টিকটিকি ও কুনোব্যাঙের কাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘরের কোণে ঢুকল হঠাৎ
একটা কুনোব্যাঙ,
শিকার ধরে কালকে ভোরে
টিকটিকির দু ঠ্যাঙ!
খুশিতে ব্যাঙ লাফিয়ে বলে
করব দ্বিখণ্ড,
মজার শিকার টিকটিকিটার
নেই মেরুদণ্ড।
টিকটিকিটা ব্যাঙকে বলে
করিস নাকো বধ
কীটপতঙ্গ আনব ধরে
প্রত্যুষে দু’শত।
ছাড়া পেয়ে টিকটিকিটা
ডাকছে রে টিক টিক
পড়ার ঘরে দেয়ালেতে
ঘুরছে চারিদিক।
তাই না দেখে খোকন সোনা
হাতে নেয় এক লাঠি,
টিকটিকিটা ধরতে গিয়ে
ভাঙল দুধের বাটি।
দুধ মাখানো ভাত খেতে ওই
লাফায় কুনোব্যাঙ
ব্যাঙ তাড়াতে পিছলে পড়ে
ভাঙল খোকার ঠ্যাঙ।
ব্যথা পেল পাঁচ আঙুলে
হাঁটু, কোমর-হাড়ে,
রাগের বশে ধরল খোকা
কুনোব্যাঙের ঘাড়ে!