সাবেক মার্কিন প্রেসিডেন্ট থিয়েডর রুজভেল্ট শিকার করতে খুব পছন্দ করতেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তিনি তাঁর শিকারের শখ মেটাতেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পরও তাঁর শিকারের শখে কোনো হেরফের হয়নি।একবার মিসিসিপির জঙ্গলে রুজভেল্ট ভালুক মারতে গেলেন। তাঁর সঙ্গে পরিচারক ও সরকারি লোকজনের সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু দুঃখের বিষয়, তিনি সারা দিন চেষ্টা করেও শিকারের জন্য কোনো ভালুক পেলেন না। হতাশ রুজভেল্টকে তোষামোদ করতেই কি না, সরকারি কয়েকজন কর্মকর্তা খয়েরি রঙের একটি ভালুক-শাবক ধরে নিয়ে এলেন। উদ্দেশ্য, রুজভেল্ট এটি গুলি করে মারবেন, আর আত্মতুষ্টি অনুভব করবেন। কিন্তু, কর্মকর্তারা তাঁর মধ্যে মানবিক ব্যাপারটি আবিষ্কার করতে ব্যর্থ হয়েছিলেন। ভালুক-শাবকটি দেখে রুজভেল্টের হূদয় গভীর মমতায় আর্দ্র হলো। তিনি ঘোষণা করলেন, কোনোভাবেই শাবকটিকে তিনি গুলি করবেন না। পরের দিন মার্কিন সংবাদপত্রে ছাপা হলো রুজভেল্টের এই মানবিকতার কাহিনি। শিকারে ব্যর্থ হয়েও সাধারণ মানুষের চোখে ‘বীর’ বনে যান থিয়েডর রুজভেল্ট।এর আগে, ১৯০২ সালের দিকে জার্মানিতে প্রথমবারের মতো খেলনা ভালুক তৈরি করা হয়। মার্গারেট স্টিফ নামের একজন ব্যক্তি খেলনা ভালুক তৈরি করেন। তিনি অবশ্য তাঁর খেলনা তৈরির প্রতিষ্ঠানে খেলনা কুকুর, বানর ইত্যাদি তৈরি করেছিলেন আগেই। তিনিই প্রথমবারের মতো খেলনা ভালুক তৈরি করে তা উপহার দেন তাঁর এক ভাগনেকে। মার্গারেটের তৈরি খেলনাগুলো ছিল তুলার তৈরি। বর্তমানে যেগুলোকে বলা হয় ‘সফট টয়েজ’।রুজভেল্টের ওই ঘটনা দারুণ ছাপ ফেলে সাধারণ যুক্তরাষ্ট্রবাসীর মনে। তাদের আবেগকে উসকে দিতেই যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক রুশ নাগরিক—মরিস মিচটম রুজভেল্টের সেই ভালুক-শাবকটির আদলে তৈরি করেন একটি সফট টয়। রুজভেল্টের অনুমতি নিয়েই এর নাম দেওয়া হয় ‘টেডি বিয়ার।’ নামকরণে প্রেসিডেন্টের অনুমতির দরকার ছিল। কারণ, থিয়েডর রুজভেল্টের ডাকনাম ছিল ‘টেডি’। পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল