
বিছানায় গা এলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বাতি নিভে গেল। নিওন ঠিক এটিই চাইছিল। তিবি ঠিক ওর মনের মতো। দ্বিতীয় স্তরের গৃহকর্মী রোবট তিবি। একদম নিওনের পছন্দ অনুযায়ী তৈরি করা। প্রায় সাড়ে তিন বছর আছে নিওনের সঙ্গে। তিবি কোনো ভুল করে না। নিওনের কোনো কাজে বাধা দেয় না, মনঃক্ষুণ্ন হয় না। সুন্দর করে ঘর গুছিয়ে রাখে। একদম পরিপাটি ঠিক নিওনের মনের মতো। ট্রিয়ানা এমন ছিল না। আগে কাজ থেকে ঘরে ফিরলেই প্রচণ্ড মেজাজ খারাপ হতো নিওনের। এক শটা কারণ থাকত। আর সবই ছিল ট্রিয়ানার ভুল। একটা কাজ যদি ঠিকঠাক পারত ট্রিয়ানা! যখন মূল নিয়ন্ত্রণাগার থেকে নিওনের ডাক আসত, বিভিন্ন গ্রহে যেতে হতো বিভিন্ন মিশন নিয়ে। প্রতিবার যাওয়ার সময় ট্রিয়ানা কান্না জুড়ত। এখন ২৫৫৯ সাল। মস্তিষ্কে সামান্য স্টিমুলেশন দিলেই দুঃখ-কষ্ট সব ভুলে থাকা যায়। আর এর জন্য খুব বেশি ইউনিটেরও দরকার হয় না। কান্না কী জিনিস তা এ সময়ের মানুষ ভুলতে বসেছে। ট্রিয়ানা ভোলেনি। অসহ্য! এ জন্য কম মাশুল গুনতে হয়নি নিওনকে। প্রক্সিমা সেন্টরাইয়ের পাশ ঘেঁষে একটা গ্রহ, যেখানে মানুষ বসতি গড়তে পারত। কিন্তু যাত্রাপথ অত্যন্ত বিপদসংকুল। একটা কৃষ্ণগহ্বরকে পাশ কাটাতে হয়। জাতীয় কমিটি নিওনকে মিশনপ্রধান বানিয়েছিল। ট্রিয়ানা ওকে কিছুতেই যেতে দিল না। এ জন্য ট্রিয়ানা একদম যা-তা করল। এসব কেন ভাবছে নিওন? ঘুম না এলে স্টিমুলেশন নিতে পারে যখন-তখন। ছোটখাটো স্টিমুলেশন তো বাসায়ই নেওয়া যায়। কিন্তু এখন নিতে ইচ্ছে করছে না। মাথায় ধাতব হাতের স্পর্শ অনুভব করল নিওন। বুঝল, তিবি মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। মায়ের কথা মনে পড়ল। মাও মাথায় হাত বুলিয়ে প্রাচীন কাহিনি বলত। আশ্চর্যভাবে ট্রিয়ানাও গুনগুন করে গান করত আর মাথায় হাত বোলাত। অদ্ভুত অদ্ভুত কথা বলত ট্রিয়ানা। বলত, ‘চলো একটা নিরিবিলি গ্রামে চলে যাই। পাহাড়ের ধারে একটা ছোট্ট বাড়িতে থাকব। তুমি কৃষিকাজ করবে আর আমি রান্না করব। সন্ধ্যায় ঝিরি ঝিরি ঝরনার পাশে বসে আমি তোমাকে গান শোনাব।’
অথচ কৃষিকাজ এখন ক্ষেত্রবিশেষ ছাড়া লুপ্ত। কৃত্রিম খাবার গবেষণাগারে তৈরি হয়। চিনচিনে মাথাব্যথাটা তীব্রতায় রূপ নিচ্ছে। নিওন না চাইতেই স্টিমুলেশন কিট নিয়ে এল তিবি।
পরদিন সকালে ধোঁয়া ওঠা কফি নিয়ে হলোগ্রাফিক স্ক্রিনে চোখ বোলাচ্ছে নিওন। খবর দেখতে গিয়ে থমকে গেল। ‘গর্ভে গ্রহণ করা এক শিশুর জন্ম হয়েছে প্রাচীন পদ্ধতিতে। এক শ বছর পর এ রকম একটা ঘটনা ঘটল।’ বিমর্ষ হয়ে গেল নিওন। ট্রিয়ানা এ রকম চাইত। সে নিজের গর্ভে একটি সন্তান চেয়েছিল। নিওন কঠোরভাবে নিষেধ করেছিল। গর্ভে সন্তান নেওয়া বন্ধ হয়েছে তিন শ বছর। তার পরও কেউ কেউ নেয়। প্রচুর ঝামেলা। প্রতিরক্ষা দপ্তর, মহাকাশ দপ্তর, প্রধান নিয়ন্ত্রণাগারে নথিপত্র নিয়ে ছোটাছুটি। বিভিন্ন অনুমোদনপ্রাপ্তি, কড়া নজরদারি। মোটকথা রাষ্ট্র নিরুৎসাহিত করে। নিওন মহাকাশ দপ্তরের কর্মকর্তা হয়ে কীভাবে সম্মতি দেয়? চমক ভাঙল তিবির কথায়, ‘নিওন, তুমি গতকাল রাতে ট্রিয়ানা ট্রিয়ানা বলে চিৎকার করছিলে। শেষে আমাকে কড়া স্টিমুলেশন দিতে হলো।’
বেশ কিছুদিন পরের ঘটনা। নিওন অস্থির হয়ে যাচ্ছে দিন দিন। অফিসের কাজে প্রচুর ভুল হচ্ছে। সারাক্ষণ ট্রিয়ানার কথা মনে পড়ে। পারফেকশনিস্ট তিবিকে অসহ্য লাগে। তিবি কোনো কারণে স্টিমুলেশন দিতে চাইলে দূর করে দেয়। খাদ্য গ্রহণও অনিয়মিত। তিবি পরামর্শ দিল, ‘কয়েকটা ইউনিট নিয়ে জাতীয় বিনোদনকেন্দ্র থেকে ঘুরে আসো। তোমার এখন যা দরকার তা সবই পাবে ওখানে।’ নিওনের মনে হলো কষে একটা লাথি দেয় তিবিকে। আর পারছে না নিওন। ট্রিয়ানাকে তার সত্যিই খুব দরকার। সে বোধ হয় ট্রিয়ানাকে ভালোবাসে। ভালোবাসা নামক প্রাচীন শব্দটি এখন অচল। কিন্তু নিওন সত্যিই ট্রিয়ানাকে ভালোবাসে। নিওন সিদ্ধান্ত নিয়ে ফেলল, খুঁজে বের করবে ট্রিয়ানাকে। একদিন নিওনই ট্রিয়ানাকে বলেছিল, ‘চলে যাও।’
পৃথিবীর প্রতিটা নিরিবিলি গ্রাম, প্রতিটা পাহাড়ের ধারের বাড়ি তন্নতন্ন করে খুঁজবে নিওন। সন্ধ্যায় প্রতিটা ঝিরি ঝিরি ঝরনার ধারে অপেক্ষা করবে ট্রিয়ানার জন্য। ট্রিয়ানা নামক অগোছালো মেয়েটাকে তার খুব প্রয়োজন। ভালোবাসা নামক প্রাচীন শব্দ তাকে খুব আবেগতাড়িত করে তুলেছে। ট্রিয়ানার মতো তার চোখ বেয়ে পড়ছে অশ্রু।
তনুশ্রী দেবনাথ
বনশ্রী, রামপুরা, ঢাকা।