
কান শব্দটি শুনলেই সিনেমা তারকাদের মোহিনী শক্তির চিত্রকল্প ভেসে ওঠে। অকৃত্রিম সৃজনশীলতা, শিল্পসম্মত, দেখতে সুন্দর—সিনেমার তো এমনই হওয়ার কথা। কিন্তু টিভির রিয়্যালিটি শো ও ফরমায়েশি সিনেমা বানানোর তোড়ে এসব যেন হারিয়ে যাচ্ছে। প্রতিবছরের মে মাসে ফ্রান্সের দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর কানে চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। এটা স্রেফ একটি উৎসব নয়, কানে অনেক তারকা বিশ্বখ্যাতি লাভ করেন। সেই ষাটের দশকে যেমন ফরাসি মোহিনী নারী ব্রিজিত বার্দো থেকে শুরু করে ইরানি পরিচালক আব্বাস কিয়োরোস্তামি পর্যন্ত অনেকেই এখানে এসে তারকা খ্যাতি পেয়েছেন।
কান হয়তো অস্কারের মতো এতটা পরিচিত নয়। কিন্তু অধিকাংশ চলচ্চিত্র নির্মাতা কানে গেলে হৃৎস্পন্দন শুনতে পান। কানে আসলে চলচ্চিত্রের শিল্পসত্তার উদ্যাপন হয়, যেখানে নির্মাতারা তাঁদের শৈলীর জন্য পুরস্কৃত হন। এটা এমন এক জায়গা, যেখানে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকেও অনুভব করবেন, তাঁর সহজাত ক্যারিশমা ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গিসমেত। রবীন্দ্রনাথ বহু দেশ ভ্রমণ করেছেন, কিন্তু তাঁর জীবদ্দশায় এই উৎসব শুরু হয়নি। ১৯৪৬ সালে তাঁর মৃত্যুর পাঁচ বছর পর এই উৎসব শুরু হয়।
কবিগুরু চলচ্চিত্রের ব্যাপারে আগ্রহী ছিলেন, জ্ঞাত ছিলেন এই মাধ্যমের অন্তর্নিহিত সম্ভাবনা সম্পর্কেও। কিন্তু তাঁর জীবদ্দশায় ভারতীয় চলচ্চিত্রশিল্প কেবল শিশুকাল অতিক্রম করছিল। এটা অনেকেই জানেন না যে রবীন্দ্রনাথ ঠাকুর চলচ্চিত্র প্রযোজক বি এন সরকারের চাপাচাপিতে চলচ্চিত্র নির্মাণও করেছিলেন। কিন্তু সেটি নির্মাতার খ্যাতির ধারেকাছেও যেতে পারেনি। এক বছরের মধ্যে কলকাতার নিউ থিয়েটারের গুদামঘরে আগুন লেগে সিনেমাটি ধ্বংস হয়ে যায়।
হ্যাঁ, চলচ্চিত্র ও ঠাকুরপ্রেমীরা একটু নড়েচড়ে বসতে পারেন। কারণ, এ বছরের কান চলচ্চিত্র উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো একমাত্র ছবি নটীর পূজার (১৯৩২) ত্রিমাত্রিক পুনর্নির্মাণ হাজির করেছেন হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন একাডেমিক ও চলচ্চিত্র নির্মাতা কার্ল বারদোশ। ফলে ঠাকুরের সৃষ্টিশীল জীবনের আরেকটি দিক আমাদের সামনে উন্মোচিত হয়েছে।

১৯২৬ সালে রবীন্দ্রনাথ জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির জন্য নৃত্যনাট্য লিখেছিলেন নটীর পূজা নামে। ছবির পুনর্নির্মাণ পর্বে এসে কলকাতার সুজাতা আওন প্রধান এতে অভিনয় করেছেন এবং এখানে তিনি অভিনয় করেছেন নৃত্যদল নৃত্যলোকের প্রধানের ভূমিকায়। ছবিতে পশ্চিম বাংলার শীর্ষ রবীন্দ্রসংগীত বিশারদ জয়তি চক্রবর্তী গান গেয়েছেন, আর সুজাতা নিজেই নেচেছেন। বিখ্যাত লিওনার্ড রেটেল হেলম্রিচ সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন, যিনি ছিলেন ‘সিঙ্গল ক্যামেরা শট’ প্রযুক্তির গুরু। আর ছবির স্ক্রিপ্ট ছিল ২৪০০ বছর আগের এক বৌদ্ধ রূপকথাভিত্তিক।

ধর্মীয় সহিষ্ণুতার বার্তা ছিল ছবিটিতে। শুধু এ কারণেই আজও ছবিটির প্রাসঙ্গিকতা রয়েছে। এতে ঠাকুরের ভক্তরা জানতে পারছেন, তাঁদের প্রিয় কবি কবিতা ও গানের বাইরে আরও ব্যাপক একটি মাধ্যম নিয়ে কাজ করতে চেয়েছিলেন, সে কারণেই এটি আরও কৌতূহলোদ্দীপক হয়ে ওঠে। এটা আমার সৌভাগ্য যে আমি এটির পুনর্নির্মাণে নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করতে পেরেছি, এই প্রকল্পে বাংলাদেশের হিস্যা নিশ্চিত করতে পেরেছি, যেটা আরও আগেই হতে পারত। কারণ, আট দশকেরও বেশি সময় ধরে ছবিটি সম্পর্কে কেউ কিছু জানত না।
বারদোশ নিউইয়র্কের টিসচ স্কুল অব দ্য আর্টস কানবার ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড টেলিভিশনে দুই দশক ধরে পড়াচ্ছেন। ঠাকুর যে নিউ থিয়েটারে নটীর পূজা শুট করেছিলেন, তিনিও সেখানে শুট করতে বদ্ধপরিকর ছিলেন। এই পুনর্নির্মাণেও তিনি যে সত্যনিষ্ঠতা দেখিয়েছেন, আমি তার প্রশংসা করি। চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি একজন অগ্রপথিক, যিনি আরও অনেক কিছুর সঙ্গে ‘কবিতা মিউজিক ভিডিও’ নামে নতুন ধারা সৃষ্টি করেছেন। তিনি বিট প্রজন্মের কবি অ্যালেন গিন্সবার্গের ওপর একটি ছবি বানিয়েছেন। বারদোশ এখন ঠাকুরের ভালো একজন ব্যাখ্যাকারও বটে।
নটীর পূজা
নটীর পূজা একটি বৌদ্ধ কিংবদন্তিনির্ভর নৃত্যনাট্য। এটি অজাতশত্রুর দরবারের এক নৃত্যশিল্পী শ্রীমতির গল্প। অজাতশত্রু যখন নির্মমভাবে রাষ্ট্রধর্ম হিসেবে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চাচ্ছিলেন, তখন শ্রীমতি খুবই প্রতিশ্রুতিশীল বৌদ্ধধর্মাবলম্বী ছিলেন। অজাতশত্রুর বাবা বিম্বিসারও যে বৌদ্ধধর্ম চর্চা করতেন, তাতে তাঁর কিছু এসে যেত না। কিন্তু শ্রীমতি দরবারের আদেশ উপেক্ষা করে বৌদ্ধধর্মের চর্চা করে যাচ্ছিলেন। শেষমেশ, এই আনুগত্যের জন্য তাঁকে চরম মূল্য দিতে হয়।