ঠাকুরের দক্ষিণী বিত্তান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

.
.

রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বাঙালির চর্চার শেষ নেই। বিভিন্ন সময়ে নানাভাবে আবিষ্কৃত হয়েছেন তিনি। রবীন্দ্রজয়ন্তীর ক্ষণে সম্প্রতি প্রকাশিত রবীন্দ্রবিষয়ক নির্বাচিত কয়েকটি বই নিয়ে আয়োজন

.
.

দক্ষিণে সূর্যোদয়

রাজু আলাউদ্দিন

প্রচ্ছদ: মনিরুল ইসলাম

প্রকাশক: অবসর, ঢাকা

প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৫

পৃষ্ঠা: ২৩২

দাম: ৫০০ টাকা

আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১৯৫২ সালের শুরুতে মেক্সিকোতে গিয়েছিলেন। আধুনিক মেক্সিকোর শিক্ষিত ও বিদগ্ধ সমাজের মনে ভারতবর্ষের প্রভাব অবলোকন করে এবং তার উৎস স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুর আবিষ্কার করে তিনি যুগপৎ বিস্মিত ও প্রীত হয়েছিলেন। মেক্সিকো শহরের ফুটপাতের ধারে নানা পণ্যের পসরা সাজিয়ে ফেরিওয়ালারা বসে থাকে। মাঝেমধ্যে বইয়ের ছোটখাটো দোকান। স্প্যানিশ ভাষায় লেখা ক্ল্যাসিক বইয়ের পাশাপাশি ধর্মবিষয়ক গ্রন্থ, সস্তা ডিটেকটিভ নভেল আর পর্নো বই-পুস্তকের সহ-অবস্থান। এসব রকমারি বইপত্রের সারিতে স্বামী বিবেকানন্দের রাজযোগ, আমার গুরুদেব, শিকাগো বক্তৃতা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ইংরেজিতে অনূদিত বিভিন্ন গ্রন্থের স্প্যানিশ অনুবাদের সমাহার সুনীতিকুমার চট্টোপাধ্যায়কে চমকে দিয়েছিল। কিছু বই আর্জেন্টিনা থেকে প্রকাশিত। স্বতন্ত্র গ্রন্থ ছাড়াও ছিল রবীন্দ্রনাথের নানা রচনার একটি সংকলন গ্রন্থ।

এরপর ঘটনাক্রমে মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রছাত্রীর সঙ্গে তাঁর পরিচয় ঘটে। এঁরা জানান, রবীন্দ্রনাথকে নিয়ে ‘গ্রুপো রবীন্দ্রনাথ ঠাকুর’ নামে তাঁদের পাঠচক্রের কথা। তাঁরা তাঁকে জানান, রবীন্দ্রনাথ তাঁদের আকৃষ্ট করেন; কেননা তাঁর রচনার মধ্যে অতীন্দ্রিয় জগতের আভাস পাওয়া যায়। হিস্পানি আমেরিকায় রবীন্দ্রচর্চার প্রথম বিবরণ এভাবেই সংক্ষেপে বর্ণনা করেছেন সুনীতিকুমার। এর অর্ধশতাব্দী পর রাজু আলাউদ্দিন প্রকাশ করেছেন ইস্পানো–আমেরিকায় রবীন্দ্রচর্চার সংক্ষিপ্ত ইতিহাস: দক্ষিণে সূর্যোদয় নামে একটি বই, যাতে প্রায় দুই শ পৃষ্ঠার পরিসরে হিস্পানি আমেরিকায় রবীন্দ্রপাঠ ও চর্চার প্রসার ও গভীরতা বিষয়ে তথ্যসমৃদ্ধ আলোচনা করা হয়েছে।

রাজু আলাউদ্দিন কিছুকাল মেক্সিকোতে বসবাস করেছেন। এই বইয়ের প্রথম অধ্যায় ‘মেহিকোয় রবীন্দ্রনাথ’। রাজু স্প্যানিশকে ‘স্পানঞল’, মেক্সিকোকে ‘মেহিকো’, স্পেন-এর পরিবর্তে ‘স্পানঞা’ অর্থাৎ উচ্চারাণাযুগ প্রতিবর্ণীকরণ করেছেন। বইয়ের অধ্যয়নগুলোর শিরোনাম থেকে গবেষকের অনুসন্ধিৎসার একটি অবয়ব পাওয়া যাবে।

হিস্পানি আমেরিকায় স্প্যানিশ ভাষায় রবীন্দ্রনাথকে প্রথম অনুবাদ করেছিলেন আর্জেন্টিনার কবি কার্লোস মুস্‌সিও সায়েন্স-পেইনঞা—রাজু গবেষণাক্রমে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তবে এ কথাও স্মরণ রেখেছেন, প্রায় একই সময়ে স্প্যানিশ ভাষায় মাদ্রিদ থেকে প্রকাশিত হয়েছিল হুয়ান রামোন হিমেনেথ ও তাঁর স্ত্রী সেনোরিয়ার অনুবাদে রবীন্দ্রনাথের কাব্য, শিরোনাম ছিল লুনা নুয়েভা। রাজু মন্তব্য করেছেন, সায়েন্স পেনঞার অনুবাদ ছিল অনেক বেশি মূলানুগ। অন্যদিকে হিমেনেথের অনুবাদ সৃষ্টিশীল মাধুর্যে সমৃদ্ধ।

লাতিন আমেরিকার সাহিত্য পরিমণ্ডল সম্পর্কে অবহিত হয়েই রাজু এই বইটি রচনা করেছেন। ফলে একজন বাঙালি পাঠক ঊনবিংশ-বিংশ শতাব্দীর হিস্পানি-আমেরিকান সাহিত্যের প্রধান পুরুষদের এবং তাঁদের রচনাবলির গতিপ্রকৃতি সম্পর্কেও ধারণা লাভ করবেন। ১৯৮৭-তে শিশিরকুমার দাশ ও শ্যামাপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের শাশ্বত মৌচাক: রবীন্দ্রনাথ ও স্পেন নামীয় বইটি বিবেচনায় নিলে স্প্যানিশ ভাষায় রবীন্দ্রনাথের আবির্ভাব ও উপস্থিতি সম্পর্কে রাজু আলাউদ্দিনের বইটি ‘সেমিনাল ওয়ার্ক’ নয়। কিন্তু তাবৎ হিস্পানি-আমেরিকায় রবীন্দ্র-উত্থানের হদিস করতে গিয়ে রাজুকে কার্যত প্রথম অভিযাত্রীর ভূমিকা পালন করতে হয়েছে; এবং এ কাজে যেখানেই রহস্য ও অস্বচ্ছতার অবগুণ্ঠন লক্ষ করেছেন, সেখানেই তাঁর গবেষক মন অটল—সহিষ্ণুতার সঙ্গে শেষ তথ্যকণিকাটিও উদ্ধারের জন্য সচেষ্ট হয়েছে; এবং অনেক ক্ষেত্রেই সাফল্য অর্জন করেছে। এহেন অনুসন্ধিৎসার কারণেই তিনি এই তথ্য আবিষ্কারে সক্ষম হয়েছেন, রবীন্দ্রনাথ মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। সেখানেই হিস্পানি-আমেরিকার অন্যতম প্রধান সাহিত্য সমালোচক পেত্রো এন্‌রিকেস্ উরেনঞার সঙ্গে প্রথম সাক্ষাৎ ঘটেছিল। উরেনঞা রবীন্দ্রনাথের ‘জন্মকথা’—ইংরেজি তর্জমায় ‘দ্য বিগিনিং’—কবিতাটির ভাবানুকৃতিতে ‘এল নিনঞ’ নামে একটি কবিতা রচনা করেছিলেন। লাতিন আমেরিকার শিক্ষায়তনে রবীন্দ্র রচনা পাঠ্য হিসেবে অন্তর্ভুক্তকরণে বিশেষ উদ্যোগ দেখিয়েছিলেন উরেনঞা।

১৯২৪ সালে আর্জেন্টিনায় গিয়েছিলেন রবীন্দ্রনাথ। সেখানে বিক্তোরিয়া ওকাম্পোর সঙ্গে তাঁর পরিচয়। রবীন্দ্রানুরাগীদের কাছে ঠাকুর মশাই ও ওকাম্পোর সম্পর্ক প্রবল কৌতূহলের বিষয়। এ নিয়ে লেখালেখিও হয়েছে বিস্তর। তবে বইতে এ সম্পর্কে কথা বাড়াননি রাজু। তিনি প্রধানত আলোকপাত করেছেন অনালোকিত বিষয়ে। চিলির তুলনামূলকভাবে স্বল্প পরিচিত আর্তুরো তর্‌রেস রিত্তসেকো যে গভীরতার সঙ্গে রবীন্দ্রনাথ সম্পর্কে আলোচনা করেছেন—তুলে ধরেছেন তার সারসংক্ষেপ, ঠাকুরকে কেন্দ্র করে ঘনিয়ে ওঠা কবি পাবলো নেরুদা ও বিসেন্তে উইদোত্রোর সংক্রামক বচসার কথা বর্ণনা করেছেন।

মেক্সিকোর কবি পেদ্রো রেকেনা গীতাঞ্জলির স্প্যানিশ অনুবাদ প্রকাশ করেন ১৯১৮ সালে। রাজু জানিয়েছেন, নিজে অনুবাদ না করলেও অনুবাদ করিয়ে নিয়ে ও রবীন্দ্ররচনা সম্পর্কে ভূমিকা লিখে মেক্সিকোর সম্মানীয় ব্যক্তিত্ব হোসে বাস্‌একানসেলোস লাতিন আমেরিকার জগতে রবীন্দ্রচর্চার পথ প্রশস্ত করে দিয়েছিলেন। অন্যদের মধ্যে মেক্সিকোর মহান সাহিত্যিক অক্তাবিও পাস রবীন্দ্রনাথ সম্পর্কে লিখেছেন। পরবর্তী প্রজন্মের জনপ্রিয় কবি হাইমে সাবিনেস রবীন্দ্রনাথকে নিয়ে একটি কবিতা লিখেছিলেন, যার শিরোনাম ‘রবীন্দ্র পাঠ’। রাজু আলাউদ্দিনের অনুবাদে কবিতাটির শুরু এভাবে:

রবীন্দ্রনাথ পড়তে গিয়ে ভেবেছি এসব: অলিগলি, লণ্ঠন, কুয়োর পানির পাত্র, খালি পা—এগুলো এখন এক হারানো জগৎ। এখানে এখন বিদ্যুতের আলো, হাওয়া গাড়ি, পানির কল, জেট বিমান। কেউ আর গল্প বলে না। দাদা-নানিদের জায়গা দখল করে নিয়েছে টেলিভিশন আর সিনেমা। আর সব রকম প্রযুক্তি সাবান ও টুথপেস্টের বিস্ময় দেখাতে উদগ্রীব।

জানি না কেন হাঁটছি, তবে আমাদের দক্ষ ও নিঃস্ব টাইপিস্টের পরিবর্তে ঘড়া-কাঁধে-যুবতী—জায়গা করে নেওয়া প্রাচ্যের সব কবিতা আর রবীন্দ্রনাথের স্নিগ্ধতার কাছে আমি অবশ্যই যাব। সবকিছুর পরও, আমাদের তো একই মেঘ, একই চাঁদ-তারা আর, যদি একটু লক্ষ করি, একই সাগর।

উচ্চকিত ভাষায় উল্লিখিত না হলেও বোঝা যায় লাতিন আমেরিকায় পরিব্যাপ্ত রবীন্দ্রচর্চার একটি সীমাবদ্ধতা হলো রবীন্দ্ররচনার ইংরেজি অনুবাদের ওপর নির্ভরতা। অনুবাদের অনুবাদ সর্বদাই একটি সমস্যাসংকুল বিষয়। বাংলা ভাষায় রচিত মূল কবিতা ও তার ইংরেজি অনুবাদের বিভিন্ন উদাহরণের সঙ্গে তুলনা করে রাজু আলাউদ্দিন দেখিয়েছেন ইংরেজি থেকে স্প্যানিশ ভাষায় করা অনুবাদ কখনো কখনো সমস্যাগ্রস্ত হয়ে পড়েছে। মেক্সিকো, আর্জেন্টিনা, চিলি বা বলিভিয়ার একজন স্প্যানিশভাষী তরুণ সাহিত্যিক বাংলা শিখে স্প্যানিশ ভাষায় রবীন্দ্রনাথকে অনুবাদ করবেন—এই আশা আজ আর দুরাশামাত্র নয়।

 গবেষণাধর্মিতার বিবেচনায় রাজু আলাউদ্দিনের দৃষ্টিভঙ্গি সংকুচিত নয়। উপরন্তু তাঁর রয়েছে সাংবাদিকী অনুসন্ধিৎসা। ফলে বইটির সার্বিক আয়োজন ও উপস্থাপনা একটি মনোজ্ঞ গবেষণাগ্রন্থ উপহার দিয়েছে।