টেড হিউজের কবিতা

শেষতক সপ্তম দিবসে সাপটি বিশ্রাম নিল,
ঈশ্বর কাছে এসে বললেন, ‘উদ্ভাবন করেছি আমি এক নতুন খেলা।’
সাপটি বিস্ময়ভরে অবাক তাকিয়ে রয় উপযাচকের দিকে।
ঈশ্বর বললেন, ‘এই যে দেখ একটি আপেল—
এটাকে চিপে বের করে আনছি—শরাব।’
সাপটি শরাবের স্বাদে মেটাল তৃষ্ণা
সঙ্গে সঙ্গে কুঁকড়ে পরিণত হলো প্রশ্নবোধক চিহ্নে।
শরাব পান করে বলল আদম: ‘হও তুমি আমার দেবতা’
শরাবে চুমুক দিয়ে মাতোয়ারা হাওয়া মেলে দিল তার দু’পা।
তারপর ছুটে গেল ধূর্তচোখ সাপটির কাছে
দিল তাকে দুর্দান্ত এক আদিম সময়।
আদমের কাছে ঈশ্বর দিলেন সব ফাঁস করে
নেশায় বেহুঁশ আদম আপেলবাগানে মত্ত তখন আত্মহননের চেষ্টায়।
সাপটি সাফাই গাইতে গিয়ে চিৎকার করে বলল, ‘থামুন তো’
কিন্তু জড়িয়ে যায় তার কথা শরাবের প্রভাবে।
আর ‘ধর্ষণ! ধর্ষণ!’ বলে চেঁচিয়ে
দু–হাত ছুড়ে হাওয়া হানল আঘাত তার মাথায়।
তখন থেকে সাপের দেখা পেলে হাওয়া অবিরাম চেঁচায়
‘আবরও আসছে ওটা! কে আছো হে, বাঁচাও আমায়।’
আদম তখন চেয়ার দিয়ে পিষে ফেলে তার মাথা,
আর ঈশ্বর বলেন, ‘প্রসন্ন আমি ভীষণ’
এবং সবকিছু চলে যায় নরকে।