টেলিফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোররাতের দিকে একটা ফোন এল খলিল সাহেবের লাইন ফোনে। গত রাতে দেরিতে শুয়েছেন, ঘুমও এসেছে অনেক পরে। এখন মশারির ভেতর একটা গাছের গুঁড়ির মতো তিনি পড়ে আছেন। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন। গলা দিয়ে আর্ত, প্রলম্বিত আওয়াজ হচ্ছে, যেন তিনি কোনো স্বপ্নযাত্রায় গিয়ে আটকে গেছেন একটা গুহায়, আর ‘সিসিম ফাঁক’ বলতে গিয়ে গলাটা বারবার শুধু বোবা আওয়াজ তুলছে; তুলেই চলছে। যেখানে তিনি আছেন, যে আলো আঁধারির গিরিগুহায়, নাকি গুহাবাগানে, সেখানে ফোন কেন, জেলের পাগলা ঘণ্টিটার শব্দও পৌঁছানোর কথা নয়। কিন্তু তিনি জাগলেন, এবং একটা বিপন্ন মুহূর্ত গেল কী, কোথায়, কে—এ রকম কিছু প্রশ্নের উত্তর খুঁজতে। তারপর তিনি ছুটলেন পাশের ঘরে ফোনটা ধরতে।এমনিতে লাইন ফোনে খুব একটা কেউ যোগাযোগ করে না আজকাল, মাঝে মাঝে বিদেশ থেকে শুধু মেয়েটা করে। অথবা আরও কেউ কেউ। কিন্তু আজ? এত ভোরে? শব্দটা জোরেই বেজেছে, খলিল সাহেবের স্ত্রী মরিয়মও সেই শব্দে জেগেছেন। ‘সুমনা?’ স্ত্রী প্রশ্ন করেছেন। লুঙ্গি সামলে যেতে যেতে খলিল সাহেব বলেছেন, ‘দেখি।’ তারপর ফোনটা ধরেছেন। দু-একবার হ্যালো বলতে বলতেই অবশ্য ফোনটা নীরব হয়ে গেছে। অন্য প্রান্তে কেউ রেখে গেছে, অথবা লাইনটা কেটে গেছে। খলিল সাহেব খুব বিরক্ত হলেন। রাগও হলো তাঁর। একি মশকরা! ফোনের চারপাশে ঘুরছে একটা আরশোলা। হালকা অন্ধকারে একটা গাঢ়তর ছায়া হয়ে সেটি চলছে, ফিরছে। টেবিলে পড়ে থাকা খবরের কাগজটা তুলে তিনি আরশোলাটাকে মারলেন। তাঁর রাগ কিছুটা কমল। ফোনটা আবার বাজল। এবার সঙ্গে সঙ্গে ধরলেন খলিল সাহেব। ‘ডেপুটি জেলার স্যার বলছেন?’ একটি মেয়ের গলা।‘হ্যাঁ।’‘খলিলুর রহমান সাহেব বলছেন?’‘হ্যাঁ, হ্যাঁ। আপনি কে বলছেন?’‘কেউ না। আচ্ছা, রাখি।’ একটা ছোট্ট শব্দ করে ফোনটা নীরব হয়ে গেল। খলিল সাহেবের রাগটা পড়ে গিয়েছিল, বিরক্তিটাও ছিল না। তার জায়গায় এখন এল অবাক একটা ভাব। কে মেয়েটি? এত ভোরে একটা মেয়ে সত্যি সত্যি মশকরা করল তাঁর সঙ্গে? নাকি পাগল? নাকি অন্য কেউ?ফোনটা যে আর আসবে না, তিনি জানেন। এসব ফোন একবারই আসে। ঠিক আছে, ভোরের কিছুটা বাকি আছে এখনো। এখন ঘুমানো যাবে।‘সুমনা ফোন করেছিল?’ স্ত্রী জানতে চাইলেন।‘না। কোনো পাগল-ছাগল।’ খলিল সাহেব বললেন। তারপর মশারি তুলে বিছানায় ঢুকে গেলেন। দুই দিন পর আবার ফোনটা এল। আবার পড়িমরি করে ছুটলেন খলিল সাহেব ফোনটা ধরতে। আবার সেই সামান্য জিজ্ঞাসা। আবার সেই ‘আচ্ছা, রাখি’ এবং খুট করে একটা শব্দ হয়ে লাইনটা কেটে যাওয়া। আবার মরিয়মের প্রশ্ন, ‘সুমনা?’ আবার সেই ‘কোনো পাগল-ছাগল।’এবং আবার।তৃতীয় দিন খলিল সাহেবের চোখ পড়ল ঘরের আবছা অন্ধকারকে শাসন করতে থাকা এলসিডি ঘড়িটার দিকে। চারটা পঁয়তাল্লিশ। ঘড়িটার লাল আলো মরিয়মের পছন্দ হয় না বলে এটিকে রাখা হয়েছে এ ঘরে। টেলিফোনের টেবিলে। মেয়ের জামাই ঘড়িটা তাঁকে দিয়েছে। দামি ঘড়ি, চলে বিদ্যুতে। লোডশেডিংয়ের পরও সঠিক সময়টাই দেখায়। কাল রাতেও বিদ্যুৎ ছিল না এক ঘণ্টা। তার পরও ঘড়িতে বাজছে চারটা সাতচল্লিশ। নাকি আটচল্লিশ।খলিল সাহেব নিঃশব্দে টেলিফোনটার দিকে তাকিয়ে থাকলেন। একসময় টের পেলেন, স্ত্রী এসে দাঁড়িয়েছেন পাশে। ‘সুমনা?’ তাঁর সেই পুরোনো প্রশ্ন।আজ খলিল সাহেব ‘কোনো পাগল-ছাগল’ বলতে গিয়ে থেমে গেলেন। ফোনটার দিকে তাকিয়ে থাকতে থাকতে তাঁর মনে হয়েছে, গলাটা কোনো পাগল-ছাগলের নয়। গলাটা তিনি চেনেন না, যদিও চেনা উচিত ছিল। নাকি চেনেন? গলাটা তো তাঁকে চেনে। তাহলে?‘চারটা পঞ্চাশ’, বললেন খালিল সাহেব। ‘এখনো এক ঘণ্টা ঘুমানো যাবে।’এরপর দুই দিন ছুটি নিয়ে ফের বাজল টেলিফোন। সেই চারটা পঁয়তাল্লিশে। ফের সেই দুই লাইনের আলাপ। খলিল সাহেব টের পেলেন, এবার তাঁর ভেতরে একটা বিশাল রাগ জমেছে, তিনি চিত্কার করে জানতে চাইছেন, কেন এই মশকরা। কে এই মেয়ে? ‘যদি সাহস থাকে,’ তিনি বাড়ি কাঁপিয়ে জিজ্ঞেস করলেন, ‘সামনে এসে দাঁড়াও। বলো, তুমি কে। কী, আছে সেই সাহস?’‘ব্যাপারটা সাহসের না, খলিল সাহেব,’ মেয়েটা নরম স্বরে বলল, তারপর গলাটা আরও নামিয়ে প্রায় কানে কানে বলার মতো বলল, ‘আচ্ছা, রাখি।’ফোনের ওপর রিসিভারটা আছড়ে ফেললেন খলিল সাহেব। ‘শিট’, ‘শিট’, তিনি কয়েকবার বললেন। কথাটা তিনি শিখেছেন আগের জেলার বদরুল হায়দার সাহেবের কাছ থেকে। বদরুল হায়দার রাগলেই বলতেন, শিট। তাঁর মুখটা তখন খুব কদর্য দেখাত।বদরুল হায়দারের কথায় তিনি একটু চমকে গেলেন। তাঁর চোখ পড়ল ঘড়ির দিকে। চারটা পঞ্চাশ। চারটা পঞ্চাশ—এ সময় দেশের অর্ধেক মানুষ ঘুমিয়ে থাকে, অর্ধেক জেগে উঠে দিনের জন্য তৈরি হয়। হায়দার ছিলেন দ্বিতীয় দলের মানুষ। ঠিক সাড়ে চারটায় বিছানা ছাড়তেন। এক শীতের ভোরে ফোন করেছিলেন খলিল সাহেব। একটা বিশেষ প্রয়োজনে। এলসিডি ঘড়িটা তখন ছিল না, কিন্তু মরিয়মের মাথায় একটা যে ঘড়ি আছে, তা থেকে সময়টা তিনি জেনেছিলেন। ‘এত ভোরে জেলার সাহেবের কী দরকার তোমাকে?’ মরিয়ম জিজ্ঞেস করেছিলেন, ‘পাঁচটাও তো বাজেনি।’‘কটা বাজে?’‘পাঁচটা বাজতে এখনো পনেরো কুড়ি মিনিট বাকি।’‘কিছু করার নেই। বস ডেকেছেন, যেতে হবে’, অনেক বিরক্তি নিয়ে খলিল সাহেব বলেছিলেন এবং বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে বাথরুমে ছুটেছিলেন।আজও স্ত্রী এসে দাঁড়িয়েছেন পাশে। ‘এত চিত্কার করছ কার সঙ্গে? কে ফোন করেছে?’আবছা অন্ধকারে স্ত্রীর মুখটা একটা হালকা সাদা মুখোশের মতো দেখাচ্ছে, বদরুল হায়দারের বসার ঘরের দেয়ালে টাঙানো দু-এক মুখোশের মতো। মুখোশটার দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে তিনি বললেন, ‘বদরুল হায়দার।’‘বদরুল হায়দার? কী বলছ? উনি তো মারা গেছেন!’স্ত্রীর কথার কোনো উত্তর না দিয়ে বেরিয়ে গেলেন খলিল সাহেব। এখন তিনি বাথরুমে ঢুকবেন। তাঁকে বেরুতে হবে।জেলারের বাড়িটা দুটো বাড়ি পরে, দুই তলা হলুদ একটা দালান। দালানের সামনে একটা বাগান। এখনো সকালের আলো ফোটেনি, বাগানটা বিছিয়ে আছে হালকা অন্ধকারের একটা চাদরের নিচে। চাদরটা অবশ্য দুলছে, আর জায়গায় জায়গায় ছিদ্র হয়ে আলো চুইয়ে বেরোচ্ছে। কিছু আলো আসছে চামেলির দুটি গাছ থেকে, কিছু আলো হাসনাহেনার অদৃশ্য ঝোপটা থেকে। হাসনাহেনার ঝোপটার চারপাশে উঁচু পাতাবাহার আর নানা গাছের একটা দেয়াল। নিচে খানিকটা উঁচু-নিচু, কিছু নুড়িপাথর, মাটির একটা ছোট্ট ঢিবি। লম্বা দূর্বা ঘাস। বাড়িটার সামনে গেটের পাশে একটা চৌখোপ ঘর। সেখানে একটা বেঞ্চে বসে ঢুলছে এক কনস্টেবল। খলিল সাহেবের সাড়া পেয়ে সে উঠে দাঁড়াল। তারপর চোখ কচলে তাকাল। তারপর একটা স্যালুট দিল। অন্ধকারে খুব ভালো চেনা যাচ্ছে না খলিল সাহেবকে। কিন্তু তাঁর গোঁফ আর বেসবল ক্যাপটা পরিচিত কনস্টেবলের।‘স্যার কি ভেতরে আসবেন?’ সে জিজ্ঞেস করল।একটা মুহূর্ত ইতস্তত করলেন খলিল সাহেব। তারপর বললেন, ‘না, থাক।’ তারপর এক মুহূর্ত তাকালেন হাসনাহেনার ঝোপটার দিকে। তারপর ফিরে গেলেন।তাঁর মনে পড়ল, নতুন জেলার নাজমুদ্দিন সাহেব ভোরে ওঠার মানুষ নন। মেজাজটাও তাঁর কড়া।‘স্যার কি ফুল নেবেন?’ কনস্টেবলটা পেছন থেকে জিজ্ঞেস করল।হাত নেড়ে ইশারায় তিনি জানালেন, না, ফুলের দরকার নেই।দরকার নেই, তার পরও বাগানটার দিকে এমনভাবে কেন তাকিয়ে ছিলেন স্যার, কনস্টেবলটা তা নিয়ে ভাবতে থাকল। যেন বাগান পরিদর্শনেই এসেছিলেন তিনি।অবাক।ফোনটা আবার বাজল। আবার পড়িমরি দৌড় খলিল সাহেবের। আজ ফোনের শব্দে জেগে ওঠার পর কয়েক মুহূর্তের বিপন্নতাও যেন আর নেই তাঁর। যেন ফোনের জন্য তৈরি ছিলেন তিনি। যেন জানতেন ফোনটা আসবে। চারটা পঁয়তাল্লিশে। আজও তিনি চিত্কার করলেন নরম গলার মেয়েটির সঙ্গে। ‘আপনাকে—তোমাকে আমি পুলিশে দেব। র্যাবের হাতে ধরিয়ে দেব। কী পেয়েছ? মশকরা?’খলিল সাহেব বুঝলেন, তিনি নিজেই শুধু চিত্কার করে যাচ্ছেন। মেয়েটা কিছুই বলছে না। ‘কথা বলছ না কেন? কথা বলার সাহস নেই? কী পেয়েছ?’‘আচ্ছা, রাখি।’ আস্তে বলল মেয়েটি এবং ফোন রেখে দিল।‘ফোনটা কখন এল? কে করল?’ পেছনে দাঁড়ানো মরিয়মের প্রশ্ন।এলসিডি ঘড়িটার দিকে আঙুল তুললেন খলিল সাহেব। ‘চারটা পঁয়তাল্লিশে’, তিনি বললেন এবং বাথরুমের দিকে হাঁটা দিলেন।দুই দিন পর সকালে নাশতার টেবিলে বসে মরিয়ম তাঁকে জিজ্ঞেস করলেন, ‘আচ্ছা, ফোনটাতে কোনো শব্দ হয় না, রিং বাজে না, সাইলেন্ট করে রেখেছ? তাহলে টের পাও কী করে, ফোন এসেছে?’‘কী আজেবাজে বলছ। ফোন সাইলেন্ট করব কেন? রিং বাজে, শোনো না?’‘রিং বাজলে নিশ্চয় শুনতাম।’‘গাছের গুঁড়ির মতো ঘুমালে রিং শুনবে কীভাবে?’ রেগে বললেন খলিল সাহেব।জেলার নাজমুদ্দিন একদিন ডেকে বললেন খলিল সাহেবকে, ‘কয়েক দিন সকালে আমার বাসার গেটে এসে ফিরে গেছেন, শুনেছি। ব্যাপারটা কী?’‘স্যার, সকালে হাঁটতে হাঁটতে আপনার বাগান পর্যন্ত যাই।’ খলিল সাহেব বললেন।‘প্রতিদিনই আমার বাড়ি পর্যন্ত যান?’‘অভ্যাস, স্যার।’‘বুঝলাম অভ্যাস। কিন্তু আমার গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বাগান দেখাটা, বাড়ি দেখাটা, ভালো অভ্যাস না’, কড়া মেজাজের নাজমুদ্দিন গলাটা যথাসম্ভব কোমল করেই বললেন।‘ঠিক আছে স্যার, আর যাব না।’ বললেন খলিল সাহেব এবং বেরিয়ে যেতে যেতে নিজেকেই বললেন, ‘অভ্যাস? সকালে হাঁটা তোমার কবেকার অভ্যাস ছিল?’কিন্তু তিনি যে বলে দিলেন আর যাবেন না, তাতে হঠাৎ মনের ভেতর একটা অস্থিরতা তৈরি হলো কেন? আর যাবেন না মানে, বাগানটা আর দেখা হবে না? ভোরের অন্ধকারে গেটটা খুলে বাগানের নুড়িপাথর বিছানো পথে জুতার শব্দ তুলে আর যাওয়া হবে না? ঢুকতে গিয়ে গেটের খুপরির একটুখানি বারান্দায় নিশ্চল পড়ে থাকা কনস্টেবল্টার ঘুমন্ত মুখের দিকে নিচু হয়ে সন্তর্পণে আর তাকানো হবে না? তারপর বদরুল হায়দারের শক্ত হাত তাঁকে নিয়ে যাবে না হাসনাহেনার ঝোপটার দিকে, এবং তিনি সন্ত্রস্ত হয়ে জিজ্ঞেস করবেন না, ‘স্যার, এসব কী হচ্ছে?’ এবং হায়দার উত্তরে তাঁকে আর বলবেন না, ‘হচ্ছে না না, খলিল সাহেব, বলুন হয়েছে। হয়ে গেছে। কাজ শেষ। ফেট অ্যাকমপ্লি।’ তারপর আর কান্নায় ভেঙে পড়বেন না? এবং হাসনাহেনার ঝোপের নিচে একটা গর্তের পাশে সাদা চাদরে মোড়ানো একটা বস্তুর দিকে সন্ত্রস্ত তাকিয়ে থেকে তিনি আর জিজ্ঞেস করবেন না, ‘স্যার? স্যার?’ এবং বদরুল হায়দার তাঁর কাঁধে মুখ রেখে ফুঁপিয়ে কেঁদে উঠে বলবেন না, ‘বিশ্বাস করুন, খলিল সাহেব, পুরোটাই অ্যাক্সিডেন্ট। এখন আমাকে সাহায্য করুন। এখন আপনি ছাড়া আমার আর কেউ নেই। কনস্টেবলটাকে আর কাজের লোক দুটিকে কড়া ঘুমের ওষুধ দিয়েছি। তার পরও যেকোনো সময় তারা জেগে উঠতে পারে। জলদি?’ না, হিসাবটা মিলছে না। খলিল সাহেবের মনে হলো, তাঁর মাথাটা এলোমেলো হয়ে গেছে। মাথাটা ঠান্ডা করতে হবে। হাসনাহেনার ঝোপটার কাছে তাঁকে যেতে হবে, কিন্তু তার আগে বদরুল হায়দারের সঙ্গে তাঁর কথা বলতে হবে। বদরুল হায়দার ওই ভোরের পরদিন তাঁর বাসায় এসে একটা ব্যাগ নামিয়ে দিয়ে কেটে পড়েছিলেন। বলেছিলেন, তিনি ছুটিতে ঢাকা যাচ্ছেন। ছুটি শেষে ইস্তফা দেবেন। ‘ব্যাগে কী স্যার?’ তিনি জিজ্ঞেস করেছিলেন।‘ব্যাগে কী তা এখন দেখবেন না, প্লিজ। আমি চলে গেলে দেখবেন। ধরে নিন আপনার জন্য আমার ভালোবাসার সামান্য উপহার।’যাওয়ার পথে দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ আকাশের দিকে তাকিয়ে ছিলেন হায়দার। তারপর কয়েকবার জোরে জোরে ‘শিট’ বলে রাস্তায় নেমে গিয়েছিলেন। ছুটি কাটানো শেষ হয়নি বদরুল সাহেবের, ইস্তফাও তাঁকে দিতে হয়নি। ট্রেনের নিচে কাটা পড়েছিলেন, ঢাকার মগবাজার রেলক্রসিংয়ে। মগবাজারের ফ্ল্যাটে স্ত্রী-সন্তান থাকত, সেখানেই ছিলেন। ভোরবেলা হাঁটতে বেরিয়েছিলেন। কথাটা মনে পড়তেই শিউরে উঠলেন খলিল সাহেব। ভোর কয়টায়? কয়টায় কাটা পড়েছিলেন হায়দার সাহেব? চারটা পঁয়তাল্লিশে? জানতে হবে। মরিয়ম খুব বিরক্ত। বিমর্ষ। কিছুটা চিন্তিতও। ফোনটা আছে ফুল ভল্যুমে, অথচ ভোরবেলা কোনো রিং না হতেই দৌড়ে এসে ফোন ধরেন খলিল সাহেব। খলিল সাহেব রাতে ঠিকই নাক ডাকিয়ে ঘুমান। কিন্তু ভোরের দিকে তাঁর নাক ডাকাটা একদম থেমে যায়। তিনি চুপচাপ পড়ে থাকেন, যেন একটু নড়লেই ঘুম ভেঙে যাবে। তাঁর নিঃশ্বাসও থেমে যায়। মরিয়ম আতঙ্কিত। কী হয়েছে লোকটার? ফোনটাই বা কোত্থেকে আসে, এই অশ্রুত ফোন? তাঁর নিজের ভোরবেলার আরামের ঘুমটাও এখন চলে গেছে। আফসোস। আজ ভোরেও উঠেছেন খলিল সাহেব, এবং ফোনের রিসিভারটা কানে লাগিয়ে কথা বলতে শুরু করেছেন। আজ চিত্কার করছেন না, বরং কিছুটা চাপা গলায় কথা বলছেন। যেন কারও কাছে কিছু অনুনয় করছেন, একই সঙ্গে তর্কও করছেন। সে জন্য খানিকটা উত্তেজনাও তাঁর গলায়। ‘আমি কি কিছু করেছি আপনাকে?’ জিজ্ঞেস করছেন খলিল সাহেব। ‘আপনি তো শুধু বলেছিলেন, আপনাকে একটা হোটেলে তুলে দিয়ে আসতে। কিন্তু এত রাতে আমি কীভাবে হোটেলে নিয়ে যাই আপনাকে? বলুন... বাহ্। দশটা এত রাত না? আশ্চর্য।’ খলিল সাহেবের গলায় এবার ক্লান্তি। ‘না, আমার বাসায় আপনাকে নেওয়া সম্ভব ছিল না। জি না, আমি এসব ব্যাপার থেকে দূরে থাকি। সারাজীবন আছি। এ জন্য আমি স্পটলেস। তা ছাড়া হায়দার সাহেবের ওপর আমার প্রচুর বিশ্বাস ছিল। হি ওয়াজ এ গুড ম্যান। উনিও স্পটলেস। ... না, এসব বলবেন না। তিনিও তো আপনাকে নিয়ে বিপদে পড়েছিলেন। আর আপনিই বা কেন এসেছিলেন? বলুন, বলুন? আপনি কেন ঢুকে পড়লেন একজন একা মানুষের বাসায়? বলুন? ... জি, আমি ডেপুটি জেলার। জি, আমি খলিলুর রহমান। না, আমার ক্ষমতা নেই আপনাকে জোর করে স্যারের বাসা থেকে নিয়ে যেতে। স্যার নিজ থেকে বললেও না। আই হ্যাভ এ ফ্যামিলি। তা ছাড়া আপনি কেন ঢুকে পড়লেন একজন একা মানুষের বাসায়? বলুন? রাত্রি বেলা? বলুন? স্বামীকে দেখতে এসেছিলেন? স্বামী জেলে? হা হা। শুনুন। শুনুন...’খলিল সাহেব শুনলেন, তার থেকেও ক্লান্ত স্বরে কেউ একজন তাঁকে বলছে, ‘আচ্ছা, রাখি।’ তারপর নীরবতা।সকালে নাশতার টেবিলে স্ত্রী তাঁকে বললেন, ‘কে ফোন করেছিল?’ ‘আরে বলো না, এক ডেসপারেট ভিজিটর।’‘ডেসপারেট ভিজিটর?’‘হ্যাঁ। এক যাবজ্জীবনের ওয়াইফ। ডেসপারেট।’‘আচ্ছা?’‘আচ্ছা মানে কী? আচ্ছা আবার কী?’‘স্বামীর সঙ্গে দেখা হয়েছিল ডেসপারেট ভিজিটরের?’‘না। দেখা হওয়ার সম্ভাবনাও নেই।’‘নেই কেন?’ খলিল সাহেবের দিকে ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন মরিয়ম। খলিল সাহেব কোনো উত্তর দিলেন না। চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন। মরিয়মও তাই করলেন। ‘শোনো,’ তিনি স্বামীকে বললেন, ‘কাল রাতে আমি ফোনের তারটা খুলে রেখেছিলাম। ফোনটা ডেড।’ঠোঁটের কোনো একটুখানি হাসি খেলল খলিল সাহেবের। ‘স্বামীর সঙ্গে এই ডেসপারেট ভিজিটরের দেখা হওয়ার সম্ভাবনা কেন নেই, জানো?’ তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন। ‘কেন?’ ‘কাল ভোরে তুমিই জানতে পারবে। কাল ভোরে ফোনটা এলে।’