পকর্মে প্রথাগত চিত্রনির্মাণরীতি ভেঙে নিজস্ব নির্মাণ পদ্ধতির স্পর্শ আছে।
সব শেষে বলব, শিল্পকলা একাডেমীর অতীতের সব আয়োজনের মতোই দায়সারা ভুল বানানে লেখা ছবির শিরোনাম যদিও দর্শকদের মনে কেবল হতাশা জিইয়ে রাখে। তার পরও গত ছয় দশকে বাংলাদেশের শিল্প আন্দোলনে অর্জিত সাফল্যের এক ধারাবাহিক উত্তরণের পরিসংখ্যান সবাইকে মুগ্ধ করবে। প্রদর্শনী শেষ হবে ২৩ মার্চ।