জয়নুল, সফিউদ্দীন, কামরুল ও অন্যান্য
লেখক: মাহমুদ আল জামান
প্রকাশক: শুদ্ধস্বর
দাম: ২৭০ টাকা
‘বাংলাদেশর চিত্রকলা কত দিক দিয়ে যে সমৃদ্ধি অর্জন করছে, এটা বোধকরি বলার অপেক্ষা রাখে না’—লেখক মাহমুদ আল জামান এভাবে কথা শুরু করেছেন এই বইয়ের ভূমিকায়। বইটিতে বাংলাদেশের চিত্রকলার পথিকৃৎদের নিয়ে বিশদ আলোচনা রয়েছে। আছে বাংলাদেশের বাইরের শিল্পীদের শিল্পকর্ম নিয়েও প্রবন্ধ। বাংলাদেশের চিত্রকলা আন্দোলনের একটি চমৎকার রেখাচিত্র পাওয়া যায় এ বইয়ে, যা একই সঙ্গে তথ্যবহুল ও বিশ্লেষণে বর্ণিল। জয়নুল আবেদিন থেকে শুরু করে কাজী হাসান হাবিবের শিল্পকর্ম আলোচনা প্রসঙ্গে বাংলাদেশের সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটও আলোচিত হয়েছে এখানে।
প্রস্তুতিপর্ব: সুকুমার রায় বিশেষ সংখ্যা
সম্পাদক: অনুপম মজুমদার
আশীষ লাহিড়ী
প্রকাশক: কারিগর
দাম: ১,০০০ টাকা
১৯৮২ সালে ত্রৈমাসিক লিটল ম্যাগাজিন প্রস্তুতিপর্ব প্রকাশ করেছিল সুকুমার রায় বিশেষ সংখ্যা। এ বইটি সেই বিশেষ সংখ্যার গ্রন্থরূপ। এ বইয়ে সমগ্র সুকুমারকে আলোচনা করার প্রয়াস লক্ষণীয়। পাশাপাশি আলোচিত হয়েছে সুকুমার রায়ের বিভিন্ন বই। প্রবন্ধগুলোতে সুকুমারের ভাবনা ব্যাখ্যার চেষ্টা আছে। বইয়ের শেষ অংশে জুড়ে দেওয়া হয়েছে সত্যজিত রায়ের ভূমিকা-সংবলিত হিজিবিজি খাতা, সন্দেশ ও প্রবাসী পত্রিকায় আঁকা সুকুমার রায়ের বেশ কয়েকটি ছবি, ব্যক্তিগত ও পারিবারিক আলোকচিত্র ইত্যাদি।
দ্য ব্ল্যাক কোট
লেখক: নিয়ামত ইমাম
প্রকাশক: পেঙ্গুইন বুকস ইন্ডিয়া
দাম: ৯৯৮ টাকা
কানাডীয় বংশোদ্ভূত বাংলাদেশি লেখক নিয়ামত ইমামের বহুল বিতর্কিত উপন্যাস দ্য ব্ল্যাক কোট। স্বাধীনতা-উত্তরকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন, সেই সময়কার পটভূমিতে এই উপন্যাসে লেখা হয়। বিশেষ করে ১৯৭৪ সালে দুর্ভিক্ষের কারণে শেখ মুজিবের জনপ্রিয়তায় যে ধস নামে, তার একটি খণ্ডচিত্র উঠে এসেছে এই উপন্যাসে। খালেক বিশ্বাস ও নূর হোসেন নামের দুটি চরিত্রের মধ্য দিয়ে তৎকালীন যে রাজনৈতিক পটভূমি এতে তুলে ধরা হয়েছে, তা পাঠক মহলে একই সঙ্গে নন্দিত ও নিন্দিত হয়েছে।